উইন্ডিজ জিতলে বিস্মিত হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

ওয়েস্ট ইন্ডিজের কথা উঠলেই দোর্দণ্ড প্রতাপ সেই ওয়েস্ট ইন্ডিজের কথা মনে পড়ে। চোখে ভেসে ওঠে সেই ছবি—ক্লাইভ লয়েড টস করতে যাচ্ছেন। আমার সেই সময়ের কথা মনে হয়, যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট-বিশ্ব শাসন করত। এমনভাবে ম্যাচ জিতত, যেন জেতাটাই তাদের অধিকার। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিত এবং সেটা করতে গিয়ে কখনো কোনো ভেদাভেদ রাখত না। কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি। কেউ কখনো তাদের পর্যায়ে যেতে পারেনি। এমন সব খেলোয়াড় ছিল তাদের যে অধিনায়কের জন্য কঠিন হয়ে যেত একাদশ বাছাই করা। লয়েড, ভিভ রিচার্ডস, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, কলিন ক্রফট, ডেসমন্ড হেইন্স, গর্ডন গ্রিনিজ, জেফ ডুজন, আলভিন কালিচরণ—নামগুলো চিরকালই আন্তর্জাতিক ক্রিকেটে অন্যদের চেয়ে আলাদা হয়ে থাকবে। সত্তর ও আশির দশকের ওয়েস্ট ইন্ডিজ আসলেই অজেয় দল ছিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান করা কিংবা উইকেট পাওয়াটা ছিল একজন খেলোয়াড়ের সর্বোচ্চ পুরস্কার। ওদের বিপক্ষে একটা ফিফটি করাই সেঞ্চুরির সমান আনন্দের ছিল। শুরুতে ওদের কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারাটা ছিল একজন বোলারের জন্য সবচেয়ে গৌরবের। ওদের এমন ছয়জন ব্যাটসম্যান ছিল যারা একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য লড়ত। বিধ্বংসী পেস জুটির কথা আমি শুনেছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে জুটি নয়, ছিল চারজন ভয়ংকর বোলার!
অন্য দলগুলোর মতোই ওদের হারানোর মতো অবস্থায় ছিলাম না আমরাও। কিন্তু কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে। আমাদের শুরুটা হয়েছিল ১৯৮৩ সালে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। গায়ানায় একটা ওয়ানডে ম্যাচে জয়ই আমাদের মানসিকতা বদলে দিল। ১৯৮৩ বিশ্বকাপের প্রথম ম্যাচে আমরা ওদের হারালাম। হারালাম লর্ডসের ফাইনালেও। সেদিন ওরা আসলে হেরেছিল অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে। ওরা ভাবতে শুরু করেছিল কোনো দিন কোনো দল ওদের হারাতে পারবে না।
সেই ওয়েস্ট ইন্ডিজ ধীরে ধীরে জৌলুশ হারিয়ে এমন পর্যায়ে নেমে এল যে, এখন অনেক সময় প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারে না। এখন ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোরই সামর্থ্য কম। ক্রিস গেইলের মতো একজন যখন জ্বলে ওঠে, মাঝে মাঝে পুরোনো দিনের ওয়েস্ট ইন্ডিজের কথা মনে হয়। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্ট একজন খেলোয়াড়ের ওপর ভর করে জেতা যায় না। আপনার দলে অন্তত পাঁচ-ছয়জন খেলোয়াড় লাগবে পারফর্ম করার মতো। গতির ঝড়ে ব্যাটসম্যানদের উড়িয়ে দেওয়ার মতো ফাস্ট বোলার নেই এই দলে। নেই প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দিয়ে রান তোলার মতো ব্যাটসম্যান।
আমি জানি, এক দিনের ক্রিকেটে যেকোনো দল যেকোনো দলকেই হারাতে পারে। আপনাকে শুধু ওই নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। এই ওয়েস্ট ইন্ডিজ তাদের দিনে যেকোনো বড় প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে। কিন্তু সেটা এক-দুই ম্যাচে। আমি মনে করি না টানা ছয় ম্যাচ জেতার সামর্থ্য তাদের আছে। যদি পারে তাহলে চ্যাম্পিয়নই হবে।
তবে ভারতের সামর্থ্য আছে টানা ছয় ম্যাচ জেতার। ওদের দেখে চ্যাম্পিয়ন দলের মতোই মনে হচ্ছে। তবে পার্থের উইকেট খুব চ্যালেঞ্জিং হতে পারে। তাই ভারতের কোনো সুযোগ নেই ম্যাচটাকে হালকাভাবে নেওয়ার। যদিও গ্রুপে তাদের অবস্থান খুবই ভালো। তাদের এই ছন্দটা ধরে রাখতে হবে। এই ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারাতে পারলে আমি বিস্মিতই হব। (পিচ সলিউশন)।