উতসেয়ার ইতিহাসের দিনেও হারল জিম্বাবুয়ে

এর আগে ওয়ানডেতে জিম্বাবুয়ের পক্ষে এমন কীর্তি গড়তে পেরেছেন কেবল একজন—এডো ব্রান্ডেজ। সেটিও ১৯৯৭ সালের জানুয়ারিতে। ব্রান্ডেজের নামটা ক্রিকেটপ্রেমীদের স্মৃতি থেকে মুছে যাওয়া বিস্ময়কর কিছু নয়। এত দিন বাদে সাবেক এ জিম্বাবুইয়ান পেসারের কথা বলতে হচ্ছে প্রসপার উতসেয়ার কারণেই। আজ দারুণ এক কীর্তি গড়লেন জিম্বাবুয়ের এই অফ স্পিনার। ওয়ানডেতে দ্বিতীয় জিম্বাবুইয়ান বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন উতসেয়া।
তবে উতসেয়ার ইতিহাস গড়ার দিনও জিততে পারেনি জিম্বাবুয়ে। হেরেছে ৬১ রানে। ২৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পতনের মিছিল চলল জিম্বাবুয়ে শিবিরে। শেন উইলিয়ামস কিছুটা স্বপ্ন দেখিয়েছিলেন বটে। কিন্তু ডেল স্টেইন-রায়ান ম্যাকলারেনের তোপের মুখে বেশি দূর এগোয়নি সে স্বপ্ন। দুই প্রোটিয়া বোলার নিয়েছেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। জিম্বাবুয়ে অলআউট ১৭০ রানে। সর্বোচ্চ ৪৬ এসেছে উইলিয়ামসের ব্যাট থেকে।
এক দিনের আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের দুটি হ্যাটট্রিক হয়েছে হারারে স্পোর্টস ক্লাবেই। ১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রান্ডেজের প্রথম হ্যাটট্রিকের পর ১৭ বছর পর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি ইতিহাস গড়লেন উতসেয়া।
একটি জায়গায় অবশ্য উতসেয়া এগিয়ে থাকবেন। ওয়ানডেতে তিনিই প্রথম হ্যাটট্রিক করা জিম্বাবুইয়ান স্পিনার। ২৭তম ওভারে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে ফিরিয়ে দিলেন কুইন্টন ডি কক, রিলে রোসুভ ও ডেভিড মিলারকে। কক-রোসুভ ফিরেছেন ক্যাচ দিয়ে আর মিলার এলবিডব্লিউ হয়ে।
মূলত উতসেয়ার ঘূর্ণি জাদুতে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটে ১৪২ থেকে ৭ উইকেটে ১৭৯—৩৭ রানেই ফিরেছেন সাত প্রোটিয়া ব্যাটসম্যান। এর মধ্যে ৫ উইকেটই উতসেয়ার ঝুলিতে। দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের পুঁজি দেয় মূলত অ্যারন ফাঙ্গিসো ও ইমরান তাহিরের দশম উইকেট জুটিতে তোলা ৩৬ রান। প্রোটিয়ারা অলআউট হয় ২৩১ রানে। এ রানও টপকাতে ব্যর্থ জিম্বাবুয়ে! সূত্র: টেন ক্রিকেট ও ক্রিকইনফো।