উপস্থাপিকার 'সংক্ষিপ্ত' পোশাক এবং আমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাশিম আমলা
হাশিম আমলা

গুঞ্জনটা হঠাৎ করেই ছড়িয়ে পড়ল। ঘটনাটা অবশ্য এখনকার নয়, মাস দু-এক আগের। দক্ষিণ আফ্রিকার ভারত সফরের সময়ের। একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন সেসময়ের দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাশিম আমলা। সে অনুষ্ঠানে গেলেও মঞ্চে ওঠেননি, চলেও এসেছিলেন সাক্ষাৎকার না দিয়ে। ওই অনুষ্ঠানের উপস্থাপিকা ‘সংক্ষিপ্ত’ পোশাক পরেছিলেন, এটাই নাকি কারণ! আমলা নাকি বলেছিলেন, ‘ভদ্রস্থ’ পোশাক পরে এলে তবেই তিনি সাক্ষাৎকার দেবেন!


আমলাকে ক্রিকেট বিশ্ব বরাবরই ধর্মপ্রাণ হিসেবেই জেনে এসেছে। এর আগে একবার নিজের জার্সিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পৃষ্ঠপোষক ক্যাসল বিয়ারের লোগোও লাগাতে দেননি। তবে এই গুঞ্জনটা একটু অবিশ্বাস্যই মনে হওয়ার কথা। ক্রিকেট খেলতে তো কম দেশে যাননি, নারী উপস্থাপিকাদের কাছেও অহরহ সাক্ষাৎকার দিয়েছেন। কই, কখনো তো এরকম কিছু শোনা যায়নি!

শেষ পর্যন্ত আমলা নিজেই মুখ খুললেন। নিজের টুইটার অ্যাকাউন্টে দাবি করেছেন, এটা একটা গুজব, পুরোপুরি ভিত্তিহীন, ‘ইন্টারনেটের ৯৫ শতাংশ জিনিসই বানোয়াট, এটা তো মনে হয় কমবেশি সবাই জানে। আমি কখনোই কোনো প্রতিবেদককে পোশাক নিয়ে কিছু বলিনি। একজন দক্ষিণ আফ্রিকান হিসেবে সব ধরনের বিশ্বাস ও সংস্কৃতির প্রতি আমার শ্রদ্ধা আছে। নিজের বিশ্বাস আমি কখনোই আরেকজনের ওপর চাপিয়ে দেব না।’ জি নিউজ।