উনিশেই শেষ প্রথম শ্রেণির ক্যারিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১৯ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন এই গিবসন।ছবি: দ্য গার্ডিয়ান
মাত্র ১৯ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন এই গিবসন।ছবি: দ্য গার্ডিয়ান

ইয়র্কশায়ারের হয়ে ১৫ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। অসম্ভব প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পরিচিতিটাও ছড়িয়ে পড়েছিল বার্নি গিবসনের। কেবল ক্রিকেটীয় প্রতিভার বিবেচনাতেই নিজের স্কুল থেকে বারবার পেতেন ছাড়। সেই গিবসনই কিনা মাত্র ১৯ বছর বয়সেই ছেড়ে দিলেন ক্রিকেট! পরিসংখ্যান বলছে, প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ‘অবসরে’ যাওয়া কনিষ্ঠতম ক্রিকেটার এই গিবসন।
ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে তিনি খেলেছেন মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ। ২০১১ সালে অভিষেকের পর ইয়র্কশায়ার অ্যাকাডেমির হয়েই চালিয়ে যাচ্ছিলেন অনুশীলন। কিন্তু হঠাৎই পরিবর্তিত তাঁর লক্ষ্য। নাহ্‌, ক্রিকেটার নয়, এই মুহূর্তে তাঁর লক্ষ্য আর দশজন সাধারণ মানুষের মতোই জীবন। আপাতত পড়াশোনাটা শেষ করবেন, পরে বেছে নেবেন নির্ঝঞ্ঝাট এক জীবন।
লক্ষ্য পরিবর্তনের ব্যাপারটা গিবসনের জন্য অবশ্য নতুন কিছু নয়। এগারো বছর বয়সে লিডস ইউনাইটেডের ফুটবল অ্যাকাডেমিতে তিনি যোগ দিয়েছিলেন ফুটবলার হওয়ার লক্ষ্যে। সেখানে গোলরক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন বেশ কিছু দিন। পরে মত পাল্টে ক্রিকেট বেছে নেন জীবনের লক্ষ্য হিসেবে।
প্রতিভান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে হারিয়ে অবশ্য বেশ হতাশ ইয়র্কশায়ার। কাউন্টি দলটির ক্রিকেট উন্নয়ন পরিচালক ইয়ান ডিউস অবশ্য হতাশা চেপে শুভ কামনাই জানিয়েছেন গিবসনকে, ‘আমি ওকে শুভ কামনা জানাই। এ ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমরা তাঁর ইচ্ছাকে সম্মান করি। ইচ্ছেমতো জীবনের লক্ষ্য বেছে নেওয়ার অধিকার অবশ্যই তাঁর আছে।’
গিবসন জানিয়েছেন, এই সিদ্ধান্তটি নেওয়া নাকি তাঁর জন্য বেশ কঠিনই ছিল। তিনি ধন্যবাদ জানিয়েছেন ইয়র্কশায়ার অ্যাকাডেমির সতীর্থদের। ধন্যবাদ জানিয়েছেন ইয়র্কশায়ার কাউন্টিকেও। সূত্র: দ্য গার্ডিয়ান