উপভোগের সময়েও উন্নতির তাড়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার বললেন সময়টা উপভোগের। আরেকবার তাঁর মুখ দিয়েই বেরোল, এখনো উন্নতির অনেক সুযোগ আছে। বক্তা মুশফিকুর রহিম। বক্তব্যের বিষয় বাংলাদেশ ক্রিকেট দলের গত কিছুদিনের পারফরম্যান্স।
ভালো কিছু আনন্দ যেমন দেয়, আরও ভালোর ক্ষুধাও জাগায় মনে। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের মধ্যে দুটির যুগল উপস্থিতি। ওয়ানডেতে সাফল্যের পতাকা উড়ছে বিশ্বকাপ থেকেই। গত তিনটি টেস্ট সিরিজে জয় না পেলেও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ড্রয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত পরের তিন টেস্টের টুকরো টুকরো কিছু ছবি দীর্ঘ পরিসরের ক্রিকেটেও নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে তাঁকে। তবে সেটা শর্ত সাপেক্ষে।
সর্বশেষ তিন সিরিজের অভিজ্ঞতা থেকেই টেস্টে আরও উন্নতির সুযোগ দেখছেন মুশফিক। মিরপুরে কাল সিরিজ শেষের সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘বাংলাদেশ দল একটা মানদণ্ড ঠিক করে ফেলেছে। আমরা শেষ চারটা ওয়ানডে সিরিজ জিতেছি, টেস্টেও শেষ আটটা ম্যাচ খুবই ভালো খেলেছি। তবে উন্নতির এখনো বহু জায়গা আছে।’
সেটা করে দেখানোর প্রথম সুযোগ বাংলাদেশ পাবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে। তার আগে সাফল্যের সময়টাকে উপভোগ করতে চান মুশফিক, ‘গত চার-পাঁচ মাসে যা অর্জন করেছি, এখন তা উপভোগ করার সময়। অস্ট্রেলিয়া সিরিজের আগের বিরতিটা দরকার ছিল।’ দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে আপাতত কয়েকটা দিন ছুটি কাটাবেন ক্রিকেটাররা। ২১ আগস্ট থেকে ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি।
সাম্প্রতিক সাফল্যের কারণে অস্ট্রেলিয়া সিরিজে ক্ষুধাটা একটু বেশিই থাকার কথা। কিন্তু মুশফিক, সাকিব, তামিমদের মতো সেটি কি একই রকম তাড়িয়ে বেড়াবে নতুন আসা সৌম্য, লিটন, মুস্তাফিজদের? নিকট অতীতের কিছু অভিজ্ঞতার কারণেই প্রশ্নটা আসছে। মুশফিকও সেদিকে ইঙ্গিত করেই মনে করিয়ে দিলেন, ‘সবাই এসেই ভালো খেলা শুরু করেছে, তাই সবার প্রত্যাশা থাকবে, তারা সব সময় এ রকমই খেলে যাবে। বাস্তবতা হলো, এভাবে সব সময় খেলা যায় না। খারাপ সময় আসবেই।’
মুশফিক মনে করেন, কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটাররা যে পরিশ্রম করে আসছেন, সাম্প্রতিক সাফল্য তারই ফল। এই পারফরম্যান্স ধরে রাখতে হলে ধরে রাখতে হবে পরিশ্রম করার মানসিকতাও, ‘এটাতে খুব গর্বিত হওয়ার কিছু নেই। পঞ্চাশ বা এক শ রান করা, ৩ বা ৫ উইকেট পাওয়া এটাই তো আমাদের কাজ। এই জন্যই তো আমরা জাতীয় দলে আছি বা বাংলাদেশের জন্য খেলছি।’
উইকেটে থিতু হয়েও ব্যাটসম্যানদের আউট হয়ে যাওয়াকে আগের দিন ‘অপরাধ’ বলে গেছেন মাহমুদউল্লাহ। মুশফিক এই বক্তব্যের সঙ্গে একমত। দীর্ঘ পরিসরের ক্রিকেটে এই সমস্যার কথা বলতে গিয়ে আবারও তুলে ধরলেন ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে টেস্টের ব্যবধান, ‘এই পর্যায়ের ক্রিকেটে যে ধরনের চাপ থাকে, ঘরোয়া ক্রিকেটে তা থাকে না। লিটনকে দেখেন,
ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে। আমি বলছি না যে, আন্তর্জাতিক ক্রিকেটে পারবে না; পারবে। কিন্তু যেভাবে ঘরোয়া ক্রিকেটে রান করে, সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারছে না।’
আন্তর্জাতিক ক্রিকেটে এখন বাংলাদেশ ভালো সময় কাটালেও টেস্টে ধুঁকছিল মুশফিকুর রহিমের ব্যাট। ঢাকা টেস্টে ৬৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার আগের ১১ ইনিংসে কোনো ফিফটি ছিল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত টেস্ট সিরিজে নিজেকে ফিরে পাওয়াতেই তাই সবচেয়ে বেশি আনন্দ অধিনায়কের। সেটি ফুটেও বেরোল কথায়, ‘দল ভালো খেলেছে। এখন অধিনায়ক হিসেবে আপনি নিশ্চয়ই চাইবেন, রানটা আপনার ব্যাট থেকেই আসুক, যাতে দলের সামনে উদাহরণ তৈরি করতে পারেন। সেই হিসেবে শেষ ইনিংসে রান করে ভালো লাগছে।’