উইলিয়ামসন আর নিউজিল্যান্ডের ১১ রানের অপেক্ষা

আবারও ঝলসে উঠেছে উইলিয়ামসনের ব্যাট।ছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সেশনে ২ উইকেট, তৃতীয় সেশনে একটি—ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের অর্জন এটিই। সেই সঙ্গে এই টেস্টে আজ দর্শকদের অর্জন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত এতটি শতকের সাক্ষী হওয়া। তাঁর সেঞ্চুরিতে টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৬ রান তুলেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংস সংগ্রহের (২৯৭) চেয়ে এখনো ১১ রানে পিছিয়ে তারা।

উইলিয়ামসনের সঙ্গে হেনরি নিকোলস। এ দুজন চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ২১৫ রান যোগ করে। উইলিয়ামসন ১১২ আর নিকোলস অপরাজিত আছেন ৮৯ রানে। নিকোলস নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়েছিলেন নিকোলস। কিন্তু তিনি বেঁচে যান শাহিন আফ্রিদি নো বল করায়। এই ঘটনা না ঘটলে আব ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনের গল্পটা অন্যভাবে লেখা হলেও হতে পারত।

উইলিয়ামসন টেস্টে তাঁর ২৩তম সেঞ্চুরিটি পেলেন। ১৭৫ বলে ১১২ রান করেছেন তিনি। বাউন্ডারি ১৬টি। দিনের শেষ ভাগে অবশ্য রান আউটের হাত থেকে বেঁচেছেন। নিকোলস ১৮৬ বলে ৮৯ করেছেন, ৮ বাউন্ডারি মেরে। দিনের শেষ সেশনে এ দুজন ৩৪ ওভার ব্যাটিং করে ১৪১ রান তোলেন ওভারপ্রতি ৪ রানের গড়ে।

উইলিয়ামসন টেস্টে তাঁর ২৩তম সেঞ্চুরিটি পেলেন।
ছবি : এএফপি

নিউজিল্যান্ডের পতন হওয়া তিনটি উইকেট ভাগাভাগি করেছেন পাকিস্তান দলের তিনজন। শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস আর ফাহিম আশরাফ।

দিনের শেষে ১১ রান পিছিয়ে থাকা নিউজিল্যান্ড অবশ্য কাল তৃতীয় দিনে দারুণ এক মাইলফলকেই পাখির চোখ করবে। আর ১১ রান করলেই টেস্ট ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন উইলিয়ামসন। নিজের ১৪৪তম ইনিংসে তিনি যদি এই মাইলফলক ধরতে পারেন তাহলে তিনি তা করবেন ব্রায়ান লারা, রিকি পন্টিং ও এবি ডি ভিলিয়ার্সের মতো তিন গ্রেট ক্রিকেটারের চেয়েও দ্রুততম সময়ে।

গতকাল টেস্টের শুরুর দিন নিউজিল্যান্ড ফাস্ট বোলার কাইল জেমিসন ৫ উইকেট তুলে নেওয়ার পরেও পাকিস্তান ২৯৭ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। ৯৩ রান করে আউট হন আজহার আলী। মোহাম্মদ রিজওয়ান ৬১ রান করেন। গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফাহিম আশরাফও।