উইন্ডিজের বয়কটে ভারতের ক্ষতি ৪০০ কোটি রুপি!

আর্থিক দাবিদাওয়া নিয়ে ক্রিকেট বোর্ড ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের অন্তর্দ্বন্দ্বে আকস্মিক শেষ হয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এতে স্বাভাবিকভাবেই বিরাট আর্থিক ক্ষতির শিকার হয়েছে স্বাগতিক দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দাবি অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপির মতো।
ক্যারিবীয় দল সিরিজ বর্জন করায় বাতিল হয়েছে একটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও তিন টেস্ট। অর্থাৎ সূচি অনুযায়ী, খেলা ছিল মোট ১৭ দিন। এই ১৭ দিন টিভি সম্প্রচার, স্পনসর, বিজ্ঞাপন ও টিকিট থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করত ভারতীয় বোর্ড। অবশ্য ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পাঁচটি ওয়ানডের নতুন সিরিজ খেলাতে শ্রীলঙ্কাকে রাজি করিয়েছে ভারত। তাতে হয়তো পাঁচ দিনের ক্ষতি পোষাবে, কিন্তু বাকি ১২ দিনের ক্ষতি থেকেই যাবে।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজে ম্যাচ চলার সময় প্রতিদিন প্রায় ৩৩ কোটি রুপি আয় হয়েছিল বিসিসিআইয়ের। এই সিরিজেও একই পরিমাণ আয় হবে বলে ধারণা করেছিল বিসিসিআই। সে হিসাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বর্জন করায় ভারতের ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৩৯৬ কোটি রুপি।
বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল বলছেন, ‘আমরা ক্ষতিপূরণ দাবি করব। এ ছাড়া ডব্লিউআইসিবির বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, এ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার হায়দরাবাদে বিসিসিআইয়ের জরুরি সভা ডাকা হয়েছে। ভবিষ্যতে করণীয় নিয়ে কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।’ সূত্র: ক্রিকইনফো