উইলিয়ামসনের রেকর্ডের পথে গালিচা পেতে দিল পাকিস্তান
এই মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫১ রানের ইনিংস খেলেছেন। দিন পাঁচেক আগে টি-টোয়েন্টিতে পাকিস্তানকেই ভুগিয়েছেন অপরাজিত ৫৭ রানের ইনিংসে। সেই কেন উইলিয়ামসনের জন্যই আজ এভাবে গালিচা পেতে দিল পাকিস্তান!
মাউন্ট মঙ্গানুইয়ে আজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে পাকিস্তানের দারুণ শুরুর পরও নিউজিল্যান্ড দিন শেষ করেছে ৩ উইকেটে ২২২ রান নিয়ে। অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত ৯৪ রানে, তাঁর সঙ্গী হেনরি নিকোলস অপরাজিত ৪২ রানে।
এই ৯৪ রানের ইনিংসের পথে একটা রেকর্ডও ছুঁয়েছেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে ৫৫ বার ৫০ বা তার বেশি রান করেছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশিবার ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলায় ছুঁয়েছেন কিংবদন্তি সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের (৫৫ বার) গড়া রেকর্ড।
অথচ পাকিস্তান এমন ‘দরাজ দিল’ না হলে উইলিয়ামসনের ইনিংসটা আরও আগেই শেষ হয়ে যেতে পারত। ভাগ্যও উইলিয়ামসনের পাশে দাঁড়িয়েছে।
উইলিয়ামসন ১৮ রানে থাকার সময়ই নাসিম শাহের বলে একবার স্লিপে তাঁর ক্যাচ মিস করেছেন শান মাসুদ। ক্যাচটা সহজ ছিল না, কিন্তু উইলিয়ামসনের মতো ব্যাটসম্যানের অতটুকু সুযোগই দরকার পড়ে! কিন্তু পাকিস্তান সেখানেই থামল না। দিনের শেষভাগে দুবার বেঁচে গেছেন উইলিয়ামসন।
৮১তম ওভারের কথা, শাহিন শাহ আফ্রিদির করা ওভারটির পঞ্চম বলে আবারও স্লিপে ক্যাচ দিয়েছিলেন উইলিয়ামসন। এবারে মিস করলেন হারিস সোহেল। ৮৫তম ওভারে আফ্রিদির বলেই আবার এলবিডব্লুর আবেদন উঠেছিল উইলিয়ামসনের বিপক্ষে। আম্পায়ার আউট দেননি। বল আগে উইলিয়ামসনের ব্যাটে না প্যাডে লেগেছিল, এ নিয়ে সংশয় ছিল।
এর আগে উইলিয়ামসনের বিপক্ষে একটি রিভিউ করে ব্যর্থ পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবার আর রিভিউ নেননি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, উইলিয়ামসন এলবিডব্লু হতেন!
শুধু উইলিয়ামসনই নয়, দিনের শেষভাগে বাউন্ডারিতে নিকোলসের ক্যাচও ছেড়েছে পাকিস্তান, নিকোলসের রান তখন ছিল ৬।
নিউজিল্যান্ডের পিচ সাধারণত যেমন হয়, মাউন্ট মঙ্গানুইয়ে আজ তেমন সবুজ গালিচার মতো পিচে টস জিতে স্বাভাবিকভাবেই বোলিং নিয়েছে পাকিস্তান। শুরুটা কী দারুণই না হয়েছে মোহাম্মদ রিজওয়ানের অধিনায়কত্বে নামা পাকিস্তানের!
৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ‘বেবি ফেসড অ্যাসাসিন’ ২০ বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি নাচিয়ে ছেড়েছেন কিউইদের, ইনিংসে ১৩ রানের মধ্যেই ফিরিয়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম (৪) ও টম ব্লান্ডেলকে (৫)। উইকেট না পেলেও আরেক পেসার মোহাম্মদ আব্বাস কতটা দারুণ বোলিং করেছেন, তার প্রমাণ—তিনি দিন শেষ করেছেন ২১ ওভারে ২৫ রান দিয়ে!
কিন্তু দিনের প্রথম ৬২ বলের মধ্যে দুই ওপেনারকে হারালেও এরপর অভিজ্ঞ রস টেলরের সঙ্গে উইলিয়ামসনের জুটিতে বেঁচে যায় নিউজিল্যান্ড।
সব সংস্করণ মিলিয়ে ড্যানিয়েল ভেট্টোরির ৪৩৭ ম্যাচের রেকর্ড ছাপিয়ে এই ম্যাচে নেমে নতুন রেকর্ড (৪৩৮ ম্যাচ) গড়েছেন টেলর। উপলক্ষটা রাঙিয়ে রাখলেন ১০ চার ও এক ছক্কায় সাজানো ৭০ রানের দারুণ এক ইনিংসে। আফ্রিদির বলেই আউট হওয়ার আগে উইলিয়ামসনের সঙ্গে টেলর গড়েছেন ১২০ রানের জুটি।
আর উইলিয়ামসন? কী দারুণ ধৈর্যের প্রদর্শনী রেখে ইনিংসটা খেললেন নিউজিল্যান্ড অধিনায়ক! ৯৪ রানের ইনিংসটি খেলেছেন ২৪৩ বলে! চার ৮টি, ছক্কা ১টি। ইনিংসের তৃতীয় বলে টম ল্যাথাম আউট হতে ক্রিজে নেমেছেন, এখনো অপরাজিত রয়ে গেছেন। টেলরের সঙ্গে তৃতীয় উইকেটে সেঞ্চুরি জুটির পর চতুর্থ উইকেটে নিকোলসের সঙ্গে উইলিয়ামসনের জুটিটা অবিচ্ছিন্ন আছে ৮৯ রানে।