উত্তেজনা ছড়ানো ম্যাচে লঙ্কার 'একটু'র আক্ষেপ

নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮২ তাড়া করতে শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান। শীর্ষ বোলারদের কোটা আগেই শেষ হয়ে যাওয়াতে ফল নির্ধারণী ওভারটির দায়িত্ব তুলে দেওয়া হয় গ্রান্ট এলিয়টের কাঁধে। এর আগে মাত্র একটি ওভার করেছেন, রান দিয়েছেন ৯। হার-জিতের পার্থক্য গড়ে দেওয়া ওভারটি করার জন্য তিনি একটু ঝুঁকিপূর্ণই হয়ে গেলেন না!
এলিয়ট অধিনায়ক কেন উইলিয়ামসনের আস্থার প্রতিদান দিলেন। মাপা বোলিংয়ের সঙ্গে স্লোয়ার ও ইয়র্কার—লঙ্কানরা তুলতে পারল ৯ রান। আর তাতেই নিশ্চিত হয়ে যায় টি-টোয়েন্টি ম্যাচটির ভাগ্য। জয়ের খুব কাছে গিয়েও ম্যাচটায় ৩ রানে হেরেছে শ্রীলঙ্কা।
টসে জিতে ফিল্ডিং নিলেও বোলারদের বাজে বোলিংয়ে নিউজিল্যান্ডের সংগ্রহটা ধরাছোঁয়ার ভেতর রাখতে পারেনি লঙ্কানরা। দুই উদ্বোধনী বোলার সুরাঙ্গা লাকমাল আর থিসারা পেরেরা নিজেদের কোটার ৪ ওভারে দিয়েছেন ৩৯ রান করে। দারুণ ফর্মে থাকা মার্টিন গাপটিল আজও লঙ্কান বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন অনবদ্য এক ফিফটিতে। মাত্র ৩৪ বলে ৪টি করে চার ও ছক্কায় সাজিয়েছেন ৫৮ রানের ইনিংস। উইলিয়ামসন করেন ৪২ বলে ৫৩। কলিন মুনরোর ৩৬ আর রস টেলরের ৯ বলে ২২ কিউইদের সংগ্রহকে নিয়ে যায় ১৮২-তে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে অবশ্য বিপর্যয়ের মধ্যেই ছিল সফরকারীরা। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। তবে লোয়ার মিডল অর্ডারে মালিন্দা সিরিবর্ধনার ৪২ আর থিসারা পেরেরার ২৬-এর সঙ্গে কাপুগেদারার ১৫ বলে ২৬ আর নুয়ান কুলাসেকেরার ১০ বলে ১৪ লঙ্কাকে নিয়ে যায় জয়ের খুব কাছে। উদ্বোধনী ব্যাটসম্যান ধানুষ্কা গুণতিলকে করেন ২৬।
শ্রীলঙ্কা ভালোমতোই জয়ের দিকে ছুটছিল। কিন্তু শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি গিয়েও আর নোঙর করা হলো না। ‘একটুর জন্য’ আক্ষেপটাই সঙ্গী হলো। শ্রীলঙ্কার সর্বনাশটা করেন মূলত দুই কিউই বোলার—ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট। দুজনেই নেন ৩টি করে উইকেট। এ ছাড়া সোধি আর এলিয়ট নিয়েছেন একটি করে উইকেট। সূত্র: ক্রিকইনফো।