জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ তোলার পর থেকেই যেন ব্যাটিং ভুলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে যে দল তিন শর বেশি রান করেছে, তারাই পরের দুই ম্যাচে ২০০ রানও করতে পারল না! ব্যাটিং-ব্যর্থতার জন্য দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হতে হয়েছে। পরশু ভারতের সঙ্গে এড়াতে পারেনি পরাজয়। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তাই কাঠগড়ায়।
অধিনায়ক জেসন হোল্ডার মেনে নিয়েছেন, ভারতের বিপক্ষে ব্যাটিং-ব্যর্থতারই মাশুল দিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, ‘অস্বীকার করার কোনো কারণ নেই যে আমরা এই ম্যাচে ভালো করতে পারিনি। ভালো করতে পারিনি আগের ম্যাচেও। আমাদের বেশ কিছু বিষয় নিয়ে ভাবতে হবে। নিজেদের ব্যাপারে সৎ থাকতে হবে। যথেষ্ট রান না হওয়ার দায় কিন্তু ব্যাটসম্যানদের।’
১৮২ রানের পুঁজি নিয়েও ভারতকে যথেষ্টই ভুগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারের আফসোস, ‘আমার মনে হয় উইকেটটা ব্যাট করার জন্য খুবই ভালো ছিল। আমরা ব্যাটিং করতে গিয়ে সব ভজকট পাকিয়ে ফেলেছি। আমাদের অন্তত ২৭০ রানের লক্ষ্য নিয়ে নামা উচিত ছিল। আমরা এর আশপাশেও যেতে পারিনি। ভালো ব্যাটিং উইকেটে শক্তিশালী ব্যাটিংয়ের একটা দলের সঙ্গে ১৮২ রান করে জেতা কঠিন। ব্যাট হাতে যদি আমরা ভালো কিছু করতে পারতাম, ফলটা অন্য রকমও হতে পারত।’
হোল্ডার অধিনায়ক হিসেবে অনেক কিছুই রেখেঢেকে বলতে পারেন। মাইকেল হোল্ডিংয়ের তো সেই দায় নেই। ব্যাটসম্যানদের রীতিমতো ধুয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের এই পেসার, ‘ব্যাটসম্যানরা চূড়ান্ত রকম দায়িত্বজ্ঞানহীন ও বিশৃঙ্খল ছিল। মাথাটা তারা মোটেই কাজে লাগায়নি, তারা শুধু ক্রিকেট খেলেছে, কিন্তু কীভাবে খেলতে হবে সেটা একদমই ভাবেনি।’ জিম্বাবুয়ের সঙ্গে ডাবল সেঞ্চুরির পর ক্রিস গেইল আবারও ব্যর্থ ভারতের সঙ্গে। তিনটি সুযোগ দিয়েও কাজে লাগাতে পারেননি। সিনিয়র হিসেবে গেইলকেই বেশি দায় দিচ্ছেন হোল্ডিং, ‘অনেক ওভার বাকি ছিল। গেইল ৩৫ ওভার পর্যন্ত থাকলেই তো বড় স্কোরের সম্ভাবনা থাকে।’
শুধু ব্যাটিং নয়, হোল্ডিং প্রশ্ন তুলেছেন অধিনায়কত্ব নিয়েও। শেষ দিকে ডোয়াইন স্মিথ ও মারলন স্যামুয়েলসের মতো অনিয়মিতদের দিয়ে বল করিয়েছেন হোল্ডার। অথচ তাঁর নিজের তো বটেই, জেরোম টেলর ও কেমার রোচদের মতো নিয়মিত বোলারদের ওভার বাকি ছিল। হোল্ডিংয়ের বিশ্লেষণ, ‘আমার তো মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ হারার আগেই হেরে গেছে। ৩০তম ওভারে ৬ উইকেট পড়ার পরও টেলর কেন বল করল না?’ এএফপি।