উনুনে পুড়েই কড়াইয়ে নামতে চায় আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি হয়েই আসছে রশিদের দল। ছবি: টুইটার
তৈরি হয়েই আসছে রশিদের দল। ছবি: টুইটার
>

ভারতের বদলে আফগানিস্তান এবার অনুশীলন করেছে আবুধাবিতে গিয়ে। কারণ? বাংলাদেশের গরমের সঙ্গে মানিয়ে নিতে আরও বেশি গরম আবহাওয়ায় কন্ডিশনিং ক্যাম্প করা

ওয়ানডে আর টি–টোয়েন্টিতে আফগানিস্তান কতটা ভয়ংকর দল হয়ে উঠতে পারে, তা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো বাংলাদেশও জানে। সর্বশেষ তিনটি টি–টোয়েন্টিতে আফগানদের কাছে হেরেছেন সাকিব–মুশফিকরা। টেস্ট ক্রিকেটে দলটি নবীন। তবু ক্রিকেটের অভিজাত এই অঙ্গনে ভালো করার প্রত্যয় নিয়েই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান দল। সফরে একটি টেস্টের সঙ্গে একটি ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজও খেলবে তারা। বাংলাদেশ, আফগানিস্তান ছাড়া টি–টোয়েন্টি সিরিজের অন্য দলটি জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের আগে এখানকার জল–হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় পাবে না আফগানরা। আগামী পরশু ঢাকায় পা রাখবেন রশিদ–নবীরা। ঢাকা থেকে তাঁরা চলে যাবেন চট্টগ্রামে। ৫ সেপ্টেম্বর সেখানেই শুরু একমাত্র টেস্ট। এর আগে ১ ও ২ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। টেস্টের আগে খুব একটা সময় না পেলেও সমস্যা নেই রশিদদের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা নাকি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কন্ডিশনিং ক্যাম্প করেই আসছে আফগানিস্তান দল।

বিশ্বকাপ–ব্যর্থতার পর টি–টোয়েন্টির সঙ্গে টেস্ট আর ওয়ানডেতেও দলের অধিনায়ক করা হয়েছে রশিদকে। নতুন দায়িত্বের প্রথম পরীক্ষাটা তিনি দেবেন বাংলাদেশেই। বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে কাল আফগান অধিনায়ক বলছিলেন, ‘ভারতে আমাদের অনুশীলনের মূল জায়গা রেখে আমরা আবুধাবিকে কন্ডিশনিং ক্যাম্প করার জন্য বেছে নিয়েছি একটা কারণেই। বাংলাদেশের চেয়ে উষ্ণ কোনো জায়গায় আমরা অনুশীলন করতে চেয়েছি।’

ওয়ানডে আর টি–টোয়েন্টিতে অনেক বড় দলের সঙ্গেই সমানে সমান লড়াই করছে আফগানিস্তান। ওয়ানডেতে এরই মধ্যে দলটি ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে আর বাংলাদেশকে হারের তেতো স্বাদ উপহার দিয়েছে। বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের কাছে হারলেও দুই দলেরই স্নায়ুর কঠিন পরীক্ষা নিয়ে ছেড়েছে তারা। ২০১৭ সালে টেস্ট মর্যাদা পেয়ে প্রথম ম্যাচটি খেলেছে গত বছর। ভারতের বিপক্ষে সেই ম্যাচে ইনিংস ও ২৬২ রানে হারলেও নিজেদের দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় দলটি। গত মার্চে আয়ারল্যান্ডকে তারা হারায় ৭ উইকেটে।

বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে ওই ম্যাচ থেকেই প্রেরণা নিচ্ছেন রশিদ, ‘প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্টটি ভালো খেলেছি আমরা। দলের খেলায় উন্নতি আনতে আমরা প্রত্যেক ম্যাচ থেকেই ইতিবাচক দিকগুলো নিতে পারি। আমরা বাংলাদেশে যাচ্ছি শক্তিশালী একটা দল নিয়ে। অভিজ্ঞতার পাশাপাশি দলে তরুণ প্রতিভাও আছে।’ আফগানদের আশাটা বেশি ১৭ বছর বয়সী ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে নিয়ে, ‘সম্প্রতি “এ” দলের হয়ে বাংলাদেশ সফরে ইব্রাহিম খুব ভালো খেলেছে। ওর ভবিষ্যৎ ভালো মনে হচ্ছে আমার কাছে।’

রশিদ কথা বলেছেন নিজের অধিনায়কত্ব নিয়েও। হঠাৎ করেই পাওয়া নেতৃত্ব প্রসঙ্গে টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার বলেছেন, ‘আমাদের ক্রিকেট বোর্ড ভবিষ্যতের কথা ভাবছে। সেই পরিকল্পনা থেকেই তারা আমাকে অধিনায়ক করেছে। এই দায়িত্ব আমার পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। অধিনায়কের দায়িত্ব পালন করতে গিয়েও আমার মূল মনোযোগ থাকবে নিজের ক্রিকেটটা উপভোগ করে যাওয়া আর ভালো খেলার দিকে।’

দলে আছেন আফগানিস্তানের দুই সাবেক অধিনায়ক আসগর আফগান ও মোহাম্মদ নবী। এই দুই অভিজ্ঞ খেলোয়াড় থাকায় নেতৃত্ব দেওয়ার কাজটা আরও সহজ হয়ে যাবে বলে মনে করেন রশিদ। আর নিজে তো দিতে চান সবকিছু উজাড় করেই।