উত্তর জানা নেই বিব্রত স্মিথেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিকে খুশিতে ডগোমগো কাইল অ্যাবট ও ফাফ ডু প্লেসি, অন্যদিকে হতাশায় ডুবে যাওয়া স্টিভেন স্মিথ। কাল হোবার্টে সংবাদ সম্মেলনে l ক্রিকেট অস্ট্রেলিয়া
একদিকে খুশিতে ডগোমগো কাইল অ্যাবট ও ফাফ ডু প্লেসি, অন্যদিকে হতাশায় ডুবে যাওয়া স্টিভেন স্মিথ। কাল হোবার্টে সংবাদ সম্মেলনে l ক্রিকেট অস্ট্রেলিয়া

হোবার্টে খেলা শেষ হয়ে গেছে তখন বেশ কিছুক্ষণ। অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট লেখক ও মেলবোর্নের দ্য এজ পত্রিকার ক্রীড়া সাংবাদিক টুইট করলেন, ‘সবকিছু এখানেই শেষ হয়ে যায়নি। আইসিসি যখন দ্বিস্তরের টেস্ট ক্রিকেট চালু করবে, দ্বিতীয় স্তরে অস্ট্রেলিয়াকে হারানো খুব কঠিন হবে বাকি দলগুলোর জন্য।’

রসিকতা, তবে স্টিভেন স্মিথদের বুকে শেল হয়ে বিঁধবে কথাগুলো। অন্য সময় হলে স্মিথ না হোক মিচেল স্টার্ক বা ডেভিড ওয়ার্নারের মতো কেউ পাল্টা জবাব দিতে দেরি করতেন না একটুও। কিন্তু এখন যে জবাব দেওয়ার মতো মুখটাই নেই তাঁদের! ৩২ রানে শেষ ৮ উইকেট হারানোর পর সেই মুখ থাকে নাকি!

কাল প্রথম সেশনেই মাত্র ২৪.১ ওভারে অস্ট্রেলিয়াকে এভাবে গুঁড়িয়ে যেতে দেখে যেন একটু বিস্মিত ম্যাচের নায়ক কাইল অ্যাবটও। ম্যাচ শেষে তাই বললেন, ‘কখনো ভাবিনি ওদের এক সেশনেই এভাবে শেষ করে দিতে পারব। কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাওয়ায় বেশ ভালো লাগছে।’

ব্যাগি গ্রিন ক্যাপ পরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ যখন সংবাদ সম্মেলনে এলেন, মনে হলো কেউ জোর করে এনে তাঁকে বসিয়ে দিয়েছেন। ক্যাপের আড়ালে মুখ ঢাকতে বাকি! নিজেই বললেন, ‘সত্যি কথা বলতে এখানে বসে খুব বিব্রত লাগছে। এতবার আমাদের ব্যাটিং ধস হচ্ছে! আজ ৩২ রানে ৮ উইকেট, প্রথম ইনিংসে ৮৫ রানে ১০ উইকেট! এটা খুব ঘন ঘন হচ্ছে। আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার মতো, কঠিন সময়টা পার করার মতো কিছুই করতে পারছি না। যেটুকু করছি, সেটা যথেষ্ট নয়।’

তাহলে যথেষ্ট কোনটা? অসহায় স্মিথের কাছে আপাতত সেটার জবাব নেই, ‘ঘুরে দাঁড়ানোর জন্য একটা পথ তো খুঁজে বের করতে হবে। এখন তো বল সিম করুক অথবা সুইং বা স্পিন—কিছুরই জবাব দিতে পারছি না আমরা।’

এটা অবশ্য স্মিথ না বললেও যে-কেউ বুঝবেন। হোবার্টে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে এক অঙ্কের স্কোর ১৬টি। এক টেস্ট বাকি থাকতেই নিজের মাঠে সিরিজ হেরে যাওয়ার পর দলে অনেকের জায়গাই নড়বড়ে হয়ে গেছে। কোচ ও নির্বাচক ড্যারেন লেম্যান বলে দিয়েছেন, স্মিথ-ওয়ার্নার-স্টার্ক-হ্যাজলউড ছাড়া আর কারও জায়গা নিশ্চিত নয় পরের টেস্টে।

লেম্যানকে নিয়েও কি প্রশ্ন উঠে যায়নি? যদিও স্মিথ দায়টা শুধু নিজেদের কাঁধেই রাখলেন, ‘আমরা ভালো খেলতে পারছি না, এই দোষ তো আর তাঁর (লেম্যান) নয়। মাঠে গিয়ে কাজটা করার দায়িত্ব আমাদের।’

লেম্যানের ডাকে সাড়া দিয়েই ম্যাচের পর মার্ক টেলর, শেন ওয়ার্ন, ইয়ান হিলি, ব্রেট লি, মাইকেল স্ল্যাটাররা এসেছেন ড্রেসিংরুমে স্মিথদের উজ্জীবিত করতে। প্রয়োজনে অন্য কিংবদন্তি অস্ট্রেলিয়ানদেরও আনা হবে বলে জানিয়েছেন লেম্যান। দলের বেশির ভাগ খেলোয়াড়কে আগামীকাল থেকে শুরু শেফিল্ড শিল্ডের পরের রাউন্ডে খেলতে পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দেশের মাটিতে তিন টেস্টের সিরিজে কখনো হোয়াইটওয়াশ হয়নি অস্ট্রেলিয়া। দুই টেস্টের সিরিজেও একবারই হয়েছিল, সেটি সেই ১৮৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এবার আবার সেই লজ্জার সামনে অস্ট্রেলিয়া। লজ্জা এড়াতে স্মিথরা যতই মরিয়া হোন, অ্যাডিলেডে ২৪ নভেম্বর থেকে শুরু দিবারাত্রির টেস্ট জিতেই ‘মিশন অস্ট্রেলিয়া’ শেষ করতে চায় দক্ষিণ আফ্রিকা। হোবার্টে জয়ের পরই তাই দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি হুমকি দিয়ে রাখলেন, ‘ওটাই (৩-০) এখন আমাদের মিশন। আমরা প্রাণপণে চাইব সেটা করতে। আমরা অস্ট্রেলিয়াকে বাগে পেয়েছি, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। অস্ট্রেলিয়ার মতো দলকে তো সহজে এ অবস্থায় পাওয়া যায় না।’ এএফপি, ক্রিকইনফো।