উইন্ডিজের রোমাঞ্চকর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বলে দরকার ২৪ রান। হাতে ২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের সমীকরণটা আরও কঠিন হয়ে গেল ৪৮তম ওভারের প্রথম বলেই কার্লোস ব্রাফেট রানআউট হয়ে যাওয়ায়। অসম্ভব এক রান নিয়ে আন্দ্রে রাসেলকে স্ট্রাইক দিতে গিয়েই রানআউট ব্রাফেট। ৩৩ বলে ৪০ রান করে অপরাজিত রাসেল স্ট্রাইক পেলেন তৃতীয় বলে। এবং এসেই লংঅন দিয়ে বিশাল ছয়। অ্যারন ফাঙ্গিসোর করা পরের বলটাও লংঅন দিয়ে উড়ে গেল সীমানা ছাড়িয়ে। ওভার শেষে সমীকরণটা নেমে এল ১২ বলে ৭ রানে। কাইল অ্যাবটের প্রথম বলে চার মারার পর তৃতীয় বলে ছক্কা মেরেই দলকে দুর্দান্ত এক জয় এনে দিলেন রাসেল।
চতুর্থ ওয়ানডেটা ১ উইকেটে জিতেই সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। রাসেল অপরাজিত থাকেন ৪০ বলে ৬৪ রান করে। এ ছাড়া ফিফটি পেয়েছেন মারলন স্যামুয়েলস (৬৮) ও ড্যারেন স্যামি (৫১)।
এর আগে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ২৬২ রান করে ডেভিড মিলারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সৌজন্যে। ৬ ওভারে ৩২ রান তুলতেই নেই ৩ উইকেট। ডেভিড মিলার উইকেটে এলেন তখনই। কাল পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ড্রেসিংরুমে ফিরলেন অপরাজিত থেকেই নামের পাশে ১৩০ রান লিখে। মিলারের ১৩৩ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়। প্রোটিয়া ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান জেপি ডুমিনির। ক্রিকইনফো, টেন ক্রিকেট।