উইলিয়ামসনের ব্যাটে অন্য রকম সেঞ্চুরি
ভারী ব্যাট আর শক্তিনির্ভর ব্যাটিংই এখন ওয়ানডের মূল সুর। সেটিতে গা না ভাসিয়েও যে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করা যায়, পরশু সাউদাম্পটনে সেটাই দেখালেন কেন উইলিয়ামসন। ১১৩ বলে করেছেন ১১৮ রান, যাতে শক্তির চেয়ে ‘টাচ’ ও ‘টাইমিং’য়ের ছোঁয়াই ছিল বেশি। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয়ের পর বললেন নিজের ব্যাটিং-দর্শনের কথাও, ‘আমি মনে করি, বেধড়ক পেটানো কিংবা বলকে ১৫০ মিটার পাঠানোটাই শুধু আক্রমণাত্মক ব্যাটিং হতে পারে না।’
৭৭ ওয়ানডের ক্যারিয়ারে উইলিয়ামসনের এটি সপ্তম সেঞ্চুরি। ১২টি চার এবং ১ ছয়ে সাজানো তাঁর ইনিংসটির স্ট্রাইক রেট ১০৪.৪২। তাঁর শেষ স্কোরিং শট, ডেভিড উইলির মাথার ওপর দিয়ে ছক্কা—সেটিও স্রেফ নিখুঁত টাইমিংয়ের ফল।
টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন রস টেলর (১১০)। ইংল্যান্ডের ৩০২ রান তাড়া করতে নেমে তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন ও রস টেলরের ২০৬ রানই গড়ে দেয় নিউজিল্যান্ডের জয়ের ভিত। তৃতীয় উইকেটে এটিই নিউজিল্যান্ডের সর্বোচ্চ জুটি, আর যেকোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ।
পাঁচ ওয়ানডের সিরিজে নিউজিল্যান্ড এখন ২-১-এ এগিয়ে। চতুর্থ ওয়ানডে আগামীকাল, ট্রেন্ট ব্রিজে। এএফপি।