উপলক্ষটা রাঙিয়ে তুললেন মোস্তাফিজ-মিরাজরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরাজের (বাঁ থেকে দ্বিতীয়) হাতে দিমুথ করুনারত্নের ক্যাচ। অভিনন্দন জানাতে ছুটে এলেন সতীর্থরা। এই উইকেটটি মোস্তাফিজের। পরে মিরাজ নিজেও নিয়েছেন ২ উইকেট l এএফপি
মিরাজের (বাঁ থেকে দ্বিতীয়) হাতে দিমুথ করুনারত্নের ক্যাচ। অভিনন্দন জানাতে ছুটে এলেন সতীর্থরা। এই উইকেটটি মোস্তাফিজের। পরে মিরাজ নিজেও নিয়েছেন ২ উইকেট l এএফপি

প্রথম দিনের শেষে

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৩৮/৭

৮১তম ওভারের খেলা শেষ হতেই পশ্চিমের আকাশ কালো করে উড়ে এল মেঘ। কমে আসা আলোয় শেষ করে ফেলা গেল আরও দুটি ওভার। কিন্তু ৮৪তম ওভারের প্রথম বলটি করে সাকিব যখন ফিরছেন তাঁর বোলিং মার্কে, খেলা আর সম্ভব হলো না। মাঠে আঁধার ঘনিয়ে এসেছে। ভাগ্যিস, গ্রাউন্ডসম্যানরা ওর মধ্যেই বিদ্যুৎ গতিতে পিচসহ মাঠের মূল অংশটা ঢাকতে পেরেছিলেন।

যে ৮৩.১ ওভার খেলা হলো, তাতে প্রথম দিনটি বাংলাদেশের জন্য দারুণই গেছে। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটের ৪৩ রান নিয়ে প্রথম দিনে শ্রীলঙ্কার রান ২৩৮। বোলিংবান্ধব উইকেটে একমাত্র দুশ্চিন্তার কাঁটা দিনেশ চান্ডিমাল। গত দক্ষিণ আফ্রিকা সফরে কথা বলেনি তাঁর ব্যাট। কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচেই অপরাজিত ১৯০ রান করে বুঝিয়ে দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার স্মৃতি মুছে ঘুরে দাঁড়াতে চান। তা কীভাবেই না ঘুরে দাঁড়ালেন! মাত্রই আগের ইনিংসে অপরাজিত ফিফটি, এখানে অষ্টম সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দূরে। চান্ডিমালই কি বাংলাদেশের শততম টেস্টের উৎসবের আলো নিভিয়ে দেবেন? এক টেস্ট পরই আবার দলে ঢোকা সাব্বির রহমান সাংবাদিকদের জানিয়ে গেলেন, তাঁরা শেষ ৩টি উইকেট আজ দ্রুতই তুলে নিতে চান। শততম টেস্টে জিততে হলে এই ‘লেজের বাড়ি’ খাওয়া চলবে না! তারপর জয়ের তৃষ্ণাটাই দলকে নিয়ে যাবে সুন্দর সমাপ্তির দিকে।

মোসাদ্দেকের অভিষেক, মুমিনুলের জায়গায় ইমরুল, পেসার তাসকিনের বদলে বাঁহাতি স্পিনার তাইজুল, চোটে পড়া লিটনের বদলি সাব্বির—দলে বিস্ময়করভাবে চারটি বদল। তবে মুশফিকেরা মাঠে নেমেছিলেন দুর্দান্ত এক শরীরী ভাষা এঁকেই। প্রথম তিন ওভার শেষে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে শূন্য রান। তেজি উইকেটের দুই প্রান্ত থেকে দারুণ বোলিং করলেন মোস্তাফিজ ও শুভাশিস। প্রথম উইকেট তুললেন মোস্তাফিজ, করুণারত্নে মিরাজের হাতে গালিতে ক্যাচ। ওই মিরাজই পরে দারুণ দুটি বলে ফিরিয়ে দিয়েছেন কুশল মেন্ডিস ও উপুল থারাঙ্গাকে। ১৯৪ রান করে আগের টেস্টের ম্যাচসেরা মেন্ডিস স্টাম্পড মুশফিকের হাতে, সৌম্য স্লিপে ক্যাচ নিয়েছেন থারাঙ্গার। লাঞ্চের আগের ওভারে আসেলা গুনারত্নে শুভাশিসের এক দ্রুতগতির বলে এলবিডব্লু। ৬.৪ ওভারে ২২ রানের মধ্যে ৩ উইকেট নেই, লাঞ্চের সময় শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ৭০। কী যে দারুণ একটি সেশন বাংলাদেশের জন্য! এখান থেকেই পঞ্চম উইকেটে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানো, ধনঞ্জয় ডি সিলভাকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েছেন চান্ডিমাল। এই জুটিটির সঙ্গে অষ্টম উইকেটে চান্ডিমাল-হেরাথের ওই প্রতিরোধ এবং তিনটি রিভিউ নিয়ে শ্রীলঙ্কান তিন ব্যাটসম্যান বেঁচে না গেলে কী দিনটাই না হতো বাংলাদেশের!

এই ম্যাচ রিপোর্ট যখন লেখা হচ্ছে, স্টেডিয়ামের পাশের তালগাছগুলো জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে এক পায়ে। মাঠের কভারে জমে আছে পানি। প্রায় ৪৫ মিনিটের এই অঝোর বর্ষণ বাংলাদেশকে ভালো কিছু দেবে কি না, তা বলা যাবে আজ প্রথম সেশনে। স্যাঁতসেঁতে উইকেট মোস্তাফিজদের দিকে আরেকটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে খারাপ হয় না!

তবে বাংলাদেশের বোলারদের দিকে একটু বন্ধুভাবাপন্নই ছিল শ্রীলঙ্কার ব্যাটিং। বাজে শট খেলে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকভেলা ও দিলরুয়ান পেরেরা। খাটো লেংথের বল ভেবে পুল করতে গিয়ে ডি সিলভা বোল্ড তাইজুলের স্পিনে, রিভার্স সুইপ করতে গিয়ে ডিকভেলা সাকিবের বলে বোল্ড। মোস্তাফিজের অনেক বাইরের বলে কাট করতে গিয়ে সৌম্যর দ্বিতীয় ক্যাচ পেরেরা। ব্যাটসম্যানদের এমন দায়িত্বহীন ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শিবির রাগে গজগজ করছে। তা করুক। বাংলাদেশের তাতে কী? শততম টেস্টকে জয়ে রাঙাতে হলে প্রতিপক্ষের ও রকম ‘সাহায্য’ও একটু দরকার।

সকালটাই বাংলাদেশ দলের জন্য ছিল স্বপ্নের মতো। নীল ব্লেজার গায়ে নীল কার্পেটে পা রেখে শততম টেস্টের ভেন্যুতে নামলেন মুশফিকেরা। স্কুলের ছেলেরা তখন বাংলাদেশের মিনিয়েচার জাতীয় পতাকা উঁচিয়ে ধরলেন তাঁদের মাথার ওপর। গার্ড অব অনার! তারপর গলায় উঠল স্মারক পদক। দলের সবাই চেয়ারে বসে ঐতিহাসিক মুহূর্তটি ক্যামেরাবন্দী করলেন। আর তারপর মাঠে নেমেই এমন বোলিং-ফিল্ডিং। নীল রং নাকি বেদনার, যদিও প্রথম দিন শেষে শ্রীলঙ্কাকেই একটু নীল বেদনায় আক্রান্ত মনে হচ্ছে।

 একেবারেই প্রথম প্রহরে একটু শঙ্কা অবশ্য বাংলাদেশের ছিলই, যখন টসটা হারলেন মুশফিক। অধিনায়কের টসভাগ্যটা ভালো নয়। ৩০ বারের মধ্যে ১৮ বার টসে হেরেছেন, এই নিয়ে গত ছয় টেস্টে পাঁচবার। আর অনেক ক্ষেত্রেই যেখানে টসে হারাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আবারও এটাই না গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—এমন একটা ভয় ছড়িয়েছিল, মানে ছড়িয়ে পড়তে চাইছিল আরকি! তবে দিন শেষে মনে হচ্ছে, টসে হারাটা এক দিক দিয়ে ভালোও করেছে।

ভালো করতে হবে আজ দ্বিতীয় দিনে। বোলিংয়ের পরে ব্যাটিংয়েও। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, প্রথম দিনটা ভালো গেছে মুশফিকদের। কিন্তু কে জানে, এর মধ্যে ‘অন্য কিছু’ লুকিয়ে আছে কি না! শর্ট লেগে ফিল্ডিংয়ের সময় হেরাথের বলে বাঁ পায়ের পাতায় আবার একটু ব্যথা পেয়েছেন ইমরুল। এসব দুশ্চিন্তা বরং থাক। কে জানে, ক্রিকেট-বিধাতা শতকের স্মারক হিসেবে সান্তা ক্লজের মতো হয়তো জমিয়ে রেখেছে ভালো কোনো উপহার!