
আগামী ফেব্রুয়ারিতেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ব্রেন্ডন ম্যাককালাম। পরশু কিউই অধিনায়কের এ ঘোষণার পর থেকেই আলোচনা চলছে, কে হবেন ম্যাককালামের উত্তরসূরি? ম্যাককালামের আগে কিউই দলকে নেতৃত্ব দিয়েছেন রস টেলর। অভিজ্ঞতার আলোকে নেতৃত্বের ব্যাটনটা তাঁর কাছেই যাওয়া উচিত। কিন্তু টেলর নন, অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসনকেই পছন্দ ড্যানিয়েল ভেট্টোরির। সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন উইলিয়ামসনের পক্ষে সাবেক কিউই অধিনায়কের সাফাই, ‘দলের ভেতরের খুঁটিনাটি জানা থাকায় ম্যাককালামেরও হয়তো উপলব্ধি হচ্ছে কেন তার ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত। কেন যদি মনে করে ভূমিকা নেওয়ার এটাই তার সেরা সময় এবং সে এর জন্য মানসিকভাবে প্রস্তুত তাহলে অধিনায়ক হিসেবে সে দারুণ করবে।’ কেন উইলিয়ামসন এ বছর টেস্টে করেছেন ১১৭২ রান, যা কোনো কিউই ক্রিকেটারের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ। অসাধারণ এই ব্যাটিং টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাটিং শীর্ষে তুলে দিয়েছে তাঁকে। ফর্মে থাকা উইলিয়ামসনের মধ্যে নেতৃত্বগুণও দেখছেন ভেট্টোরি, ‘আমার বিশ্বাস, ব্রেন্ডনের কাছ থেকে অনেক কিছুই শিখে থাকবে সে। ভূমিকাটা নেওয়ার এটাই তার সঠিক সময় বলে মনে হচ্ছে।’ অধিনায়ক হিসেবে ম্যাককালামের চেয়ে উইলিয়ামসন আলাদা কিছুও দেখাবে বলে বিশ্বাস ভেট্টোরির। আইএএনএস।