উটকো ঝামেলায় আফ্রিদি

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তান বাদ পড়ার পর অধিনায়ক করা হয়েছিল তাঁকে। ত্রাতা হয়ে দলকে উদ্ধার করবেন শহীদ আফ্রিদি—এমনটাই আশা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। কিন্তু তার আগে হঠাৎই সেই ‘ত্রাতা’র সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে পাকিস্তানে। আফ্রিদিই দলকে মার্চ থেকে ভারতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে জেতাতে পারবেন কি না, এ নিয়ে অনেকের মনেই জাগছে সংশয়। বিষয়টি নিয়ে এত এত প্রশ্ন—আফ্রিদি যেন হাঁপিয়ে উঠছেন। গতকালের ঘটনা তো বিস্ফোরণই ঘটাল। অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিকের ওপর রেগেমেগে সংবাদ সম্মেলন থেকেই বেরিয়ে গেলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন আফ্রিদি। এই অবদানেরই পুরস্কার হয়তো, বিশ্বকাপের পরপরই তাঁকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই (২০১০) পাকিস্তান সেমিফাইনালে খেললেও আফ্রিদির অধিনায়কত্ব খুব তৃপ্তি দিতে পারছে না পাকিস্তানকে। দুই দফায় মোট ৩২ ম্যাচে অধিনায়ক ছিলেন আফ্রিদি, তাতে পাকিস্তানের পরাজয়ই বেশি। জয় ১৫, হার ১৬, একটি ম্যাচে কোনো ফল আসেনি।
তবে এ নিয়ে এত সমালোচনায় কিছুটা বিরক্ত আফ্রিদি। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান দলের ক্যাম্প চলছে। সেখানে পরশু পাকিস্তানের দুনিয়া টিভির এক সাংবাদিকের প্রশ্নে বিরক্তিটা আড়াল করতে পারেননি। ‘আপনার অধীনে তো পাকিস্তান বেশির ভাগ টি-টোয়েন্টিই হেরেছে, এবার বিশ্বকাপ জিততে নতুন কী করবেন?’ প্রশ্নটা একদমই পছন্দ হয়নি আফ্রিদির। ঠোঁটে হাসি ধরে রেখে মুখের ভাষায় ঠিকই আক্রমণ করলেন, ‘আপনার কাছ থেকে তো এমন জঘন্য প্রশ্নই আশা করেছিলাম। কেউ পরের প্রশ্নটা করুন প্লিজ।’
গত নভেম্বরে এই সাংবাদিকই আফ্রিদিকে একই প্রশ্ন করেছিলেন, আফ্রিদির মুখেও ছিল একই উত্তর। তবে এবার এতটুকু বলেই সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যান আফ্রিদি। সাংবাদিকেরা পরে নাকি গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে বসে আফ্রিদির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। লাহোরে পাকিস্তান দলের ক্যাম্পের খবর দেওয়াও বর্জন করেছেন।
তবে কাল আফ্রিদি এ ঘটনায় নিজের দায় স্বীকার করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, ‘সব সময় সবাইকে সম্মান করি আমি। অন্যদের কাছ থেকেও তাই সম্মান প্রত্যাশা করি।’ ব্যাখ্যা দিয়েছেন অধিনায়কত্ব নিয়ে প্রশ্নেরও, ‘আমার অধিনায়কত্বেই দল দুই নম্বরে উঠে এসেছিল। ইংল্যান্ডের সঙ্গে সামান্য কিছু ভুলে আমরা হেরেছি।’
১০ জানুয়ারি তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে পাকিস্তান। প্রথম ম্যাচ ১৫ জানুয়ারি। এএফপি।