উদ্যাপনে 'নমস্কার' দেওয়ার প্রস্তাব রাহানের

সবার আশা, করোনাভাইরাসের এ দুর্যোগ কেটে যাবে একটা সময়। জীবন আবার স্বাভাবিক হয়ে এলেও বদলে যেতে পারে আগের অনেক রীতিই। ক্রিকেটই ধরুন, খেলোয়াড়েরা উইকেট পাওয়ার আনন্দে একে অপরের সঙ্গে হাত মেলান, জড়িয়ে ধরেন, শূন্যে ঘুষি মারেন। খেলার মধ্যে কিংবা শেষে সৌজন্য দেখিয়ে একজন আরেকজনের সঙ্গে হাত মেলান। এমন অনেক রীতিই হয়তো বদলে যাবে করোনাপরবর্তী পৃথিবীতে।
উইকেট পাওয়ার পর একজন বোলার তাহলে উদ্যাপন করবেন কীভাবে? ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে একটা উপায় দেখছেন। সম্প্রতি এক ওয়েব কনফারেন্সে ভারতীয় টেস্ট দলের সহঅধিনায়ক বলছেন, ‘এখন উইকেট পাওয়ার পর বোলারকে নমস্কার দিতে হবে কিংবা এমন কিছু করতে হবে। পুরোনো দিনের মতো শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন। সীমানা থেকে দৌড়ে আসার দরকার নেই। শুধু ক্রিকেটেই নয়, সাধারণ জীবনযাপনেও মনে হয় অনেক প্রভাব ফেলবে।’
করোনাপরবর্তী সময়ে ক্রিকেটে অনেক পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে। তবে রাহানের অপেক্ষাটা আপাতত খেলা শুরুর, ‘জানি না আইসিসি কী কী করবে। আমাদের সবার অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আমাদের দেখতে হবে কবে ক্রিকেট শুরু হয়। কর্তৃপক্ষ কী কী পরিবর্তন আনে। মাঠে ফিরতে আমরা সবাই উন্মুখ হয়ে আছি।’
রাহানের লকডাউন সময়টা কাটছে এখন মুম্বাইয়ে। ঘরবন্দী সময়টা তাঁর কেমন কাটছে, সেটি খুলেই বললেন, 'খুব সকালে ঘুম থেকে উঠি। মেয়ে উঠে যাওয়ার আগেই কাজগুলো সেরে রাখি। ফিট থাকা ও ইতিবাচক মানসিকতা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। স্ত্রীকে রান্না ও ঘরদোর পরিষ্কারে সহায়তা করছি। কন্যার সঙ্গে সময় কাটানোটা সবচেয়ে সেরা অংশ। আমার জুডোতে ব্ল্যাক বেল্ট আছে। সপ্তাহে ৩-৪ দিন তাই কারাতে অনুশীলন করেছি। শৃঙ্খলবদ্ধ থাকাটাই হচ্ছে আসল কথা।'