উদ্বোধনী জুটিতে প্রথম ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপ্তি শর্মা  ও পুনম রাউত
দীপ্তি শর্মা ও পুনম রাউত

ছেলেদের আগেই বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন তাঁরা। ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিটাও একজন নারীর। ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক অপরাজিত ছিলেন ২২৯ রানে। পরশু আরেকটি ‘প্রথম’-এ বসে গেল নারী ক্রিকেটারদের নাম। প্রথমবারের মতো ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে ৩০০ ছাড়ানো রান করেছেন ভারতের দীপ্তি শর্মা ও পুনম রাউত মিলে।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে চার জাতি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দীপ্তি-পুনমের জুটিতে রান উঠেছে ৩২০। ছেলেদের ওয়ানডে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ২৮৬ রান দেখেছে ২০০৬ সালে। ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা গড়েছিলেন ওই জুটি। দীপ্তি-পুনমের ৩২০ মেয়েদের ওয়ানডেতে যেকোনো উইকেটেই প্রথম ৩০০ ছাড়ানো জুটি।

মেয়েদের মতো ছেলেদের ওয়ানডেও প্রথম ৩০০ রানের জুটি দেখে ভারতীয়দের সৌজন্যে। ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩১৮ রান করেন সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। এরপর আরও দুবার ৩০০ রানের জুটি হয়েছে ছেলেদের ওয়ানডেতে। ২০১৫ বিশ্বকাপে সর্বোচ্চ ৩৭২ রানের জুটি গড়েন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ক্যানবেরার ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।

পরশু দীপ্তি করেছেন ১৮৮ রান, পুনম ১০৯। দীপ্তির ১৮৮ মেয়েদের ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর দল ভারত ২ উইকেটে করে ৩৫৮ রান। জবাবে ১০৯ রানে অলআউট হয়ে আইরিশরা হেরেছে ২৪৯ রানে। ভারতীয় মেয়েদের এটা ছিল টানা ১৬তম জয়। আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই মেয়েদের ক্রিকেটে টানা ওয়ানডে জয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করবে ভারত। এএফপি, রয়টার্স।