উইন্ডিজের লড়াইটা বিশ্বকাপের জন্যও

ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট! ভারতে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ রয়েছে শ্রীলঙ্কায়। চলছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ। আজ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ওয়ানডে লড়াই। চারদিকে এত এত ক্রিকেট চলছে, এর মাঝেও হয়তো এই সিরিজে চোখ রাখবেন ক্রিকেটপ্রেমীদের অনেকেই। কার্লোস ব্রাফেট আর বেন স্টোকসের দ্বৈরথটা দেখতে হবে না! গত বছরের এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর এই যে প্রথম দেখা হচ্ছে দুজনের।
এর বাইরে যে হিসেব তা ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সিরিজটি দল দুটির জন্য অবশ্য দুই কারণে অন্যরকম। ইংল্যান্ডের কাছে এটি আগামী জুনের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নেওয়ার সুযোগ। আর ওয়েস্ট ইন্ডিজ এটিকে দেখছে আগামী বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ের প্রথম ধাপ হিসেবে।
এ বছরের সেপ্টেম্বর মাসের শেষে প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দল ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে ৮৬ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। অষ্টম স্থানে থাকা পাকিস্তানের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে তারা। সপ্তম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ৯১। এই পয়েন্ট ব্যবধান কমিয়ে র্যাঙ্কিংয়ের আটটি দলের মধ্যে আসার জন্য ইংল্যান্ড সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের প্রথম সুযোগ। সেপ্টেম্বরের আগে অবশ্য তারা আরও দুটি সিরিজ খেলবে—এপ্রিলে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে তারা। আর সেপ্টেম্বরে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাবে ইংল্যান্ডে।
র্যাঙ্কিংয়ের দুশ্চিন্তা একদমই নেই ইংল্যান্ডের। র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা দলটি চ্যাম্পিয়নস ট্রফি আর বিশ্বকাপের স্বাগতিক। স্বাগতিক হিসেবে দুটি টুর্নামেন্টই খেলবে তারা। ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নস ট্রফি খেলার স্বপ্ন অনেক আগেই শেষ হয়ে গেছে। এবার বিশ্বকাপে সরাসরি খেলার আশা করছেন দেশটির নতুন কোচ স্টুয়ার্ট ল, ‘মূল লক্ষ্য হচ্ছে পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এই ওয়ানডে ম্যাচগুলো তাই খুব গুরুত্বপূর্ণ।’ তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য কাজটা খুব একটা সহজ হবে না। ২০০৭ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে যে আর কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি তারা।