উদ্ভট সিরিজের অভিজ্ঞতা আমলার

প্রশ্নটার জবাব দিতে গিয়ে হাশিম আমলা একটু চিন্তায়ই পড়ে গেলেন। দুই টেস্ট মিলিয়ে খেলা হয়েছে প্রায় চার দিনের মতো। এর মধ্যে থেকে প্রাপ্তি খুঁজে বের করা তো কঠিনই। সেটিও আবার টেস্টের এক নম্বর দলটির জন্য! দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক তাই রসিকতার সুরে বললেন, ‘অন্তত ডেলের (স্টেইন) ৪০০ উইকেট তো হয়েছে! আমরা আগে ব্যাটিং করলে সেটিও তো হতো না। মাইলফলকটা ছোঁয়ার জন্য ওকে আরও তিন মাস অপেক্ষা করতে হতো।’ তিন মাস মানে দক্ষিণ আফ্রিকার পরবর্তী টেস্ট সিরিজ, যেটি ভারতের বিপক্ষে। স্টেইনের জন্যও সেই অপেক্ষা নির্ঘাত খুব বিরক্তিকর হতো।
ঢাকা টেস্টে খেলা হয়েছে শুধুই প্রথম দিন। বাকি দিনগুলোর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই ক্রিকেটের চেয়ে বেশি এসেছে বৃষ্টি আর আবহাওয়া। কাল আমলার সফর-সমাপনী সংবাদ সম্মেলনেও তা-ই। আমলার জন্য এটা নতুন অভিজ্ঞতাই, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে উদ্ভট টেস্ট সিরিজগুলোর একটা। মনে হয় না, আমি অন্য কোনো টেস্ট সিরিজ খেলেছি, যেখানে ১০ দিনের মধ্যে ৬ দিনই বৃষ্টিতে ভেসে গেছে। এই অর্থে এটা অনন্য অভিজ্ঞতা।’
সিরিজের ফলে অবশ্য এত কিছু লেখা থাকবে না। পরিসংখ্যান বলবে, দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট ড্র করেছে বাংলাদেশের সঙ্গে। কমেছে রেটিং পয়েন্টও। আমলার হতাশাটা অনুমেয়ই, ‘এটা বোঝা আসলেই কঠিন। যদি যথেষ্ট ক্রিকেট হওয়ার পর ১-১ ড্র হতো, তাহলে নাহয় একটা কথা ছিল। সুতরাং এই দিকটা আইসিসি দেখতে পারে। আমাদের পয়েন্ট হারানো খুব অদ্ভুত মনে হচ্ছে আমার, আমরা তো সেভাবে খেলার সুযোগই পেলাম না!’
সে হতাশা সঙ্গী করেই ফিরবেন দেশে। তবে বাংলাদেশকে প্রাপ্য প্রশংসা ঠিকই দিয়ে গেলেন, ‘সব ধরনের ক্রিকেটের মধ্যে ওদের ওয়ানডে পরিসংখ্যান সবচেয়ে ভালো। কিন্তু যে দলটা ওয়ানডেতে উন্নতি করে, তারা সম্ভবত টেস্টেও উন্নতি করবে—এটাই স্বাভাবিক। আমি যতটুকু জানি, এখন ওদের কিছুদিনের বিরতি, তারপর অস্ট্রেলিয়া আসবে। ওরা যত বেশি টেস্ট খেলবে, তত উন্নতি করবে—এতে কোনো সন্দেহ নেই। অস্ট্রেলিয়া অবশ্যই খুব ভালো দল, তবে এটি ভালো সিরিজ হবে।’