জিততে হলে টেস্টের শেষ দিনে করতে হবে ৩৬৮। প্রায় অসম্ভবেরই নামান্তর। সামি আসলাম ও আজহার আলীর জুটি সেই প্রায় অসম্ভবকে সম্ভব করার স্বপ্নই দেখাচ্ছিল পাকিস্তানকে। দুজনের উদ্বোধনী জুটিতে ১৩১ রান। জয়ের ভাবনাটা মাথায় ছিল বলেই হয়তো তিনে নামা বাবর আজম ফেরার পর পাকিস্তান ব্যাটিং অর্ডারে চারে তুলে দেয় সরফরাজ আহমেদকে।
জয়ের কথা ভাবতে গিয়েই হয়তো সর্বনাশ হলো পাকিস্তানের। হুড়মুড় করে ভেঙে পড়ল ব্যাটিং। বিনা উইকেটে ১৩১ থেকে ২৩০ রানে অলআউট! শেষ সেশনেই ৯ উইকেট হারিয়েছে পাকিস্তান, মাত্র ২৬ রানে পড়েছে শেষ ৬ উইকেট! হ্যামিল্টনে ১৩৮ রানে জিতে নিউজিল্যান্ড সিরিজও জিতে নিয়েছে ২-০ ব্যবধানে, যাতে ফুরোল কিউইদের ৩২ বছরের অপেক্ষাও। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল সেই ১৯৮৫ সালে। মাঝে দুই দলের ১২টি সিরিজে ৭টিই জিতেছে পাকিস্তান, ড্র হয়েছে বাকি ৫টি।
১ উইকেটে ১৫৮ রান নিয়ে পাকিস্তান যখন টেস্টের শেষ সেশনটা শুরু করে, হাতে প্রায় ৩৪ ওভার, করতে হবে ২১১ রান। জয়ের কথা ভাবাটা হয়তো পাকিস্তানের বাড়াবাড়িই হয়েছে, কিন্তু ড্র-ই ছিল সবচেয়ে সম্ভাব্য ফল। বিরতির পর প্রথম ওভারেই স্যান্টনার বাবর আজমকে ফিরিয়ে দেওয়ার পরই ভোজবাজির মতো বদলে গেল চিত্রটা। সরফরাজ ফিরলেন ১৯ রানে। এ রকম পরিস্থিতিতে বহুবার দলকে টেনে নিয়ে গেছেন ইউনিস খান। কাল তিনিও ব্যর্থ। ব্যর্থ আসাদ শফিকও, ফিরেছেন শূন্য রানে। সর্বশেষ ১৩ ইনিংসে তাঁর পঞ্চম শূন্য! এরপর তো তাসের ঘর!
এভাবে জিতে যাওয়ায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও রীতিমতো বিস্মিত। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন, ‘চা বিরতির সময় যে অনুভূতি হচ্ছিল আর এখন যেমন লাগছে, দুইয়ের মধ্যে আকাশ-পাতাল তফাত। কোনো সন্দেহ নেই, এটা আমার ক্যারিয়ারের সেরা টেস্ট জয়ের একটি।’ পাকিস্তানের উদ্বোধনী জুটি ব্যাট করার সময় যে বেশ চাপে ছিলেন, স্বীকার করলেন সেটিও, ‘ওরা খুবই কঠিন প্রতিপক্ষ। এমনি এমনি তো আর তারা টেস্টের দুই নম্বর দল হয়নি।’
জয়ের ভাবনাটা যে মাথায় ছিল, সেটি নিশ্চিত হওয়া গেছে পাকিস্তানের অধিনায়ক আজহার আলীর কথায়, ‘আমরা জানতাম লক্ষ্যটা বিশাল। কিন্তু আমাদের লক্ষ্য ছিল একটা ভালো জুটি গড়া। তারপর কী হয়, দেখতে চেয়েছিলাম।’
সেই দেখার শেষটা যে এমন হবে, আজহার কি আর তা ভেবেছিলেন! এএফপি, রয়টার্স।