উদীয়মান থেকে উদিতের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্য সরকার
সৌম্য সরকার

২০১৫। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সোনালি বছর। স্বপ্নের মতো এক বিশ্বকাপ, এরপর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সিরিজ জয়। বাংলাদেশের মানুষের স্মৃতিপটে অনেক দিন জ্বলজ্বলে থাকবে ‘২০১৫’। বছরটাকে ভুলতে পারবেন না সৌম্য সরকারও। বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ম্যাচটা ২০১৪ সালে খেললেও সৌম্য আলো কেড়েছেন ২০১৫-তেই। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি করা সৌম্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেন ৮৮ ও ৯০ রানের ম্যাচজয়ী দুটি ইনিংস। সেই সৌম্যই পেলেন রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে ২০১৫ সালের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি।
কাল ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরস্কার হাতে নেওয়ার পর সৌম্যর কণ্ঠে ছিল আরও বড় কিছু করার প্রত্যয়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এসেই স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। এখন চেষ্টা করব এটাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আরও বড় কিছু করতে।’
সৌম্যর বড় কিছু করা মানেই বাংলাদেশের বড় কিছু করা। বাংলাদেশের চাওয়াও তো তা-ই। কিন্তু চোট থেকে ফেরার পর থেকেই যে নিজেকে হারিয়ে খুঁজছেন সৌম্য। হঠাৎ করেই ফর্ম হারিয়ে ফেলা বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু ফর্ম হারানোটা আশীর্বাদ হিসেবেই দেখছেন, ‘ক্রিকেটে সবারই খারাপ সময় আসে। সেই সময়টা আমার একটু আগেই এসেছে। তবে এতে বোধ হয় ভালোই হয়েছে। এখন যত দ্রুত নিজেকে ফিরে পাব, ততই ভালো। চেষ্টা করছি সামর্থ্যের ১০০ ভাগ দিতে।’
শুধু উদীয়মান হয়ে থাকলে তো হবে না, উদিত সূর্য হয়ে আরও আরও আলো ছড়ানো তো চাই।