উত্তর খুঁজছেন টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুশফিকুর রহিম তখন গ্যালারি আর টিভি পর্দার সামনে অনেকের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, কখন আসবে ইনিংস ঘোষণা। ব্রেন্ডন টেলর তখন মনে মনে হয়তো বলছেন, হোক না আরও দেরি! যখন এল ইনিংস ঘোষণা, স্কোর বোর্ডে তাকিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক দেখলেন, টিকে থাকতে হবে ৬৮ ওভার। ম্যাচ বাঁচানোর আশার তরি তখন বাইতে শুরু করেছেন। তীরে ঘেঁষা বহু দূর, সেই তরি দৃষ্টির সীমানাতেও পেল না তীর। আবারও সেই স্পিন-পাকেই ডুবল জিম্বাবুয়ে।
ম্যাচ হেরে হারতে হয়েছে সিরিজ। হারাতে হচ্ছে র্যা ঙ্কিংয়ের ৯ নম্বর জায়গাটিও। দিনের শেষে টেলর যেন হতাশার প্রতিচ্ছবি, ‘বাংলাদেশ যখন ইনিংস ঘোষণায় দেরি করছিল, আমরা খুশিই হচ্ছিলাম। চাইছিলাম বাংলাদেশ আরও ব্যাট করুক। কিন্তু এত আগে যখন জিতে গেল, বলতেই হবে, খুব ভালো ইনিংস ঘোষণা ছিল। আমরা অলআউট হওয়ার পরও অনেক সময় বেঁচে ছিল।’
বাংলাদেশের তিন স্পিনার মিলে কাল শেষ করে দিয়েছেন জিম্বাবুয়েকে। প্রথম টেস্টের পর স্পিন খেলার জন্য উইকেটে জাল বিছিয়ে অনুশীলন করেছে জিম্বাবুয়ে, করেছে রুদ্ধদ্বার অনুশীলন। কিন্তু কাজে দিল না কিছুই। জিম্বাবুয়ের ৪০ উইকেটের ৩৬টিই নিয়েছেন বাংলাদেশের তিন স্পিনার—সাকিব ১৭টি, তাইজুল ১৫ আর জুবায়ের ৪।
প্রথম টেস্টের পর তাই টেলর যে কথা বলেছিলেন, কালও তাঁর কণ্ঠে একই কথা, ‘আমরা এখনো উত্তর খুঁজছি, কীভাবে স্পিন খেলা যায়। সাকিবকে প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে, ও বিশ্বমানের পারফরমার। কিন্তু আমরাও পারিনি। প্রথমে ব্যাট করলে হয়তো আরেকটু ভালো কিছুর আশা করা যেত। কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে, যোগ্যতর দল হিসেবেই জিতেছে। প্রায় সাড়ে চার দিন কঠিন লড়াইয়ের পর হার হজম করা কঠিন, কিন্তু শেষ এক-দুই ঘণ্টায় আমরা স্রেফ উড়ে গেছি।’
চট্টগ্রাম টেস্টের আগে হাতে সময় চার দিন। এত দিনেও যখন হলো না, স্পিন খেলার উত্তর এই কদিনে খুঁজে পাওয়া বেশ কঠিনই হওয়ার কথা!