উজ্জ্বল ইমতিয়াজ ও 'ফিনিশার' নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম দোলেশ্বরের জয়ের দুই নায়ক—ইমতিয়াজ হোসেন (বাঁয়ে) ও নাসির হোসেন। কাল বিকেএসপিতে l প্রথম আলো
প্রাইম দোলেশ্বরের জয়ের দুই নায়ক—ইমতিয়াজ হোসেন (বাঁয়ে) ও নাসির হোসেন। কাল বিকেএসপিতে l প্রথম আলো

ভুল করেননি নাসির। ঝুঁকিপূর্ণ কোনো শট খেলেননি; অহেতুক তাড়াহুড়ো করেননি। যখন আক্রমণাত্মক হওয়ার দরকার, হয়েছেন। আবার বল নষ্ট না করে এক-দুই করে রানের চাকাও সচল রেখেছেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১ বল বাকি থাকতে দলকে জিতিয়ে ফিরেছেন। বিকেএসপিতে কাল ‘ফিনিশার’ নাসিরকেই দেখা গেল।

ম্যাচ শেষে দু-একজন আগ্রহী দর্শক ফুরফুর মেজাজে ফেরা নাসিরের ছবি তুলতে চাইলে পাশে ইমতিয়াজ হোসেনকে দেখিয়ে বললেন, ‘ওরটা তোলেন। অসাধারণ খেলেছে!’ ২২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) সঙ্গে সেঞ্চুরির পর কাল ব্রাদার্সের বিপক্ষে আবারও তিন অঙ্ক ছুঁয়েছেন ইমতিয়াজ। সিসিএসের বিপক্ষে আউট হলেও ব্রাদার্সের বিপক্ষে অপরাজিত থেকেছেন প্রাইম দোলেশ্বরের এই ওপেনার।

অবশ্য কিছুটা ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন ইমতিয়াজ। পঞ্চম ওভারে নাবিল সামাদের বলে দোলেশ্বর ওপেনারকে স্টাম্পিংয়ের সুযোগ পেয়েছিলেন জাকির হোসেন। ব্রাদার্সের উইকেটকিপার সেটি কাজে লাগাতে পারেননি।

‘এবার লিখবেন আট দিন পর সেঞ্চুরি পেলেন’—ম্যাচসেরার পুরস্কার নিয়ে হালকা রসিকতা ইমতিয়াজের! সিসিএসের বিপক্ষে সেঞ্চুরির পর প্রথম আলোয় লেখা হয়েছিল, ‘আট বছর পর ঢাকা লিগে ইমতিয়াজের সেঞ্চুরি’—সেটি মনে করিয়ে দিয়ে টিপ্পনী কাটলেন, ‘এবার কিন্তু বেশি সময় নিইনি!’

সত্যি দারুণ ছন্দে আছেন ইমতিয়াজ। ৪ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৯১ গড়ে ২৭৩ রান করে এ মুহূর্তে লিগে সবার ওপরে তিনি। সামনের ম্যাচগুলোতেও সমান উজ্জ্বল থাকতে চান, ‘লিগটা অসাধারণ যাচ্ছে। এখন একটাই লক্ষ্য, এটা ধরে রাখা।’

ব্রাদার্সের বিপক্ষে দোলেশ্বরের ৭ উইকেটের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান নাসির-ইমতিয়াজের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে আসা ১০১ রানের। নাসির অপরাজিত ছিলেন ৪৮ রানে। হাফ সেঞ্চুরি হাতছাড়া হওয়ার অবশ্য আক্ষেপ নেই তাঁর, ‘চেয়েছিলাম শেষ পর্যন্ত খেলব। সেটা পেরেছি। এতেই খুশি।’

কালও ইঙ্গিত দিয়ে স্কোরটা বড় করতে পারেনি ব্রাদার্স। ইমরুল কায়েস ৫৭ এবং অধিনায়ক তুষার ইমরান ৫৫ রানে আউট হয়েছেন। এই দুই ব্যাটসম্যানের একজন সেঞ্চুরি করতে পারলে চ্যালেঞ্জিং স্কোরই গড়তে পারত তারা।

প্রতিপক্ষের ব্যর্থতা কাজে লাগিয়ে আরও একটি ম্যাচ জিতে বিস্তৃত হাসি দোলেশ্বরের কোচ মিজানুর রহমানের মুখে। এই নিয়ে ঢাকা লিগে টানা ১০ ম্যাচে জিতল তারা। গত মৌসুমের শেষ ছয়টি, এবারের প্রথম চারটি। জয়ের ধারা সামনেও অব্যাহত রাখতে চায় দোলেশ্বর।

গত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের পর কালকের এই ম্যাচে আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে ব্রাদার্সের অফ স্পিনার সানজিত সাহার বোলিং অ্যাকশন।

সংক্ষিপ্ত স্কোর

ব্রাদার্স- দোলেশ্বর, বিকেএসপি

ব্রাদার্স: ৫০ ওভারে ২২৯ (ইমরুল ৫৭, তুষার ৫৫, জাকির ২৯; রবি ২/২৪, নাসির ২/৪৯, আল আমিন ২/৫১)।

দোলেশ্বর: ৪৮.১ ওভারে ৩ উইকেটে ২৩০ (ইমতিয়াজ ১০০*, নাসির ৪৮*, চামারা ৪৬; তুষার ১/১২, নুর আলম ১/৪৪, আসিফ ১/৬০)

ফল: দোলেশ্বর ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ইমতিয়াজ হোসেন।