উপমহাদেশের ভাগ্যে এবার কী আছে?

২৩ বছর পর বিশ্বকাপ ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। উপমহাদেশের সঙ্গে আয়োজক দুই দেশের কন্ডিশনের যে যোজন যোজন পার্থক্য, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উপমহাদেশের দলগুলোর তৎপরতার ঘাটতি ছিল না। সময় বাকি আর ১০ দিন। উপমহাদেশের চারটি দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে নিজেদের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে?
ভারতকে দিয়েই আলোচনা শুরু করা যাক। দলটি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। তাই হট ফেবারিট হিসেবেই এবারের বিশ্বকাপে পা রাখতে যাচ্ছে তারা। কিন্তু বিশ্বকাপের আগ দিয়ে তাদের যে ফর্ম, তাতে আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সবচেয়ে বেশি সময় পেয়েছে ভারত। সেই নভেম্বরে ধোনি-কোহলিরা পা রেখেছিলেন অস্ট্রেলিয়ায়। চারটি টেস্টের পর ভারত ত্রিদেশীয় সিরিজে খেলেছে চারটি ওয়ানডে। চার ওয়ানডেতেই মহেন্দ্র সিং ধোনির দল ছিল জয়হীন। স্বাভাবিকভাবেই ভারতের খেলা হয়নি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।
ভারত ১৯৯২ বিশ্বকাপের আগেও এমন সফর করেছিল অস্ট্রেলিয়ায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-০ ব্যবধানে হেরে সেবার বিশ্বকাপ শুরু করেছিল ভারত। বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র দুটি জয়ের বিপরীতে পাঁচটিতে হেরে নকআউট পর্বের অাগেই দেশের বিমান ধরতে হয়েছিল ভারতের। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের একটি ম্যাচ সেবার বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগি হয়েছিল।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েই নিউজিল্যান্ডে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু কিউদের বিপক্ষে লঙ্কানরা নিজেদের ‘নবিশে’র পর্যায়ে নিয়ে গেলেন। কী টেস্টে, কী ওয়ানডে—ম্যাককালাম-টেলর-উইলিয়ামসনরা লঙ্কানদের নিয়ে যেভাবে খেললেন, জয়াবর্ধানে-সাঙ্গাকারাদের সঙ্গে তা যায় না! শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ হারল ২-০ ব্যবধানে। আর সাত ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-২ ব্যবধানে। বোঝাই যাচ্ছে, কিউইদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে কতটা ব্যর্থ ছিল শ্রীলঙ্কা।
১৯৯২ বিশ্বকাপে ৮ ম্যাচে দুটি জয়ের বিপরীতে পাঁচটিতে হেরে নকআউট পর্বের অাগেই লঙ্কানদের বিদায়ের ঘণ্টা বেজেছিল। অবশ্য সেটি তাদের জন্য মোটেও অনভিপ্রেতও ছিল না। কিন্তু এবারের প্রেক্ষাপট নিশ্চয় ভিন্ন। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের কন্ডিশনে শ্রীলঙ্কার যে পারফরম্যান্স, তাতে শঙ্কার চোরা স্রোত সমর্থকদের মনে বয়ে যাওয়াটাই স্বাভাবিক।
২৩ বছর আগে এই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপেই কিন্তু নিজেদের সেরা সাফল্যটি পেয়েছিল পাকিস্তান। ইমরান খানের ‘কর্নারড টাইগার’রা সেবার খাদের কিনারা থেকেই জয় করেছিল বিশ্বকাপের গৌরব। কিন্তু এবার তাদের ইমরান খান নেই। মিসবাহ-উল-হকের দল এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে কত কী করতে পারবে, এনিয়ে সন্দিগ্ধ বলতে গেলে সবাই। সন্দেহটার উৎপত্তি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ঘিরেই। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডের সিরিজে ধবলধোলাই হওয়ায় ক্রিকেটপ্রেমীদের আশঙ্কা, দলটা বিশ্বকাপে কত দূর যেতে পারবে? ১৯৯২ বিশ্বকাপের দলটির সঙ্গে এবারের পাকিস্তান দলের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে সেবার দলটি ছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া। এবারের দলের অনেকই তরুণ, কেউবা প্রথম অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে।
বাংলাদেশের অবস্থা তো সবচেয়ে বেশি করুণ। উপমহাদেশের অন্য তিনটি দল বিশ্বকাপের আগে তা-ও যা একটু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে, বাংলাদেশ তো সেই সুযোগটাও পাচ্ছে না। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিশ্বকাপের আগে ওয়ানডে খেলার সুযোগ পাওয়া তো অনেক দূরের ব্যাপার, ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটেই যে অনুপস্থিত বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগে দলকে ব্রিসবেনে নিয়ে কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে, কিন্তু সেটা কি যথেষ্ট? ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনেক খেলোয়াড়ের যেখানে মেলবোর্ন, সিডনি, পার্থ, ব্রিসবেনের মতো ভেন্যুগুলোতে খেলার অভিজ্ঞতা আছে, সেখানে বাংলাদেশ কখনোই এই ভেন্যুগুলোয় পা রাখেনি। এর আগে ২০০৩ ও ২০০৮ সালের দুটি অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশকে খেলতে হয়েছিল ডারউইন ও কেয়ার্নসের মতো দুটি অখ্যাত ভেন্যুতে। নিউজিল্যান্ডের কন্ডিশনই যা একটু পরিচিত সাকিব, তামিম, মুশফিকদের। দুরূহ কন্ডিশনে এমন সীমিত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ কী করবে, সেটা না হয় তোলা থাকল সময়ের হাতেই। তবে আজ ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বেসরকারি প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হেরে সমর্থকদের কপালের ভাঁজ খানিকটা বাড়িয়েই দিয়েছেন মাশরাফি-সাকিবরা!
তবে এসবই আশঙ্কার কথা। শঙ্কা, সংকোচ ঝেড়ে ফেলে ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার গুণে উপমহাদেশীয় দলগুলো যদি বিশ্বকাপে দারুণ কিছু করে ফেলে, তাতে তো লাভ ক্রিকেটেরই। সাম্প্রতিক পারফরম্যান্স যদি উপমহাদেশের দলগুলোর চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তবে ১৯৯২ বিশ্বকাপ তাদের জন্য বড় প্রেরণাও বটে! সেবার তো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সামনে দিয়ে বিশ্বকাপটা কিন্তু এ অঞ্চলেই এসেছিল।