উদাহরণ গড়ে খুশি মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট লক্ষ্যটাকেও একপর্যায়ে কঠিন বানিয়ে ফেলেছিল বাংলাদেশ দল। ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ-সাব্বির শেষ পর্যন্ত জয়ের রঙিন ক্যানভাসে দিয়েছেন তুলির শেষ আঁচড়। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো
ছোট লক্ষ্যটাকেও একপর্যায়ে কঠিন বানিয়ে ফেলেছিল বাংলাদেশ দল। ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ-সাব্বির শেষ পর্যন্ত জয়ের রঙিন ক্যানভাসে দিয়েছেন তুলির শেষ আঁচড়। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো

প্রতিদ্বন্দ্বী ছিলেন বেশ কজন। সেরা হতে পারতেন মাশরাফি, ৯টি উইকেটের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু রান ও দুর্দান্ত অধিনায়কত্ব। হতে পারতেন সাকিব আল হাসান, সিরিজের সর্বোচ্চ ১১ উইকেট, সঙ্গে ১৪২ রান। কিংবা মাহমুদউল্লাহ, ৩ উইকেট আর ১৭৯ রান, দলের প্রয়োজনে দারুণ সব ইনিংস। কিন্তু সিরিজজুড়ে ধারাবাহিকতা, সর্বোচ্চ ২১৩ রান আর ৬টি ডিসমিসালে শেষ পর্যন্ত ম্যান অব দ্য সিরিজ মুশফিকুর রহিম।
সেই মুশফিক, এই সিরিজটি ছিল যাঁর চরিত্রের কঠিন এক পরীক্ষা। তাঁর ওপর থেকে ‘চাপ কমাতে’ কেড়ে নেওয়া হয়েছে ওয়ানডের নেতৃত্ব। সেই চাপে কাবু হওয়ার কথা কখনো ভুলেও স্বীকার করেননি মুশফিক। চাপ থেকে ‘মুক্তি’ দেওয়া হলো বলে স্বস্তি জানানোর প্রশ্নও আসে না একই কারণে। তবে ব্যাপারটি যে পারফরম্যান্সে প্রভাব ফেলছে না, সেটি প্রমাণের দায় ছিল। স্বাভাবিক ক্রিকেটীয় কারণে ব্যর্থ হলেও তো নেতৃত্ব হারানোর ‘শোকের’ প্রশ্ন উঠত! কাল তাই বিজয়ের হাসি হাসতেই পারেন মুশফিক। চাপের সিরিজে তিনিই সেরা!

তবে অধিনায়কত্বের ‘চাপ’ নিয়েও এই স্বাদ পেয়েছেন। তাঁর ওয়ানডে অধিনায়কত্বের সেরা সাফল্যেও কিন্তু তিনিই ছিলেন সেরা! গত বছর নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা সেই সিরিজে পেয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ। সিরিজের সেরা ছিলেন অধিনায়কত্বের আরেক স্মরণীয় সাফল্যেও, ২০১২ সালে পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজকে ৩-২-এ হারানো সেই সিরিজে।
নেতৃত্ব হারানোর পর প্রথম সিরিজ, প্রশ্নটা উঠবে তিনি জানতেন। মুশফিকের উত্তরও যেন তৈরিই ছিল, ‘অধিনায়ক থাকা অবস্থাতেও ম্যান অব দ্য সিরিজ হয়েছিলাম। অধিনায়ক না থেকেও খুব ভালো খেললাম। অধিনায়ক থাকা না-থাকা কিছু না। আমারও দায়িত্ব ছিল যে দল যখন খারাপ করবে তখনই আমি ভালো করবে। এখন সেটা করতে পেরে ভালো লাগছে।’
সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের দায়িত্ব যেমন আছে, পরিবারেও এখন অনেক দায়িত্ব মুশফিকের। নিজের জীবনের সঙ্গে জুড়েছেন এখন আরেকজনকে। সিরিজ-সেরার সাফল্য উৎসর্গ করলেন সেই স্ত্রী জান্নাতুল কিফায়াতকে, ‘বিয়ের পর এটা প্রথম ম্যান অব দ্য সিরিজ। এ জন্য এখন বেশি খুশি। এই সিরিজটিকে বউকে উৎসর্গ করছি।’
চাপমুক্তির প্রশ্ন অবধারিতভাবেই উঠল আবার। বোর্ড যে পরিকল্পনায় নেতৃত্ব পরিবর্তন করেছে, মুশফিকের কি তাহলে সত্যিই চাপমুক্ত লেগেছে এই সিরিজে! প্রশ্নটি ছিল অনেকটা শাঁখের করাত। মুশফিকের উত্তরও সাবধানী, ‘অধিনায়কত্ব অন্য বিষয়। আর যখন ব্যাটিংয়ে নামা হয় আসলে তখন চিন্তায় আসে না যে আমি অধিনায়ক, তাই ভালো খেলতে হবে। আমি সব সময় মনে করি আমিসহ যারা সিনিয়র আছে তারা চিন্তা করে যখন মাঠে নামব, তখন যেন উদাহরণ তৈরি করে আসি। এটাই সব সময় চেষ্টা করি। এখন অধিনায়ক থাকি আর না-থাকি।’
তবে সংবাদ সম্মেলনজুড়ে মুশফিকের হাসিই বলে দিচ্ছিল, পারফর্ম করতে পেরে বেশ নির্ভার। মাশরাফিকে স্তুতিতেও ভাসালেন সামনে থেকে নেতৃত্ব দেওয়ায়, ‘মাঠের বাইরে পরিকল্পনা, মিটিং এসব হয়তো করতে হয়নি। তবে মাঠে যতটুকু পারা যায় মাশরাফি ভাইকে সাহায্য করেছি। যতটা সম্ভব করেছি। মাশরাফি ভাইকে কৃতিত্ব দিতেই হবে। নিজে যা করেছেন, সঙ্গে বোলিং পরিবর্তন, দল সামলানো, সবকিছু ছিল দারুণ।’
মাশরাফির দারুণ নেতৃত্ব, মুশফিকের দুর্দান্ত পারফরম্যান্স। সিরিজের ফল বলছে, দারুণ যুগলবন্দী!

বাংলাদেশের ব্যাটিং–বোলিং
ব্যাটিং
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০

মুশফিকুর রহিম ৫ ২১৩ ৭৭ ৪২.৬০ ০/২
এনামুল হক ৫ ২০০ ৯৫ ৪০.০০ ০/২
মাহমুদউল্লাহ ৫ ১৭৯ ৮২* ৮৯.৫০ ০/২
তামিম ইকবাল ৫ ১৪৭ ৭৬ ২৯.৪০ ০/১
সাকিব আল হাসান ৫ ১৪২ ১০১ ২৮.৪০ ১/০
সাব্বির রহমান ৫ ৮৩ ৪৪* ২৭.৬৬ ০/০
মুমিনুল হক ৩ ৭৯ ৩৩* ৩৯.৫০ ০/০
মাশরাফি বিন মুর্তজা ৪ ৪৮ ৩৯ ১৬.০০ ০/০
সৌম্য সরকার ১ ২০ ২০ ২০.০০ ০/০

এ ছাড়া রুবেল ২ ইনিংসে ১২, ইমরুল ১ ইনিংসে ৫ রান, আবুল হাসান ১ ইনিংসে ১, আরাফাত সানি ১ ইনিংসে ১ রান করেছেন

বোলিং
ওভার রান উইকেট সেরা গড়

সাকিব আল হাসান ৪২.০ ১৩৬ ১১ ৪/৪১ ১২.৩৬
আরাফাত সানি ২৭.৫ ৭৮ ১০ ৪/২৭ ৭.৮০
মাশরাফি বিন মুর্তজা ৩৬.০ ১৪৮ ৯ ৩/৩৪ ১৬.৪৪
তাইজুল ইসলাম ৭.০ ১১ ৪ ৪/১১ ২.৭৫
জুবায়ের হোসেন ১৪.০ ৮৩ ৪ ২/৪১ ২০.৭৫
রুবেল হোসেন ২৪.৫ ১১২ ৪ ২/২২ ২৮.০০
মাহমুদউল্লাহ ২১.০ ১১২ ৩ ২/৪০ ৩৭.৩৩
আল আমিন ১০.০ ৬৫ ১ ১/৪৪ ৬৫.০০

এ ছাড়া আবুল হাসান ১৩ ওভার, সাব্বির রহমান ৬ ওভার, মুমিনুল হক ৩ ওভার ও শফিউল ইসলাম ২.১ ওভার বল করে কোনো উইকেট পাননি

ধবলধোলাইয়ের নয় সিরিজ
৪-০
কেনিয়া, ২০০৬
৩-০
কেনিয়া*, ২০০৬
৫-০
জিম্বাবুয়ে, ২০০৬
২-০
স্কটল্যান্ড, ২০০৬
৩-০
আয়ারল্যান্ড, ২০০৮
৩-০
ও. ইন্ডিজ*, ২০০৯
৪-০
নিউজিল্যান্ড, ২০১০
৩-০
নিউজিল্যান্ড, ২০১৩
৫-০
জিম্বাবুয়ে, ২০১৪
*অ্যাওয়ে সিরিজ