উইলিয়ামসনের আশা পাকিস্তান খেলবে ‘খোলা মনে’
পাকিস্তানের কি আজ আরও একটি ‘প্রতিশোধে’র ম্যাচ? খেলাধুলায় ‘প্রতিশোধ’ শব্দটি খুব রুচিকর নয়। কিন্তু আজ রাতে শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি যে ‘দেখিয়ে দেওয়া’র, সেটি না বললেও চলছে। ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দেওয়ার পর কিউইদেরও উড়িয়ে একধরনের বাড়তি স্বস্তিই পেতে চায় পাকিস্তান। গত মাসে পাকিস্তানে গিয়েও নিউজিল্যান্ড ক্রিকেট দল অজানা এক নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল করে দেশে ফিরে যায়। ব্যাপারটি যে কাঁটা হয়ে বিঁধে আছে পাকিস্তানিদের মনে।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল নিয়ে জল ঘোলা কম হয়নি। কিউইরা হঠাৎ করেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেয় নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর চালিয়ে যাওয়া সম্ভব নয় তাদের। নিরাপত্তা শঙ্কাটা যে কী, সেটি কখনোই পাকিস্তান ক্রিকেট বোর্ড বা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর কাছে প্রকাশ করেনি নিউজিল্যান্ড। ব্যাপারটা রীতিমতো অপমান হিসেবেই নিয়েছিল পাকিস্তান। আর সে কারণেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচটি অন্য রকম আবহই ছড়াবে।
ম্যাচের আগে অবশ্য নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন পুরো বিষয়টিকেই ‘লজ্জাজনক’ বলেছেন। তবে পাকিস্তানি ক্রিকেটাররা আজ যে ম্যাচটা ‘খোলা মনে’ খেলবে, সেটিও আশা তাঁর।
গত মাসের পরিস্থিতিটাকে হতাশাজনক বলেছেন উইলিয়ামসন, ‘সেটি ছিল হতাশাজনক এক পরিস্থিতি। আমি জানি, পাকিস্তানে নিউজিল্যান্ডের যে খেলোয়াড়েরা গিয়েছিল, তারা খেলার জন্য কতটা মুখিয়ে ছিল। পুরো ব্যাপারটিই লজ্জার। তবে আমি মনে করি, টি–টোয়েন্টি বিশ্বকাপেই এখন সকলের মনোযোগ। আমি নিশ্চিত আজকের ম্যাচটি খোলা মনেই খেলবে পাকিস্তানি ক্রিকেটাররা।’
পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সম্পর্ক বেশ ভালো বলেই জানিয়েছেন উইলিয়ামসন, ‘আমাদের দুই দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক কিন্তু বেশ ভালো। গত দুই বছরে আমরা একে অন্যের বিপক্ষে অনেকবারই খেলেছি। এ ম্যাচেও সম্পর্কটা তেমনই থাকবে। আরব আমিরাতে পাকিস্তান দর্শক–সমর্থন বেশি পাবে। এখানে খেলেও আমাদের চেয়ে অনেকে বেশি অভ্যস্ত পাকিস্তান।’