আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। পরশু প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৯২ থেকে রেটিং পয়েন্ট কমে হয়েছে ৯১। তাতে অবশ্য বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হয়নি। উল্টো পয়েন্টের কাটাকুটিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে আগের মতো সপ্তম স্থানেই আছে বাংলাদেশ। তাতেই এ বছরের ৩০ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ে সেরা আটে থেকে ২০১৯ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো মাশরাফিদের।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের নবম দল ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ এখন ১২ পয়েন্টে এগিয়ে। অষ্টম দল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ৩ পয়েন্ট। র্যাঙ্কিং হালনাগাদের আগে পাকিস্তানের চেয়ে ২ ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশ। এক ধাপ এগিয়ে থাকা শ্রীলঙ্কার সঙ্গেও ব্যবধান কমেছে বাংলাদেশের। ৫ পয়েন্ট হারানো লঙ্কানরা বাংলাদেশের চেয়ে এগিয়ে মাত্র ২ পয়েন্টে। ১২৩ পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা।
কাল টি-টোয়েন্টির হালনাগাদ র্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। আগের মতো ১০ নম্বরে থাকলেও বাংলাদেশের পয়েন্ট (৭৮) বেড়েছে চারটি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সেরা দশে থাকতে পারলে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া যাবে।
হালনাগাদ র্যাঙ্কিংয়ে ২০১৪ সালের ১ মে থেকে দলগুলোর পারফরম্যান্সের হিসাব করা হয়েছে। তথ্যসূত্র: আইসিসি।