কেন উইলিয়ামসন দিনটা শুরু করেছিলেন ৯৫ রান নিয়ে। টেস্ট ক্যারিয়ারের চতুর্দশ সেঞ্চুরিটা তুলে নিতে কাল আর বেশি দেরি করলেন না নিউজিল্যান্ড অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারের শেষ বলটাকে স্কয়ার লেগ দিয়ে চার মেরেই তিন অঙ্ক ছুঁলেন উইলিয়ামসন। আর এই সেঞ্চুরিতেই একগাদা রেকর্ডে নাম উঠে গেলে তাঁর।
টেস্টে নয়টি প্রতিপক্ষের বিপক্ষেই সেঞ্চুরি পাওয়া ১৩তম ক্রিকেটার উইলিয়ামসন। বয়স ২৫ পেরোনোর আগেই নয় দলের বিপক্ষে সেঞ্চুরি পাননি অন্য কেউ। মাত্র ৯১ ইনিংসেই সব দলের বিপক্ষে সেঞ্চুরি, রেকর্ড এটাও। অভিষেকের ২১০৪ দিনের মাথায় কীর্তিটা গড়েও দ্রুততম সময়ের রেকর্ড গড়েছেন উইলিয়ামসন।
উইলিয়ামসনের (১১৩) আগে-পরে সেঞ্চুরি পেয়েছেন টম ল্যাথাম (১৩৬) ও রস টেলর (১২৪*)। ৪ উইকেটে ৫৮২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ে দিন শেষ করেছে বিনা উইকেটে ৫৫ রান তুলে। ক্রিকইনফো।