উইজডেনের সেরা সাঙ্গাকারা

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ। বছরে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৮৬৮ রান করে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডে রিকি পন্টিংকে পেছনে ফেলা। এরপর ২০১৫ বিশ্বকাপে টানা চার সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখানো। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা যাওয়ার আগে রাঙিয়েই গেলেন ক্রিকেট-বিশ্বকে। স্বীকৃতিটাও অবশ্য নগদে পেয়ে গেলেন সাঙ্গাকারা। এ বছরই সব ধরনের ক্রিকেট ছাড়তে যাওয়া শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক হয়েছেন উইজডেন ক্রিকেট অ্যালম্যানাকের ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’।
বীরেন্দর শেবাগের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো উইজডেনের লিডিং ক্রিকেটার হলেন সাঙ্গাকারা। এবারের আগে সেরা ক্রিকেটার হয়েছিলেন ২০১১ সালেও। উইজডেন এবার প্রথমবারের মতো বর্ষসেরা নারী ক্রিকেটারের নামও ঘোষণা করেছে। লিডিং উইমেন ক্রিকেটার অব দ্য ইয়ারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং। লিডিং ক্রিকেটার হিসেবে সাঙ্গাকারাকে বেছে নিতে খুব একটা কষ্ট করতে হয়নি, অ্যালম্যানাকের সম্পাদক লরেন্স বুথ বললেন এমনটাই, ‘সাঙ্গাকারাকে বেছে নেওয়াটা সহজই ছিল। বিশ্বকাপে তাঁর টানা চার সেঞ্চুরি প্রমাণ করেছে আমরা ঠিক লোকটিকেই বেছে নিয়েছি। আমরা তাঁর অভাব বোধ করব।’
কাল উইজডেন অ্যালম্যানাক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের নামও ঘোষণা করেছে। ইংল্যান্ডের মঈন আলী, গ্যারি ব্যালান্স, অ্যাডাম লিথ, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিউজিল্যান্ডের জিতান প্যাটেল। লিডিং ক্রিকেটারের পুরস্কারটা পুরো বছরে বিশ্বের যেকোনো প্রান্তের পারফরম্যান্স বিবেচনা করে দেওয়া হলেও সেরা পাঁচ ক্রিকেটার বেছে নেওয়া হয় শুধু ইংলিশ ক্রিকেট মৌসুমের পারফরম্যান্স বিবেচনায়। আবার একজন ক্রিকেটার জীবনে মাত্র একবারই বর্ষসেরা পাঁচে থাকতে পারেন। এএফপি, উইজডেন ইন্ডিয়া।