উইন্ডিজের কোচ হচ্ছেন সিমন্স?

ওয়েস্ট ইন্ডিজের কোচ হচ্ছেন ফিল সিমন্স! আয়ারল্যান্ড ছেড়ে হয়তো বিশ্বকাপের পরই দায়িত্ব নেবেন ক্যারিবিয়ানদের। গুঞ্জনটা ভালোই ডালপালা মেলেছে। এতটাই যে, এ নিয়ে মুখ খুলতে হয়েছে ক্রিকেট আয়ারল্যান্ডকেও। আইরিশ ক্রিকেটের অভিভাবক সংস্থা অবশ্য হ্যাঁ-না কিছুই বলেনি। শুধু বলেছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ওটিস গিবসন বরখাস্ত হওয়ার পর গত আগস্ট থেকেই ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ শূন্য। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ খেলতে এসেছে ভারপ্রাপ্ত কোচ নিয়ে।
বিশ্বকাপ শেষ হওয়ার আগে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি নয় সিমন্স বা বোর্ড। আগামী মাসে ৫২-তে পা দিতে যাওয়া সিমন্স আট বছর ধরেই আয়ারল্যান্ডের কোচ। ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে সিমন্সের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আসছে ডিসেম্বরে। তবে ধারণা করা হচ্ছে, আগামী মাসে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই দেশে ফিরে জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন সিমন্স। ১৯৮৭ থেকে ১৯৯৯ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। এএফপি।