উইন্ডিজের জয়, না বিদায়?
প্রতিপক্ষ আরব আমিরাত নয়। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের আসল প্রতিপক্ষ প্রকৃতি! আধা পেশাদার আরব আমিরাতের চেয়ে ক্যারিবিয়ানদের ভয়টা বেশি তাই প্রকৃতিকেই। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য যে ম্যাচে কোনো জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের, সে ম্যাচটিকে চোখ রাঙাচ্ছিল বৃষ্টি। প্যাম নামের সাইক্লোনের প্রভাবে নেপিয়ারে বর্ষণের পূর্বাভাস ছিল। সেটি হয়েছে কি না তা হয়তো এই পত্রিকা হাতে পাওয়ার আগেই জানা হয়ে গেছে পাঠকের।
যে ম্যাচে প্রতিপক্ষ প্রকৃতি, সেখানে ম্যাচ হওয়াটাই গুরুত্বপূর্ণ। আর সেটি বোঝাতে গিয়ে আগের দিন কণ্ঠে অসহায়ত্বই ফুটিয়ে তুললেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, ‘এই ম্যাচে জয় ছাড়া কোনো গতি নেই আমাদের। এর মধ্যে যদি আবহাওয়া ঢুকে পড়ে, তাহলে তাতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যেটি নিয়ন্ত্রণযোগ্য, আমরা সেটিই নিয়ন্ত্রণ করতে পারি, সেটি খেলা।’
পরে আরও খোলাসা করলেন হোল্ডার, ‘আবহাওয়ার সঙ্গে আমি খেলতে পারি না। যদি বৃষ্টি হয়, হবে। না হলে আমার সেটাই করব, যা করা দরকার আমাদের।’
ম্যাচ হলে এটি ওয়ানডেতে দুই দলের প্রথম সাক্ষাৎ। শেষ আটে ওঠার জন্য ওয়েস্ট ইন্ডিজকে জিততে তো হবেই, তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ড-পাকিস্তান ম্যাচের দিকেও। ওই ম্যাচের বিজয়ীরা চলে যাবে শেষ আটে। আর বিজিত দলের রানরেটের সঙ্গে তুলনা হবে ‘বিজয়ী’ ওয়েস্ট ইন্ডিজের রানরেটের। এগিয়ে থাকা দলই গ্রুপের শেষ দল হিসেবে জায়গা করে নেবে শেষ আটে। এএফপি, ক্রিকইনফো।