উইলিয়ামসনকে সর্বকালের সেরা মানতেন যাঁকে সবাই সেরা বলে!

>নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানের নাম নিতে গেলে বেশির ভাগই এক কথায় মার্টিন ক্রোয়ের নাম নেন। কিন্তু সাবেক কিউই ক্রিকেটার ইয়ান স্মিথ বলছেন, ক্রো নন, উইলিয়ামসনই নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটসম্যান। বেঁচে থাকলে ক্রো নিজেই উইলিয়ামসনকে সেরার স্বীকৃতি দিতেন, এমনটাও বলছেন তিনি।
গত শতাব্দীর পঞ্চাশের দশকে বার্ট সাটক্লিফ, ষাট ও সত্তরের দশকে গ্লেন টার্নার, এরপর আশির দশকে মার্টিন ক্রো—নিউজিল্যান্ড তার ইতিহাসে দুর্দান্ত ব্যাটসম্যান কম দেখেনি। এত সব ব্যাটসম্যানের মধ্যেও ক্রো আলাদা জায়গা দখল করে আছেন। বেশির ভাগ ক্রিকেটবোদ্ধাই ক্রোকে নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটসম্যান বলে মেনে থাকেন। কিন্তু ইয়ান স্মিথ বলছেন ভিন্ন কথা। ক্রো নন, কেন উইলিয়ামসনকেই নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা বলছেন তিনি। সঙ্গে এটাও বলছেন, বেঁচে থাকলে ক্রো নিজেই নাকি উইলিয়ামসনকে এ স্বীকৃতি দিতেন।
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বলতে গেলে অনেকটা একা হাতেই দলের ব্যাটিংয়ের ভার সামলাচ্ছেন। ফাইনালের আগ পর্যন্ত ৯ ম্যাচে ৫৪৮ রান। গড় তো এক কথায় চোখ ধাঁধানো, ৯১.৩৩। ব্যাটসম্যান উইলিয়ামসনের পাশাপাশি অধিনায়ক উইলিয়ামসনের প্রশংসাও হচ্ছে বিস্তর। বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব দিয়ে নিউজিল্যান্ডকে পার করেছেন বেশ কয়েকটি ম্যাচে। দুর্দান্ত এই উইলিয়ামসনকে কাছ থেকেই দেখছেন এবারের ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ইয়ান স্মিথ। সব দেখেই তাঁর মতামত, ক্রো নন, উইলিয়ামসনই নিউজিল্যান্ডের সর্বকালের সেরা।
ধারাভাষ্যকার ছাড়াও স্মিথের অন্য পরিচয় আছে। কিউইদের হয়ে ৬৩ টেস্ট ও ৯৮ ওয়ানডে খেলা স্মিথ নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে স্বীকৃত। নিজের ক্রিকেট প্রজ্ঞা থেকেই তাই উইলিয়ামসনকে ক্রোয়ের চেয়েও সেরা মেনে নিয়েছেন স্মিথ। এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ‘কেনকে (উইলিয়ামসন) পুরো বিশ্বেই খুব উঁচু মাপের ব্যাটসম্যান হিসেবে দেখা হয়। এতে কোনো বিস্ময় নেই যে ওকে খুব ভালোভাবেই মূল্যায়ন করা হয় নিউজিল্যান্ডেও। সম্ভবত ওই আমাদের ইতিহাসের সেরা ব্যাটসম্যান। ব্যাটিংয়ের সঙ্গে যদি অধিনায়কত্বটাও যোগ করেন, আমার মনে হয় ওর শ্রেষ্ঠত্বের ব্যাপারে আর কোনো দ্বিধা থাকার কথা না।’
উইলিয়ামসনকে নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা বললে অবধারিতভাবেই মার্টিন ক্রো এর প্রসঙ্গ আসবে, সেটি অজানা নয় স্মিথের। রিভার্স সুইংয়ের জন্য বিখ্যাত ওয়াসিম আকরাম নিজে একবার বলেছিলেন, তাঁর রিভার্স সুইং ক্রো এর চেয়ে ভালোভাবে আর কেউ খেলেননি। ক্রো কোন মাপের ব্যাটসম্যান ছিলেন, সেটি বোঝাতে এই একটি উক্তিই যথেষ্ট। দীর্ঘদিন ক্যানসারে ভুগে ২০১৬ সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ক্রো।
স্মিথ বলছেন, বেঁচে থাকলেও উইলিয়ামসনকে ক্রো তাঁর ওপরে স্থান দিতে আপত্তি করতেন না, ‘আমি মার্টিন ক্রোর খুব ভালো বন্ধু ছিলাম। ও আমাদের সঙ্গে আর নেই। আমার মনে হয়, ক্রো নিজেও এটা স্বীকার করে নিত যে কেন একজন বিশেষ ব্যাটসম্যান।’
শুধু ব্যাটসম্যান উইলিয়ামসন নন, স্মিথের কণ্ঠে মানুষ উইলিয়ামসনের জন্যও বরাদ্দ থাকল আলাদা স্তুতি, ‘নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা বিতর্ককে জড়াতে খুব একটা পছন্দ করে না। তারা কোনো পরিস্থিতি থেকে পিছু হটবে না, কিন্তু নিজে থেকে কোনো ঝামেলা ডেকেও আনবে না। আমরা কেবল খেলাতেই মনোযোগ দিতে পছন্দ করি। ভালো মানুষ হিসেবে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সুখ্যাতি আছে, এবং আপনি কেন উইলিয়ামসনের চেয়ে ভালো মানুষ আর পেতে পারেন না।’
সামনে থেকে নেতৃত্ব দেওয়ার, বিপদের মধ্যে দলকে টেনে তোলার পাশাপাশি মাঠে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অধিনায়কত্ব উইলিয়ামসনকে আরও এগিয়ে রাখছে। সেমিফাইনালে ২৩৯ রান করেও ফেবারিট ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। স্মিথ বলছেন, ‘আমি জানতাম ওরা এ রান ডিফেন্ড করতে পারবে। কারণ কেন ওদের মধ্য থেকে লড়াকু মনোভাবটা বের করে আনতে জানে। প্রথম ৫-১০ ওভারের বোলিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি ওই সময়টা পার করে দিতে পারলে ভারত ম্যাচ বের করে নিত।’