উইন্ডিজ না পারলেও ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছে বৃষ্টি

টিক-টক, টিক-টক করে গড়িয়ে চলছে সময়। আর জো রুটের কপালে বাড়ছে ভাঁজ। সময় যে গড়িয়ে যাচ্ছে! ওল্ড ট্রাফোর্ড টেস্টে এত দাপুটে শুরু করল ইংল্যান্ড, সেটি বুঝি বৃষ্টিতে ধুয়ে গেল! বৃষ্টির কারণে আজ তৃতীয় দিনে একটি বলও এখন পর্যন্ত মাঠে গড়ায়নি। আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে ম্যানচেস্টারে সকাল থেকে ঝরছে বৃষ্টি।
পূর্বাভাস দিনের বাকি সময়ের জন্য সত্যি হলে ওল্ড ট্রাফোর্ডে বিকেল পর্যন্তই বৃষ্টি হবে। এরপর যতটুকু সময় থাকবে, তাতে মাঠ শুকিয়ে খেলা শুরু করা প্রায় অসম্ভব। আর কোনোভাবে তা সম্ভব হলেও আকাশ এত মেঘলা যে, তাতে আলোকস্বল্পতা দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজ তৃতীয় দিনে তাই কোনো ক্রিকেটের আশা না করাই ভালো।
ইংল্যান্ডের জন্য সেটিই ধাক্কা। রুটের কপালে ভাঁজও হয়তো বাড়ছে সে কারণেই। করোনাভাইরাসের বিরতি কাটিয়ে ক্রিকেট ফেরার উপলক্ষে সাউদাম্পটন টেস্টে ৪ উইকেটে হেরেছে ইংল্যান্ড। তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টে হারের পর ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডকে জিততেই হতো। না হলে যে সিরিজ জয়ের সম্ভাবনা থাকে না! আর সিরিজ জেতা না গেলে সিরিজটার ট্রফি অর্থাৎ উইজডেন ট্রফি থেকে যাবে ওয়েস্ট ইন্ডিজের হাতেই। গত বছর ক্যারিবিয়ানে সিরিজটা হেরে এসেছিল ইংল্যান্ড।
জয়ের লক্ষ্যে ঝাঁপানো ইংল্যান্ড এই টেস্টে এখন পর্যন্ত দারুণ খেলেছে। ডম সিবলি (১২০ রান) ও বেন স্টোকসের (১৭৬) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৯ রান করে ইনিংস ঘোষণা করেছে। কাল দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৪ ওভারে তাদের একটি উইকেট তুলেও নিয়েছে। ইনিংসের দশম ওভারে স্যাম কারেনের বলে ব্যক্তিগত ১২ রানে এলবিডব্লু হয়ে ফেরেন জন ক্যাম্পবেল। উইন্ডিজের রান তখন ১৬। ক্রেইগ ব্রাফেট (৬*) ও আলজারি জোসেফ (১৪*) মিলে দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন।
সম্ভবত আজও অপরাজিত থেকেই ড্রেসিংরুমে বসে বসে দিন কাটিয়ে দিতে পারবেন ব্রাফেট-জোসেফ।