
কালকের রাতটি কেমন কেটেছে ক্রেগ ব্রাফেটের? সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থেকে মাঠ ছেড়েছেন। আজ ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরিপ্রাপ্তির সঙ্গে দলের সব আশা-ভরসাও বইবেন নিজের কাঁধে। ৬ উইকেটে ২৪৪ রান করে পাকিস্তানের চেয়ে মাত্র ৩৭ রান পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে প্রথমবারের মতো কিছুটা হলেও এগিয়ে আছে সফরকারীরা।
ক্যারিবীয় ইনিংসের শুরুটা কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছিল। ৬৮ রানেই ৪ উইকেট হারিয়ে পুরোনো চিত্রনাট্য মেনেই এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৬ রানেই হারিয়ে ফেলেন ওপেনিং সঙ্গী লিওন জনসনকে। তবে বড় ধাক্কাটি আসে ড্যারেন ব্রাভো আউট হওয়ায়। ইনিংসের ১২তম ওভারে জুলফিকার বাবরকে মিড উইকেট দিয়ে মারতে যান ব্রাভো, টাইমিংয়ে গরমিল হওয়ায় সে বল যায় কভারে। উল্টো দিকে দৌড়ে শূন্যে ঝাঁপিয়ে বল তালুবন্দী করেন মোহাম্মদ আমির। তখন মনে হচ্ছিল পাকিস্তানকে ২৮১ রানে অলআউট করেও লাভ হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। এ টেস্টেও হতাশার গল্প লিখবেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।
কিন্তু পঞ্চম ও ষষ্ঠ উইকেট জুটিতে রোস্টন চেজ ও শেন ডাউরিচের সঙ্গে দুটি ৮৩ রানের জুটিতেই মোড় ঘুরিয়ে দিলেন ব্রাফেট। ধীরস্থির ব্যাটিংয়ে হতাশা উপহার দেন পাকিস্তানি বোলারদের। ২৩৪ রানে ডাউরিচ আউট হলে অধিনায়ক জেসন হোল্ডারকে নিয়ে বাকি দিনটা নিরাপদেই কাটিয়ে দিয়েছেন এই ওপেনার। সূত্র: টেন থ্রি।