উজ্জ্বল 'অলরাউন্ডার' হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর অনেক কষ্ট করেছেন ফিট হতে। ঘাম ঝরিয়েছেন ব্যাটে-বলে ধার বাড়াতে। গত নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ে সিরিজে দুটি ওয়ানডে খেলে বাদ পড়েছিলেন। আবার জায়গা পেয়েছেন পাকিস্তান সিরিজের দলে। সদা হাস্যময় আবুল হাসানের হাসি এখন আরও চওড়া। ম্যাচের আগে বললেন, দারুণ খুশি দলে ফিরে। কিন্তু তাঁকে নেওয়ায় তো খুশি নয় সবাই!
পাকিস্তান সিরিজের ওয়ানডে দল নিয়ে যা একটু প্রশ্ন-সংশয়, তা শুধু তাঁকে নিয়েই। পাঁচ ওয়ানডে খেলেও উইকেট নেই, রান ৪। ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফরম্যান্স নেই। নির্বাচকেরা তবু তাঁকে বেছে নেওয়ার কারণ বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বী পেসারদের চেয়ে ওর ব্যাটিং ভালো।’ সুযোগ পাওয়ার পরদিনই নির্বাচকদের যুক্তি প্রমাণের দায়িত্ব নিলেন আবুল হাসান। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে বিসিএলের ফাইনালে তুললেন পূর্বাঞ্চলকে।
নির্বাচকেরা যা খুঁজছেন, সেই আদর্শ পেস বোলিং অলরাউন্ডারের পারফরম্যান্স ছিল কাল হাসানের। আটে নেমে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেছেন দারুণ এক ফিফটিতে। দলের মাঝারি স্কোরকে পরে জয়ের রান বানিয়েছেন আগুন ঝরানো প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে। বাংলাদেশ দলে ডাক পাওয়া রনি তালুকদার আর বাদ পড়া শামসুর রহমান স্লিপে অলক কাপালিকে ক্যাচ দিয়েছেন গতি ও বাউন্স সামলাতে না পেরে। স্লিপে ক্যাচ দিয়েছিলেন মার্শাল আইয়ুবও, এটি আর হাতে জমাতে পারেননি অলক। হতাশায় বেশ কিছুক্ষণ হাঁটু মুড়ে থাকা হাসান পরে ধরেছেন আরও বড় শিকার, মাহমুদউল্লাহ! ৭-০-২১-৩, প্রথম স্পেলেই প্রতিপক্ষ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর হাসানকে আর দ্বিতীয় স্পেলে প্রয়োজনই হয়নি। আরাফাত সানি ৪ উইকেট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চলকে গুটিয়ে দেন ১২০ রানে। ২১৮ রানের পুঁজি নিয়েও ৯৮ রানের বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনালে পূর্বাঞ্চল। তিন ম্যাচের একটিও জিততে পারেনি মধ্যাঞ্চল।
চোটের কারণে পূর্বাঞ্চল কাল পায়নি তামিম ইকবাল ও মুমিনুল হককে। প্রত্যাশা করেও জাতীয় দলে ডাক না পাওয়া লিটন দাসের শুরুটা ছিল চোখধাঁধানো। ম্যাচের প্রথম দুই বলেই তাসকিনকে চার কাভার ও পয়েন্ট দিয়ে। শহীদকে ফ্লিক করে পাঠালেন গ্র্যান্ড স্ট্যান্ডে। তাসকিন পরে প্রতিশোধ নিয়েছেন লিটনকে ফিরিয়ে (১৮ বলে ২২)। আরেক ওপেনার সাদমানকেও ফেরান তাসকিন। পরে শুভাগত-ইলিয়াস সানিদের স্পিনে পূর্বাঞ্চল হয়ে যায় ৭ উইকেটে ১৩৪। অষ্টম উইকেটে আরাফাত সানিকে নিয়ে হাসান গড়েন ৭৬ রানের জুটি। ৩ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৫১ করে যখন হাসান ফিরছেন, দলের রান পেরিয়েছে দুই শ।
পরে বল হাতেও নিশ্চিত করেছেন দলের জয়। জবাব দিয়েছেন কিছু প্রশ্নেরও। আসল চ্যালেঞ্জ যদিও পাকিস্তানের বিপক্ষে!
সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল: ৫০ ওভারে ২১৮/৮ (লিটন ২২, সাদমান ৯, ইরফান ২২, তাসামুল ১১, অলক ৪, আসিফ ১৭, নাজমুল মিলন ৩৯, হাসান ৫১, আরাফাত ২৭*, নাবিল ২*; তাসকিন ৩/৪৫, ইলিয়াস ২/৩৫, শুভাগত ২/৩৮, মোশাররফ ১/২২)। মধ্যাঞ্চল: ৩৭.৩ ওভারে ১২০ (শামসুর ৬, রনি ৭, মার্শাল ৭, মাহমুদউল্লাহ ১১, শুভাগত ১৫, মেহরাব ১৩, ধীমান ১৯, মোশাররফ ১৬, ইলিয়াস ৮, শহীদ ৮*, তাসকিন ০; আরাফাত ৪/১১, হাসান ৩/২১, অলক ১/১৩, নাবিল ১/১৭, আসিফ ১/২৮)।
ফল: পূর্বাঞ্চল ৯৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আবুল হাসান।
উত্তরাঞ্চল: ৫০ ওভারে ৩২১/৭ (মাহমুদুল ৪৮, জুনায়েদ ১, নাঈম ৮০, মুশফিক ৭৮, সাব্বির ৬৬, নাসির ৩৯, আরিফুল ১, রেজা ২*, দেলোয়ার ১*; মাশরাফি ২/৬৯, রুবেল ২/৫৩, রাজ্জাক ০/৫৮, এনামুল জু. ০/৬৯, সোহাগ ০/৩৩, জিয়া ২/৩৫)। দক্ষিণাঞ্চল: ৪৪.১ ওভারে ২৩৩ (সৈকত ২৫, জিয়া ১৮, ইমরুল ৫, শাহরিয়ার ১০, মিঠুন ৩৮, নুরুল ১৮, সোহাগ ৩৯, মাশরাফি ৬৯, রাজ্জাক ৫, রুবেল ০, এনামুল জু. ০*; দেলোয়ার ২/৪৬, রেজা ২/৫৭, তাইজুল ২/২৫, সানজামুল ২/২৯, মাহমুদুল ০/৪৭, নাসির ১/১৫, নাঈম ০/৯)।
ফল: উত্তরাঞ্চল ৮৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।