
অপেক্ষাটা কার ছিল? লর্ডসের অনার্স বোর্ডের না কেন উইলিয়ামসনের? পরশু টেস্টের দ্বিতীয় দিন শেষে অনার্স বোর্ডের সঙ্গে উইলিয়ামসনের দূরত্ব ছিল মাত্র ৮ রানের। কাল সকালে দূরত্বটা পার হতে মোটেও সময় নিলেন না কিউই ব্যাটসম্যান। দ্বিতীয় ওভারেই অ্যান্ডারসনের বলটাকে থার্ডম্যানে ঠেলে দিয়ে ৩ রান। দশম টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন উইলিয়ামসন। আর সঙ্গে সঙ্গেই অনার্স বোর্ডে উঠে গেল উইলিয়ামসনের নামাঙ্কিত টেপ। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে নাম খোদাই করার আগে টেপেই লেখা হয় নাম।
উইলিয়ামসনের কাছে অবশ্য সেঞ্চুরি করাটা ডালভাতই হয়ে গেছে। ২০১৩ সালের অক্টোবরে বাংলাদেশ সফর থেকে শুরু করে ১৫ টেস্টে ৭টি সেঞ্চুরি তাঁর। আউট হলেন ১৩২ রান করে। বাংলাদেশ সফর থেকে হিসাব করলে এই সময়ে টেস্টে সবচেয়ে বেশি রান (১৭৮১) কিউই এই ব্যাটসম্যানের।
তিন বলের মধ্যে উইলিয়ামসন ও মার্ক ক্রেগকে আউট করেছেন মঈন। বৃষ্টিবিঘ্নিত দিনে বিলম্বিত চা-বিরতির আধা ঘণ্টা পরেই ৫২৩ রানে অলআউট হয়ে নিউজিল্যান্ড পেয়েছে ১৩৪ রানের লিড। দিনশেষে যদিও ইংল্যান্ড সেই ব্যবধানটা ৬০ রানে নিয়ে এসেছে। তবে সে জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হারাতে হয়েছে ২টি উইকেটও। ফিরে গেছেন অ্যাডাম লিথ আর গ্যারি ব্যালান্স।
এর আগে সকালে ফিফটি পেয়েছেন রস টেলরও। টেলরের ফিফটি ভুলে যাওয়া এক স্বাদও দিয়েছে নিউজিল্যান্ডকে। ১৯৬৫ সালের পর এই প্রথম এক ইনিংসে নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যানই ফিফটি পেলেন। তথ্যসূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।