উত্থান-পতনের হ্যামিল্টন টেস্ট

হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার ব্যাটিং আগ্রাসনের জবাবটা নিউজিল্যান্ডের বোলাররা দিয়েছিল দারুণভাবেই। প্রথম দুই সেশনেই ৪ উইকেটে ১৯৮ রান তুলে ফেলা লঙ্কানদের রানের লাগামটা বেশ ভালোভাবেই টেনে ধরতে পেরেছিল কিউই বোলাররা। ৭ উইকেটে ২৬৪ রান নিয়ে প্রথম দিন শেষ করা (বৃষ্টির কারণে আগেভাগেই খেলা শেষ) শ্রীলঙ্কানদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৯২ রানেই।
নিউজিল্যান্ডের ইনিংসেও ঘটেছে মোটামুটি একই ব্যাপার। মার্টিন গাপটিল আর টম ল্যাথামের উদ্বোধনী জুটি ৮১ রান তুলে ফেলে লঙ্কানদের চোখ রাঙানি দিলেও দুশমন্থা চামিরার টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তাদের আধিপত্য বিস্তার করতে দেয়নি। শেষের দিকে মিচেল স্যান্টনার, ডগ ব্রেসওয়েল আর বিজে ওয়াটলিংয়ের ‘সংগ্রাম’ না হলে লঙ্কানরা বড় একটা লিডই হাতে পেয়ে যেতে পারত। যদিও দ্বিতীয় দিন শেষে হাতে একটি উইকেট হাতে নিয়ে নিউজিল্যান্ড এখনো পিছিয়ে ৬০ রানে।
চামিরা-ঝড়ে এলোমেলো হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের ইনিংস। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের ব্যাট থেকে আসে ৫০, ল্যাথাম ২৮। এর পরপরই বড় ধরনের একটি ধস। কেন উইলিয়ামসন ফেরেন ১ রানে, রস টেলর ‘শূন্য’ রানে। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ইনিংসটি মাত্র ১৮ রানে শেষ হলে বেশ বড় বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। ২০০৪ সালের পর এই প্রথম কোনো টেস্ট ইনিংসে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে এল ১০ রানেরও কম।
এমন বিপর্যয়ের মুখে মিচেল স্যান্টনারের ব্যাট কথা বলে ওঠে। ৩৮ রানের একটা ইনিংস খেলে তিনি কিছুটা হলেও অবদান রেখে যান। অবদান রেখে যান বিজে ওয়াটলিংও (২৮)। ডগ ব্রেসওয়েল অবশ্য দিন শেষেই অপরাজিত ৩০ রান নিয়ে। হাতে একটি উইকেট নিয়ে শ্রীলঙ্কান ২৯২ রানের সংগ্রহের আশপাশে নিজেদের রাখতে এই ব্রেসওয়েলের ওপরই এখন পূর্ণ নির্ভরতা কিউইদের।
নিউজিল্যান্ডের পক্ষে ৩ উইকেট পেয়েছেন টিম সাউদি। ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট আর ডগ ব্রেসওয়েল। নেইল ওয়াগনার পেয়েছেন একটি উইকেট।
কিউইদের ইনিংস লন্ডভন্ড করে চামিরা ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট। রঙ্গনা হেরাথ ৭৫ রানে পেয়েছেন ২ উইকেট। সুরাঙ্গা লাকমল একটি উইকেট পেয়েছেন ৪৮ রানের খরচায়। সূত্র: ক্রিকইনফো।