উইলিয়ামসনকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রুট
যে ফর্মে আছেন, র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা শুধু সময়ের অপেক্ষাই ছিল যেন জো রুটের জন্য। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সে অপেক্ষা ফুরাল ইংল্যান্ড অধিনায়কের।
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠে এসেছেন রুট। রুটের রেটিং পয়েন্ট এখন ৯১৬, উইলিয়ামসনের ৯০১।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের তিন টেস্টেই সেঞ্চুরি করেছেন রুট। ট্রেন্ট ব্রিজ, লর্ডসের পর হেডিংলির তিন সেঞ্চুরি মিলিয়ে সিরিজে এখন পর্যন্ত ১২৬.৭৫ গড়ে ৫০৭ রান তাঁর।
বছরজুড়েই অবশ্য রুটের ব্যাটের রানের ফল্গুধারা। এখন পর্যন্ত ২০২১ সালে ১১ ম্যাচে ৬৯.৯০ গড়ে ১৩৯৮ রান করেছেন রুট, করেছেন ৬টি সেঞ্চুরি। ডেনিস কম্পটন ও মাইকেল ভনের পর ইংল্যান্ডের তৃতীয় অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৬টি সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি।
রুট ভারতের বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থেকে। প্রথম টেস্টের পর এক ধাপ এগিয়ে চারে উঠেছিলেন, দ্বিতীয় টেস্ট শেষে রুটের অবস্থান ছিল ২ নম্বরে। হেডিংলির সেঞ্চুরির পর এবার শীর্ষে এলেন তিনি। সর্বশেষ ২০১৫ সালে র্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠেছিলেন রুট।
রুটের সঙ্গে উন্নতি হয়েছে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও প্রায় তিন বছর পর টেস্টে ফেরা ডেভিড ম্যালানের। ৫ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন বেয়ারস্টো, ম্যালানের এখনকার অবস্থান ৮৮ নম্বরে।
অন্যদিকে ভারতের রোহিত শর্মা উঠে এসেছেন ৫ নম্বরে। এক ধাপ এগোনোর পথে নিজ দলের অধিনায়ক বিরাট কোহলিকেই টপকে গেছেন তিনি। হেডিংলিতে ৯১ রানের ইনিংস খেলা চেতেশ্বর পূজারা ৩ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।
হেডিংলিতে জয়ের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ড বোলারদেরও। এক ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন। অন্যদিকে সে ম্যাচের সেরা খেলোয়াড় আরেক পেসার ওলি রবিনসন এগিয়েছেন ৯ ধাপ, এখন ৩৬ নম্বরে অবস্থান তাঁর।
আগের মতোই বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, অলরাউন্ডারদের ১ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
ওভালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের চতুর্থ টেস্ট শুরু হবে আগামীকাল।