একটা মাত্র জয়। তাতে ভোজবাজির মতো পাল্টে গেছে দৃশ্যপট! সাউদাম্পটন টেস্টের আগে যে ইংলিশ শিবিরে ছিল হতাশার অন্ধকার, সেই ইংল্যান্ডের ড্রেসিংরুমেই এখন ঝকঝকে রোদ।
সাউদাম্পটন টেস্টের আগের ১০ টেস্টে জয়হীন। হার সাত ম্যাচেই। একের পর এক ব্যর্থতায় ইংলিশদের আত্মবিশ্বাস গিয়ে ঠেকেছিল তলানিতে। নড়বড়ে হয়ে গিয়েছিল অধিনায়ক অ্যালিস্টার কুকের পায়ের তলার মাটি। লর্ডসে ৯৫ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর কুকই বলেছিলেন, সিরিজের বাকি তিন ম্যাচ তাঁর জন্য কঠিন পরীক্ষা। এই তিন ম্যাচের ওপরই নির্ভর করছে তাঁর অধিনায়কত্ব থাকবে কি না। ২৬৬ রানের বিশাল জয়ে সেই কুকই এখন প্রচণ্ড আত্মবিশ্বাসী এক সেনাপতি। আজ ম্যানচেস্টার শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। তার আগে সব উদ্বেগ-আশঙ্কাকে ‘ছুটি’ দিয়ে কুক আঁকছেন শুধুই জয়ের ছক, ‘এখন প্রত্যেকেই জানে জিততে কেমন লাগে। এখন চ্যালেঞ্জ হলো আমরা ওল্ড ট্রাফোর্ডেও (ম্যানচেস্টার) এর পুনরাবৃত্তি এবং সিরিজ জয়ের চেষ্টা করতে পারব কি না?’
ভারতের দশা ঠিক উল্টো। লর্ডসের জয়ের পর ধোনির দল স্বপ্ন দেখছিল ইংলিশদের কাছে সর্বশেষ দুটি সিরিজেই হারের, বিশেষ করে ২০১১ সালের সেই ৪-০ লজ্জার ক্ষতে প্রলেপ দেওয়ার। কিন্তু সেই স্বপ্নের জায়গায় ভারত শিবিরে ভর করেছে অস্থিরতা। চোট আর পড়তি ফর্মের কারণে একাদশ গড়তেই হিমশিম খেতে হচ্ছে ভারতীয় দলকে। সমালোচনা তো আছেই। চোটের কারণে ভারতের লর্ডস জয়ের নায়ক ইশান্ত শর্মা তৃতীয় টেস্টে খেলতে পারেননি। খেলতে পারছেন না তিনি চতুর্থ টেস্টেও। ব্যাটি, বোলিং, ফিল্ডিং—ধোনির মাথাব্যথার কারণ আসলে তিন বিভাগই।
ওপেনার শিখর ধাওয়ান ছয় ইনিংসে করেছেন মাত্র ১২২ রান, সর্বোচ্চ ৩৭। তাঁর বাদ পড়াটা একরকম নিশ্চিতই। কিন্তু তাঁর বদলি হিসেবে ভাবা হচ্ছে ২০১২ সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলা গৌতম গম্ভীরের কথা। তবে শেষ পর্যন্ত গম্ভীরের ফেরার স্বপ্নে জল ঢেলে ভারত ফিরে যেতে পারে প্রথম দুই টেস্টের মতো পাঁচ ব্যাটসম্যান কৌশলে। মুরালি বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হতে পারে চেতেশ্বর পূজারাকে। সে ক্ষেত্রে ব্যাটিং অর্ডারে উন্নতি ঘটাতে হবে সব পজিশনেই। ওপেনিংয়ের পাশাপাশি শঙ্কা ৬ নম্বর পজিশন নিয়েও। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এই বছরে টেস্ট না খেলা রবিচন্দ্রন অশ্বিনের ফেরা নিশ্চিত। কিন্তু রোহিত শর্মা না রবীন্দ্র জাদেজা, কাকে বসানো হবে সেটা নিশ্চিত নয়। ধোনির জন্য একটু স্বস্তির খবর, অ্যাঙ্কেলের চোট কাটিয়ে পরশু বেশ স্বচ্ছন্দেই নেটে বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু সাউদাম্পটনে অভিষেকেই সবচেয়ে বেশি রান দিয়ে উইকেটশূন্য থাকার লজ্জার রেকর্ড গড়া (০-১৭৯) পঙ্কজ সিংয়ের জায়গায় কাকে খেলানো হবে সেটিও অমীমাংসিত। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সুপারিশ, অবশ্যই বরুণ অ্যারনকে নিয়ে ভারতের একটা জুয়া খেলা উচিত।
ইংলিশদের উজ্জীবিত করছে জাদেজা-কাণ্ডে অ্যান্ডারসনের শাস্তি না হওয়াটাও। নিষিদ্ধ হলে ম্যানচেস্টারে খেলতে পারতেন না সাউদাম্পটনের ম্যান অব দ্য ম্যাচ অ্যান্ডারসন। কিন্তু সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নেওয়া অ্যান্ডারসন শুধু খেলছেনই না, তাঁর সামনে এখন ইংলিশদের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক ইয়ান বোথামের ৩৮৩ উইকেটের রেকর্ড ছোঁয়ার হাতছানি। আর ১২টি উইকেট হলেই ছুঁয়ে ফেলবেন বোথামকে। সাউদাম্পটনে ভারতের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিয়েছিলেন খণ্ডকালীন অফ স্পিনার মঈন আলী। নিয়েছিলেন ৬ উইকেট। যদিও ধোনি বলছেন, ‘মঈন ভালো বল করেছে। তবে আমরা তাকে ভালো বল করার সুযোগ করে দিয়েছি।’ এএফপি ও ক্রিকইনফো।