উত্তর জানা নেই মাশরাফিরও

টসে জিতলে বাংলাদেশও নির্ঘাত ব্যাটিংই করত। তাতে কি অন্য কিছু হতো?
স্লিপে এনামুল ‘ঘুমিয়ে’ না থাকলে ১২২ রানের বদলে শূন্য রানেই শ্রীলঙ্কার প্রথম উইকেট পড়ত। তাতে কি ম্যাচের গল্পটা অন্য রকম হতো?
প্রশ্ন করতে পারেন। তবে তা হবে করার জন্যই করা। ‘কী হলে কী হতো’ এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় নাকি!
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা রুবেল ও তাসকিন কাল কেন এমন এলোমেলো, এই উত্তরই বা কে দেবে! তাসকিন তো আর একটু হলে রেকর্ডই করে ফেলতেন! ১০ ওভারে দিয়েছেন ৮২ রান। মাত্র ৪ রানের জন্যই যা বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে খরুচে বোলিংয়ের নতুন রেকর্ড হলো না। ২০০৭ বিশ্বকাপে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ১০ ওভারে ৮৬ রান দিয়েছিলেন। তাঁকে দুঃস্বপ্নের প্রহর উপহার দিয়েছিল এই শ্রীলঙ্কাই।
প্রেসবক্সে কে যেন মজা করলেন, এই ম্যাচে বাংলাদেশ ৩-১-এ জয়ী। বাংলাদেশ ৩টি ছক্কা মেরেছে, শ্রীলঙ্কা ১টি। আরেকটি ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে। ম্যাচের দ্রুততম দুই বোলারও বাংলাদেশেরই। লাসিথ মালিঙ্গা ক্রমশ স্বরূপে দেখা দিচ্ছেন। সেটি এমনই ধীরলয়ে যে, কাল স্পিডোমিটারে তাঁকে হারিয়ে দিলেন রুবেল ও তাসকিন। কিন্তু এসব তো আর ম্যাচে জয়-পরাজয়ের নির্ধারক নয়। সেই ভূমিকায় কাল ম্যাচের প্রথম ইনিংস। শ্রীলঙ্কা ৩৩২ করে ফেলার পরই এই ম্যাচ শেষ!
মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে এলেন বিধ্বস্ত চেহারায়। এই বিশ্বকাপে বোলিংয়ের মতো সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্স। মাঠে নিজের দায়িত্বটা কালও দারুণভাবে পালন করলেন। কিন্তু ম্যাচের ফল সংবাদ সম্মেলনে অপ্রতিভ করে রাখল তাঁকে।
শেষ দিকে অবশ্যম্ভাবী মার খাওয়ায় বোলিং ফিগারটা তেমন দর্শনীয় থাকেনি। তবে বাংলাদেশের বোলিংয়ে মাশরাফির প্রথম স্পেলটিতেই যা একটু আলো। সেটি বরং মাশরাফির আক্ষেপ আরও বাড়িয়ে দিচ্ছে। এক প্রান্তে নিজে দারুণ বোলিং করছেন, কিন্তু সেটির সঙ্গে যোগ্য সঙ্গত করার মতো কাউকে যে পেলেন না। ‘ব্যাটিংয়ের মতো বোলিংয়েও পার্টনারশিপ হতে হয়। তা না হলে চাপটা আলগা হয়ে যায়। আজ আমাদের বোলিংয়ে পার্টনারশিপ হয়নি, ব্যাটিংয়েও না। এটা অবশ্যই খুব হতাশার’—বলার সময় সেই হতাশা ফুটে বেরোল মাশরাফির চোখেমুখেও।
কিন্তু এই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের চেয়েও বেশি প্রশ্ন বাংলাদেশের ফিল্ডিং নিয়ে। এটির কী ব্যাখ্যা? এমসিজিতে প্রথম খেলার শিহরণ, এই ম্যাচটা জিতলেই বলতে গেলে হাতে এসে যাবে কোয়ার্টার ফাইনালের দরজা খোলার চাবি—এসবই কি তাহলে উল্টো বুমেরাং হয়ে গেল? মাশরাফি মানতে চাইলেন না। কিন্তু কী কারণে একাধিক সহজ ক্যাচ পড়ল, স্টাম্পে থ্রোয়ের সময়ে ব্যাকআপ করার মতো ফিল্ডিংয়ের একেবারে প্রাথমিক দিকটিও ভুলে গেল বাংলাদেশের ফিল্ডাররা—সেটির ব্যাখ্যাও তাঁর কাছে নেই। যতবারই প্রশ্ন করা হলো, ঘুরপাক খেলেন ‘ব্যাখ্যা করা কঠিন’ উত্তরেই। বরং নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়াটাই ভালো বলে মনে করলেন, ‘আমরা ভালো খেলতে পারিনি, এটাই হলো আসল কথা। কোনো অজুহাত দিয়ে লাভ নেই।’
দিনটিতে বাংলাদেশের ক্রিকেটের জন্য মনে রাখার মতো যদি কিছু ঘটে থাকে, সেটি ম্যাচের মিনিট পনেরো আগে। বিশ্বকাপ ট্রফিটা হাতে নিয়ে মাঠে ঢুকলেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বেশ কিছুদিন ধরেই মেলবোর্নপ্রবাসী। ট্রফিটাকে একটা বেদির ওপর রেখে বেরিয়ে আসার সময় আমিনুল নিশ্চয়ই ভাবেননি, দিনটিকে শুধু এ কারণেই মনে রাখতে হবে তাঁকে।
প্রবাসী বাংলাদেশিরাও বড় আশা করে ভিড় জমিয়েছিলেন এমসিজিতে। কাল সকালে এমসিজিতে বাংলাদেশের অভিষেক উপলক্ষে শতাধিক গাড়ির এক বর্ণাঢ্য র্যালি বেরোল। মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্র ফেডারেশন স্কয়ারে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে একটা অনুষ্ঠানও হলো। মুখে মুখে ফিরছিল একটা কথা, ‘বাংলাদেশ এমসিজিতে খেলছে। আজ আমাদের ঈদ।’
মাঠে অবশ্য বাংলাদেশিরা সংখ্যালঘু হয়েই রইল। এই বিশ্বকাপে এমসিজিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে দর্শক হয়েছিল ৮৪৩৩৬। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আরও বেশি—৮৬৮৭৬। গত পরশু পর্যন্ত বিশ্বকাপের বাকি ১৪টি ম্যাচ মিলিয়েও এই দুই ম্যাচের সমান দর্শক হয়নি। কাল অবশ্য এমসিজির দুই-তৃতীয়াংশ আসন খালিই পরে থাকল। দর্শকসংখ্যা ৩০০১২। যার দুই-তৃতীয়াংশই সম্ভবত শ্রীলঙ্কান। দিলশান-সাঙ্গাকারার ব্যাটিং ঝড়ের সময় যে অংশটা রীতিমতো উত্তাল।
শ্রীলঙ্কায় ক্রিকেট মানেই ব্যান্ড পার্টি। বলতে গেলে ম্যাচের প্রায় পুরো সময়টাই তা বেজে গেল। ম্যাচ শেষ হওয়ার পর মাঠের বাইরে রীতিমতো উৎসব। ব্যান্ড পার্টি জনপ্রিয় হিন্দি গানের সুর তুলছে আর সেটির সঙ্গে তাল মিলিয়ে শ্রীলঙ্কানদের তুমুল নাচানাচি। একটু দূরেই লাল-সবুজ পতাকা হাতে বিষণ্ন মুখে ঘুরে বেড়াতে দেখা গেল দু-তিনজন তরুণকে।
এটি লাল-সবুজের দিন নয়!