উইন্ডিজ ফিরিয়ে নিল নারাইনকে
বাতাসে ভাসছে ষড়যন্ত্রের গন্ধ। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে চাপে রাখতেই নাকি ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলারের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেটা সত্যি হোক বা গুজব, চাপে থাকা বোলারকে আপাতত মাঠেই নামানো হচ্ছে না। ভারত সিরিজ থেকে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে সুনীল নারাইনকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, “অ্যাকশন মূল্যায়ন করা এবং ক্রিকেটে ফেরার পরিকল্পনা সাজানোর সুযোগ” করে নিতেই দেশে ফেরানো হচ্ছে নারাইনকে।’
চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটে গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় নারাইনের অ্যাকশন। পরের ম্যাচে সেমিফাইনালে আবারও প্রশ্নবিদ্ধ হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাকি ম্যাচে নিষিদ্ধ হন নারাইন। চ্যাম্পিয়নস লিগে হলে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা ছিল না। সম্ভবত ঝুঁকি না নিতেই নারাইনকে দেশে ফিরিয়ে অ্যাকশন নিয়ে কাজ করা হবে।
৮ অক্টোবর থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৫ ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও ৩ টেস্টের সিরিজ। শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ট্রাম্পকার্ড ছিলেন এই নারাইনই। নাম প্রকাশে অনিচ্ছুক ডব্লুআইসিবির এক কর্তা তো হিন্দুস্তান টাইমসকেবলেই দিয়েছেন, এটা ভারতীয় ষড়যন্ত্র। সরাসরি ওভাবে না বললেও প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড প্রশ্ন তুলেছেন ঠিক এই সময়ে নারাইনকে নিয়ে ঘাঁটাঘাঁটি করায়, ‘খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের সেরা বোলারের সফর হুট করেই শেষ হয়ে গেল। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের ঠিক আগে এমন একটা ঘটনা অবশ্যই দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে।’
নিজের জায়গায় থেকে ষড়যন্ত্রের কথা অবশ্যই সরাসরি বলতে পারেন না লয়েড। তবে দলের সঙ্গে ভারত সফরে থাকা এই নির্বাচক নিজের ক্ষোভটা লুকাননি, ‘এই অ্যাকশনেই বছরের পর বছর ধরে বোলিং করে আসছে নারাইন। কোনো প্রশ্ন ওঠেনি। হুট করেই সেটা বদলে গেল। আমি জানি না কী এমন বদলে গেল! এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজের আগে, বিশ্বকাপের আগে আগে একজন বোলারকে এভাবে নিষিদ্ধ করে দেওয়া যায় না। ওই ক্রিকেটারের সামর্থ্য নষ্ট হয়ে যায় এতে, ক্যারিয়ারও ধ্বংস হয়ে যেতে পারে।’
এভাবে হুটহাট নিষিদ্ধ করে দেওয়ার প্রক্রিয়াটারও ঘোর বিরোধী আইসিসি ক্রিকেট কমিটির সাবেক চেয়ারম্যান, ‘নারাইনের অ্যাকশন খেয়াল করে দেখুন, সে আগের মতো করেই বল করছে। আমি জানতে চাই, হঠাৎ কী এমন হয়ে গেল যে নিষিদ্ধ করে দিতে হবে! তার চেয়ে এটা কেন বলা হয় না যে, “শোনো, তোমার অ্যাকশনে সমস্যা আছে, শুধরে ফেলো।” হঠাৎ করেই বিশ্বের সেরা বোলারদের একজনকে নিষিদ্ধ করা হলো, আজমলও যেভাবে নিষিদ্ধ হয়েছে। এত এত উইকেট যে সে পেয়েছে, তাহলে? আমার কথা হলো, ব্যাপারটা নিষিদ্ধ হওয়ার পর্যায়ে আসার আগেই কিছু একটা করা উচিত।’
ষড়যন্ত্রের ব্যাপারটি এড়িয়ে যেতে চাইলেও একপর্যায়ে ঠিকই অমন কিছুর ইঙ্গিত দিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক বলে বিবেচিত লয়েড, ‘এভাবে সেরা বোলারকে হারিয়ে ফেললে একটা দল ধ্বংস হয়ে যেতে পারে। আমি জানতে চাই এটি সাজানো কি না, কারণ মূল বোলারকে হারালে দল, নির্বাচক সবাই চাপে পড়ে যায়।’ এএফপি, ক্রিকইনফো।