উপভোগ করতে না পারলে সাকিব হওয়া যায় না
উল্লাস করতে গিয়েও যেন থেমে গেলেন। ডান হাতের তর্জনী তুলে একবার ঝাঁকিয়ে নামিয়ে আনলেন সাকিব আল হাসান। ম্যাথু ওয়েড বাঁক নেবে ভেবে খেলেছিলেন, কিন্তু সাকিবের বলটা লাইনেই থাকল। সে লাইন মিস করে বোল্ড হলেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে সাকিবের প্রথম উইকেট। আগের ম্যাচে ড্যান ক্রিস্টিয়ানের কাছে এক ওভারে সাকিব গুনেছিলেন ৩০ রান, বদলে গিয়েছিল ম্যাচের দৃশ্যপট।
এদিন ওয়েড শুরুটা ভালো করেন, লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়া অধিনায়ক আরেকটু থাকলে হয়তো বদলে যেতে পারত ম্যাচের চিত্র। সাকিব তা হতে দিলেন না।
এক ওভারে ৩০ থেকে ৯ রানে ৪ উইকেটের পারফরম্যান্স—সাকিব প্রত্যাবর্তনে সময় নেন না খুব একটা। সাকিবের প্রত্যাবর্তন হয় রাজসিক। সেটি এক ম্যাচের বিরতি দিয়ে হোক বা এক বছরের বেশি।
২০১৯ সালের অক্টোবরে সাকিব যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয় থেকে বেরিয়ে যান, তখন রাত সাড়ে আটটার মতো। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে আইসিসির নিষেধাজ্ঞা মেনে নিয়ে দেওয়া বিবৃতিটা আরেকবার পড়ে শুনিয়েছেন। সাকিবের এক বছরের দিন গণনা শুরু হয়ে গেল, যে বছর তাঁর ক্রিকেট ক্যারিয়ারে শুধুই শূন্যতা।
পরের বছর সেপ্টেম্বরে সাকিব অনুশীলনে ফিরলেন নিজের ‘শিকড়’ বিকেএসপিতে। উদ্দেশ্য ছিল শ্রীলঙ্কা সফর, দ্বিতীয় টেস্ট দিয়েই ফেরার কথা ছিল তাঁর। তবে ২০২০ সাল শুধু সাকিবের নিষেধাজ্ঞার বছরই নয়। ততদিনে পৃথিবীতেই নেমেছে এক কড়া নিষেধাজ্ঞা—করোনাভাইরাস। সাকিবের ফেরা হলো না, করোনায় কোয়ারেন্টিন জটিলতায় শ্রীলঙ্কা সফরটাই যে স্থগিত হয়ে গেল। সাকিব দেশের মাটিতে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে, প্রথম ম্যাচেই ম্যাচসেরা। ওয়ানডে সিরিজে সেরা খেলোয়াড়—রাজসিক প্রত্যাবর্তন!
নিউজিল্যান্ড সফরে চোট ও ব্যক্তিগত কারণে যাননি। এরপর জিম্বাবুয়ে সফর, অস্ট্রেলিয়া সিরিজ। জিম্বাবুয়ে সফরে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজেও হয়েছেন সেরা খেলোয়াড়। নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে সাত মাসের মতো সময় কাটিয়েছেন। প্রত্যাবর্তনটা রাজসিক মনে হলেও আদতে তাঁর পারফরম্যান্সে কি পার্থক্য আছে তেমন?
নিষেধাজ্ঞা থেকে ফিরে সাকিব অনুশীলন শুরু করেছিলেন দেশের দুই কিংবদন্তি কোচ নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে। তাঁদের একজন নাজমুল আবেদীন বলছেন, সাকিবের বোলিংটা আগের মতো নেই, আরও ভালো হয়েছে। পরিসংখ্যানও অবশ্য বলছে তেমনই। সব সংস্করণ মিলিয়ে নিষেধাজ্ঞার আগে সাকিবের ক্যারিয়ার বোলিং গড় ছিল ২৮.৫১। নিষেধাজ্ঞার পর সেটি নেমে এসেছে ২০.৩৪–এ। কমেছে বোলিংয়ের ইকোনমি রেট (৩.৮৬ থেকে ৩.৬৪)।
তবে আলোচনা আছে সাকিবের ব্যাটিং নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার আগে ক্যারিয়ার গড়টা যেখানে ছিল ৩৫.৩০, সেটি কমে এ সময়ে নেমে এসেছে ৩১.১৮-তে। স্ট্রাইক রেটও ৭৭.৪৫ থেকে কমে ৭২.৮৪। ঘরোয়ায় গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছিলেন সাকিব। সেখানে (১২.২২ গড়ে ১১০ রান, সর্বোচ্চ ২৮) বা এ বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতেও (১৫ গড়ে ১২০ রান, ১০৯ স্ট্রাইক রেট) তেমন সুবিধা করতে পারেননি। অবশ্য শেষ জিম্বাবুয়ে সফরে ৯৬ রানের অপরাজিত ম্যাচজেতানো একটা ইনিংস ছিল সাকিবের।
নাজমুল বলছেন, সাকিবের ব্যাটিংয়ে ছন্দ ফিরে পেতে বাধা মূলত বেশি বেশি টি-টোয়েন্টি খেলাই, ‘নিষেধাজ্ঞার পর যখন খেলা শুরু করেছে, তখন বেশির ভাগই টি-টোয়েন্টি খেলেছে। এ সংস্করণে বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। ফলে অনেক দিন খেলেনি বা ফর্মের বাইরে থাকা কারও জন্য এটা আসলে আদর্শ মঞ্চ নয়। ভালো হতো যদি এক দিনের বা দীর্ঘ সংস্করণ দিয়ে ফিরতে পারত। তাহলে একটু সময় নিয়ে খেলতে পারত। টি-টোয়েন্টিতে সেটা হয় না। নিজের ইচ্ছার বিরুদ্ধেও শট খেলতে হয়। মানসিক বা শারীরিকভাবে হয়তো আপনি তৈরি না, কিন্তু স্কোরবোর্ড বা দলের চাপে খেলতে হয়। ও যদি আরেকটু সময় নিয়ে খেলতে পারত, তাহলে হয়তো এর মাঝে আগের যে ফর্ম ছিল, সেখানে চলে আসতে পারত।’
সামনে অবশ্য সাকিবকে টি-টোয়েন্টিই খেলতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজেও সব ম্যাচই এ সংস্করণে। সাকিব ‘আদর্শ মঞ্চ’টা শিগগির পাচ্ছেন না তাই। অবশ্য সাকিবের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া সিরিজে তুলনামূলক উন্নতি চোখে পড়েছে নাজমুলের। তবে তাঁর মতো নিচের দিকে শট খেলে রান করা পছন্দ ব্যাটসম্যানের জন্য মিরপুরের মন্থর ও নিচু বাউন্সের উইকেট সহায়তা করেনি খুব একটা। একটু ব্যাটিং সহায়ক কন্ডিশন পেলে সাকিব ছন্দ ফিরে পাবেন বলেও আশা করেন নাজমুল।
নাজমুল যখন কোচের দৃষ্টিতে দেখছেন, সাকিবের পারফরম্যান্সকে হাবিবুল বাশার দেখছেন খেলোয়াড়ের চোখেই। বাংলাদেশের সাবেক অধিনায়কও অবশ্য সাকিবের ব্যাটিংয়ে পুরো ছন্দে না ফেরার কারণ হিসেবে দেখছেন টি-টোয়েন্টি খেলাই, ‘পারফরম্যান্স তো সবারই ওঠানামা করে। ওর-ও করেছে, করবে। আর এত দিন বিরতির পর এমন হওয়াটা স্বাভাবিক, ছন্দে ফিরতে একটু সময় লাগতেই পারে। ফেরার পর থেকে তো টি-টোয়েন্টি বেশি খেলেছে, ওয়ানডে বা দীর্ঘ সংস্করণে তেমন খেলে নাই। ফলে এমন হতেই পারে। আমি কোনো পার্থক্য দেখি নাই ওর পারফরম্যান্সে। আমরা আসলে আলোচনা করতে গিয়ে অনেক সময় গুলিয়ে ফেলি এসব।’
ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজে সাকিবের মাঠে উপস্থিতিও চোখে পড়েছে বেশ। একাধিক সিনিয়র ক্রিকেটার কোনো না কোনো সংস্করণে ছিলেন না এ সিরিজে। নাজমুল বলছেন, করোনাভাইরাস আসার পর যে পরিস্থিতি, তাতে সাকিবের মতো সিনিয়র ক্রিকেটারের দায়িত্ব আসলে নিতেই হবে, ‘এটা খুব জরুরি, এটা না হলে খেলাটা কঠিন, খেলা উপভোগ করা কঠিন। এখন যে অবস্থা দেখা গেছে, কোভিডের কারণে কোয়ারেন্টিন, জৈব সুরক্ষাবলয়, পরিবার থেকে দূরে থাকা—এসব কঠিন। এ সময়ে ক্রিকেটের পরিবারটা যদি একসঙ্গে না থাকতে পারে, তাহলে সবই কঠিন হয়ে ওঠে। দল হিসেবে খেলা, সবার পাশে সবার থাকা—এটা গুরুত্বপূর্ণ। শেষ জিম্বাবুয়ে সফর এবং এ সিরিজে দলটাকে একটা দল মনে হচ্ছে। সে ক্ষেত্রে সিনিয়র যাঁরা, তাঁদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি দরকার। সেটা সাকিব বা মাহমুদউল্লাহর মাঝে দেখেছি। সবাইকে নিয়ে খেলা, সব ব্যাপারে সম্পৃক্ত থাকা।’
অস্ট্রেলিয়া সিরিজে শেষ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০ উইকেট ও প্রথম হিসেবে ১০০ উইকেট ও ১০০০ রানের ডাবলের রেকর্ড গড়া সাকিবও বলেছেন, দলীয় সমন্বয়ের কারণেই এমন পারফরম্যান্স এসেছে। আর ব্যক্তিগত অর্জন নিয়ে বলেছেন, যত দিন উপভোগ করে যাবেন, তত দিন পারফরম্যান্সটা এমনই রাখার চেষ্টা করবেন তিনি। নিজের ব্যর্থতা নিয়ে সাকিবের ভাষ্য, ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে একটা সূত্র আছে তাঁর। আগের ম্যাচে ক্রিস্টিয়ানের ওই ওভার নিয়ে যেমন বললেন, ‘আমি তো মানুষই! (অমন পারফরম্যান্সে) অনেকেই প্রভাবিত হয়, অনেকে হয় না। আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার চারপাশটাই অমন, যেখানে আমাকে প্রভাবিত করার সম্ভাবনা কম থাকে। সেদিক থেকে আমি অনেক ভাগ্যবান।’
নাজমুলও বলেছেন, ক্যারিয়ারের এ সময়ে এসে ৩৪ বছর বয়সী একজন ক্রিকেটারের জন্য উপভোগ করাটাই মূল, ‘এটা খুব কঠিন, নিজের তাড়নাটা বাড়ানো। ও জীবনের এমন একটা পর্যায়ে, যখন তার পরিবার বা এমন অনেক দায়বদ্ধতা আছে। ভালো খেলতে না পারলে যে আগ্রহ নিয়ে খেলার ব্যাপারটা থাকে, সেই আগ্রহটা থাকে না কিন্তু।’
সাকিবের মধ্যে সেটি দেখেন তিনি, ‘কিন্তু এখনো ওই আগ্রহ দেখছি, ও যে উপভোগ করছে, তা বোঝা যায়। যে খেলোয়াড় অন্যের সাফল্য উপভোগ করে, তখন বুঝতে হবে সে খুবই সম্পৃক্ত থাকে সবকিছু নিয়ে। সাকিবের মাঝে ওই ব্যাপারটা এখনো আছে। অন্য কেউ যখন উইকেট পায়, তখন সাকিবের যে প্রতিক্রিয়া দেখি, সেটা থেকে বোঝা যায়—ও এখনো দলে সবার পাশে থাকে, সবার জন্য খেলে। উপভোগ না করলে এটা হয় না কিন্তু। ওর তো সারাটা জীবনই ক্রিকেট। সেই যে ২০০০ সালে বিকেএসপিতে এল, এরপর থেকে এই ২০২১ সাল পর্যন্ত পুরোটাই তো ক্রিকেট। এটা নিয়ে আরও যত দিন পারবে, থাকতে চাইবে এবং নিশ্চয়ই উপভোগ করার চেষ্টা করবে।’
নাজমুল যেমন সাকিবের একেবারে শুরুটা দেখেছেন, আন্তর্জাতিক ক্রিকেটেও সাকিবের শুরুটা দেখা হাবিবুল সাকিবের ‘প্রত্যাবর্তন’ নিয়ে বললেন, ‘আমি তো ওকে একেবারে শুরু থেকেই দেখছি, অভিষেক থেকেই। ওর পারফরম্যান্সের চেষ্টাটা একই রকম আছে। আর সব সময়ই দেখেছি, কোনো বিরতি বা অফ ফর্ম এলে, সেটা থেকে তার প্রত্যাবর্তনটা দারুণ হয়। সে প্রত্যাবর্তনটাই করছে সে।’
সাকিবের মধ্যে পারফরম্যান্স করার খিদেটা সেই আগের মতোই দেখতে পান হাবিবুল, ‘এককথায় যদি বলি—সে আগেও যা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সে চ্যাম্পিয়ন ক্রিকেটার। এটা আলাদা করে বলার দরকার হয় না আসলে। ওর মাঝে একটা ব্যাপার আছে, সেরাটা দেওয়ার চেষ্টা করা। সেটা আগেও ছিল, এখনো আছে। ভালো করার ক্ষুধাটা ওর কমে না।’
ক্যারিয়ারে ১৫ বছর পেরিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৭ ম্যাচ খেলে ফেলার পর ওই ক্ষুধা আছে, ওই উপভোগের মন্ত্র আছে বলেই না প্রত্যাবর্তনটা রাজসিক হয় সাকিবের। সে প্রত্যাবর্তনের মাঝের বিরতিটা এক ম্যাচের হোক বা এক বছরের।