উইলিয়ামসনের পর ওয়ার্নার-বার্নস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ব্রিসবেনে আজ কিছুটা বৃষ্টি হতে পারে। কিউইরা হয়তো ভাবছে, হলে মন্দ কী, শুধু বৃষ্টি কেন, সঙ্গে ঝড়ই হোক না! আসলে তৃতীয় দিন শেষে ব্রিসবেন টেস্টটা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে সম্ভবত বৃষ্টিই পারে নিউজিল্যান্ডকে বাঁচাতে।
জোড়া সেঞ্চুরি হলো ডেভিড ওয়ার্নারের, জো বার্নস পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি, ৬ উইকেট হাতে রেখেই ৫০৩ রানের লিড অস্ট্রেলিয়ার। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে এই রানই তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ইনিংস ঘোষণা করতে করতে লিডটা ৬০০ ছাড়িয়ে যাবে। তখন ব্রেন্ডন ম্যাককালামের দলকে টেস্ট বাঁচাতে হলেও খেলতে হবে অন্তত চার থেকে পাঁচটা সেশন। কেন উইলিয়ামসন কি পারবেন আরেকটি মহাকাব্যিক ইনিংস খেলে দলের হার বাঁচাতে?
কিউই দলে এত ব্যাটসম্যান থাকতে শুধু উইলিয়ামসনের নামটাই বলার কারণ প্রথম ইনিংসে তাঁর ব্যাটটাই পাল্টা জবাব দিতে পেরেছে অস্ট্রেলিয়াকে। দুই মিচেল—জনসন আর স্টার্কের তোপে পড়ে কালও কিউই ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধের দেয়াল ছিলেন উইলিয়ামসনই। ৪ উইকেটে ১১৭ রান নিয়ে দিন শুরু করা কিউইরা কাল চা-বিরতির ঘণ্টা খানেক আগেই অলআউট ৩১৭ রানে। ১৬০ রানের ৮৫-ই এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে। শেষ কিউই ব্যাটসম্যান হিসেবে উইলিয়ামসন আউট হয়ে যাওয়ার পর স্কাই স্পোর্টসের ম্যাচ বিশ্লেষণে কিংবদন্তি নিউজিল্যান্ড অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি আক্ষেপ করে বলছিলেন, ‘শুধু দাঁড়িয়ে থাকার মতো একজন সঙ্গী পেলেই উইলিয়ামসন ম্যাচটা ঘুরিয়ে দিতে পারত।’
অবশ্য আউট হওয়ার আগেই উইলিয়ামসন পেয়ে গেছেন ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি। একমাত্র জিম্বাবুয়ে ছাড়া টেস্ট খেলুড়ে বাকি ৮ দেশের বিপক্ষেই সেঞ্চুরি হলো উইলিয়ামসনের। কালকের ১৪০ নিয়ে তিন ধরনের ক্রিকেটে এ বছর তাঁর রান ২০৭৭, এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
গ্যাবায় কাল প্রথম দুটি সেশন যদি উইলিয়ামসনের হয়, পরেরটি নিঃসন্দেহে দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও জো বার্নসের। প্রথম ইনিংসে ২৩৯ রানের লিড পেয়েও কিউইদের ফলোঅন করালেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। আর বার্নস-ওয়ার্নারদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, তাঁরা যেন ওয়ানডেতে ৪০০ রান তাড়া করছেন। কে কার আগে হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরি করবেন যেন সেই প্রতিযোগিতা! হাফ সেঞ্চুরিটা ওয়ার্নারই আগে পেলেন। তবে সেঞ্চুরি আগে করলেন জো বার্নস, সেটিও ছক্কা মেরে। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে বার্নসের প্রথম সেঞ্চুরি, ওয়ার্নারের ১৪তম। দুই ওপেনারের তাণ্ডবে অস্ট্রেলিয়া প্রথম ১৫ ওভারে তুলেছে ৯৫, ৩০ ওভারে ১৭৩। দলের ২৩৭ রানে ওয়ার্নার আউট হওয়ার পর পরের ২৬ রানে আরও ৩ উইকেট গেছে। তাতেও রান তোলার গতি কমেনি। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রানরেট ৬.২৮। তারা আজ সকালের সেশনেও এই গতিতে রান করতে পারলে রানের পাহাড়েই চাপা পড়বে কিউইরা। ক্রিকইনফো।