উইলিয়ামসন-টেলরের রেকর্ড, কিউইদের রান উৎসব

এর আগে আটটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি ছিল কেন উইলিয়ামসনের। বাকি ছিল কেবল জিম্বাবুয়ে। বুলাওয়েতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অপূর্ণতাও দূর করে ফেললেন নিউজিল্যান্ড অধিনায়ক। টেস্ট ইতিহাসের ১৩তম খেলোয়াড় হিসেবে সব কটি প্রতিপক্ষের বিপক্ষে সেঞ্চুরি পেলেন উইলিয়ামসন। প্রথম কিউই ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ডের মালিক হলেন সবচেয়ে কম বয়সে (২৫ বছরের মধ্যে) এবং সবচেয়ে দ্রুততম সময়ে।
উইলিয়ামসন করেছেন ১১৩ রান। সেঞ্চুরি পেয়েছেন তাঁর দুই সতীর্থ টম ল্যাথাম (১৩৬) ও রস টেলরও (১২৪)। টেলর আজ মোট রানে পেছনে ফেলেছেন মার্টিন ক্রোকে। ৭১ টেস্টে ৫৫২৯ রান নিয়ে নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকার তিনে উঠে এসেছেন টেলর।
তিন সেঞ্চুরির সঙ্গে বিজে ওয়াটলিংও খেলেছেন ৮৩ রানের ইনিংস। ঠিক ১৫০ ওভার ব্যাট করে ৫৮২ রান করে শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করে তারা। নিউজিল্যান্ড দিন শুরু করেছিল ২ উইকেটে ৩২৯ রান নিয়ে। উইলিয়ামসন অপরাজিত ছিলেন ৯৫ রানে।
ল্যাথাম ২৬৯ বলে করেছেন ১৩৬। সে তুলনায় উইলিয়ামসন আর টেলর ঝড়ের গতিতেই রান তুলেছেন। উইলিয়ামসন ১৫১ বলে করেছেন ১১৩, টেলরের ইনিংসটি ১৭৩ বলের। ওয়াটলিং অবশ্য সে তুলনায় তাঁর ইনিংসটি খেলেছেন বেশ ধীরেই। ৮৩ রান করতে বল খেলেছেন তিনি ১৪২টি।
জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ডোনাল্ড তিরিপানো, মিচেল চিনোউয়া, গ্রায়েম ক্রেমার ও শেন উইলিয়ামসন।
এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করছিল জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিনা উইকেটে স্কোরবোর্ডে তুলেছে ১৫ রান। সূত্র : ইএসপিএনক্রিকইনফো।