উপেক্ষিত তিন বোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

আবদুর রাজ্জাক
শেষ বলার সময় আসেনি
তাহলে কি আরেকটা সূর্য ঢলে পড়ল পশ্চিমাকাশে?
দুই পক্ষ থেকেই প্রতিবাদ। আবদুর রাজ্জাক বলছেন, ‘প্রশ্নই ওঠে না। আমি অবসর নেওয়ার কথা একদমই ভাবছি না।’ রাজ্জাক-অধ্যায় শেষ বলে ঘোষণা করছেন না নির্বাচকেরাও। রাজ্জাক নাকি নির্বাচক কমিটির ‘রাডারে’ আছেন ভালোভাবেই।
সমস্যা হলো, গত কিছুদিন এর প্রমাণ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে। তা টেস্ট ক্রিকেটে রাজ্জাক যেহেতু কখনোই নিয়মিত হতে পারেননি, এটুকু বিরতি পড়তেই পারে। কিন্তু ওয়ানডে? এখানে তো বাংলাদেশের সর্বকালের সেরা বোলারদের মধ্যেই থাকবেন এই বাঁহাতি স্পিনার। অথচ গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে ওয়ানডেতেও তিনি ব্রাত্য। এরপর বিশ্বকাপের আগে-পরে জিম্বাবুয়ে ও পাকিস্তান সিরিজ গেল, সামনে ভারতের বিপক্ষে সিরিজ—প্রাথমিক দলেও রাজ্জাক নেই। পর পর এতগুলো সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশ দলে না থাকার অভিজ্ঞতা রাজ্জাকের এই প্রথম। সে কারণেই প্রশ্নটা উঠছে, ১২টি টেস্ট আর ১৫৩টি ওয়ানডেতেই কি শেষ তাঁর ক্যারিয়ার?
রাজ্জাক একদমই তা ভাবছেন না। বরং দলে ফেরার লড়াইটা চালিয়ে যাবেন বলেই জানিয়ে দিলেন, ‘আমি মনে করি, আমার সবচেয়ে ইতিবাচক দিক হলো আমি যেখানেই খেলি না কেন ভালো খেলার চেষ্টা করি। পাড়ার খেলায়ও যদি ভালো না খেলি, রাতে আমার ঘুম হয় না। আমি নিজের সন্তুষ্টির জন্য খেলি এবং সেভাবেই খেলে যাব। তারপর নির্বাচকেরা যদি কখনো প্রয়োজন মনে করেন, আমাকে ডাকবেন।’

ভারতের বিপক্ষে সিরিজের জন্য রাজ্জাককে বিবেচনায় না আনার একটা কারণ নাকি তাঁর ফর্ম। যদিও পরিসংখ্যান তা বলছে না। সর্বশেষ জাতীয় লিগে ৭ ম্যাচে ৪১ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার। চলতি বিসিএলে তো দুই ম্যাচে ১৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারিই! ফর্মের প্রসঙ্গে রাজ্জাকও হাসতে হাসতে এসব উদাহরণই টানলেন, ‘আমি তো দেখি সব টুর্নামেন্টে আমিই সর্বোচ্চ উইকেট পাচ্ছি! ফর্ম খারাপ কই?’

.
.

বাদ পড়ার আগে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা আসলেই ভালো যাচ্ছিল না। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রথম বোলার হিসাবে ওয়ানডেতে ২০০ উইকেট পেলেন। এর পর থেকেই শুরু দুঃসময়ের। ১২ ওয়ানডেতে উইকেট মাত্র ৭টি। কোনো ম্যাচেই ১ উইকেটের বেশি নেই। রাজ্জাকও মেনে নিচ্ছেন, আন্তর্জাতিক আঙিনায় সময়টা খারাপ যাচ্ছিল। তবে সেটিকে ক্রিকেটারদের জীবনের উত্থান-পতনের অংশ হিসাবেই দেখতে চান, ‘এটা সত্যি কথা, হয়তো শেষ কয়টা ম্যাচ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে আমি চেষ্টা করে যাব। আশা সব সময়ই থাকে। আর আমি এখন যে রকম খেলছি, তাতে আশা ছেড়ে দেওয়ার কোনো কারণ দেখি না।’
২০০৪ সালের জুলাইয়ে অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১১ বছর হয়ে গেল। বাংলাদেশের ক্রিকেটের ভালো-খারাপ দুই সময়েরই সাক্ষী রাজ্জাক নিজেও অনেক গৌরবের অংশ। অনেক অর্জনে তাঁরও আছে প্রত্যক্ষ ভূমিকা। তার পরও সাকিব-তামিম বা মুশফিকের মতো ‘তারকা’ হয়ে ওঠা হয়নি। বিজ্ঞাপনের বিলবোর্ডে ওঠে না তাঁর ছবি। এ নিয়ে রাজ্জাকের কোনো আফসোস আছে বলে অবশ্য মনে হয় না। হাসতে হাসতেই বলছিলেন, ‘কেন জানি, আমি সব সময় আড়ালে চলে যাই। আমি যতবার ৫ উইকেট পেয়েছি, ততবারই কিন্তু আমরা জিতেছি। তারপরও আমি আলোচনায় আসিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার আমি দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেলাম। অথচ রফিক ভাই ১০ ওভারে ১৪ রান দিয়েছেন, পরদিন সেটা নিয়েই পত্রপত্রিকায় তুমুল আলোচনা।’
সিনেমার রাজ্জাক এখনো ‘নায়করাজ’। ক্রিকেটার রাজ্জাকের হয়তো সে রকম ‘সুপারহিরো’ হয়ে ওঠার আর সুযোগ নেই। সেটার দরকারও কি আছে? বাংলাদেশের ক্রিকেটে এমনিতেই যে একটা অদৃশ্য অবস্থান তৈরি করে নিয়েছেন, রাজ্জাকের সবচেয়ে বড় অর্জন তো সেটাই। নির্বাচকেরা তো আর শুধু শুধু এখনো তাঁর অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করছেন না।
সোহাগ গাজী

সোহাগ গাজী
সোহাগ গাজী

আশা ছিল এবার ফিরবেন
বিসিএলের শেষ ম্যাচ ২৪ মে থেকে। তার আগে দুই-তিন দিনের জন্য পটুয়াখালী গেছেন। পরশু রাতে সেখানে বসেই ইন্টারনেটের মাধ্যমে জেনেছেন, ভারত সিরিজের ২৩ সদস্যের দলে তাঁর না-থাকার খবরটি। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে দলের বাইরে থাকা সোহাগ গাজী আশায় ছিলেন ভারত সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার। সেটা আর হলো না।
‘আমি একজন খেলোয়াড়...আমার আর কী বলার থাকতে পারে! নির্বাচকেরা যেটা ভালো বুঝেছেন, করেছেন। তাঁদের নিশ্চয়ই কাউকে নিয়ে কোনো পরিকল্পনা আছে। আমি আমার কাজ করতে থাকি। বাকিটা আল্লাহর ইচ্ছা’—পটুয়াখালী থেকে মুঠোফোনে সতর্ক প্রতিক্রিয়া জানালেন সোহাগ। তা ব্যাট হাতে সম্প্রতি নিজের কাজটা ভালোই করেছেন। দক্ষিণাঞ্চলের হয়ে বিসিএলের সর্বশেষ দুই ম্যাচেই সেঞ্চুরি। কিন্তু আসল যে পরিচয়, সেই বোলারের ভূমিকায় দুই ম্যাচে মাত্র ৫ উইকেট।
কম উইকেট পাওয়ার একটা ব্যাখ্যা অবশ্য দেওয়ার চেষ্টা করলেন সোহাগ, ‘উইকেট বেশি না পেলেও আমি আমার বোলিং সঙ্গী রাজ্জাক ভাইকে সাহায্য করেছি। উইকেটের কথা না ভেবে দলের জন্য খেলেছি। তবে হতে পারে নির্বাচকদের দৃষ্টিতে উইকেটটাই বড়।’
২৩ জনের প্রাথমিক স্কোয়াডে না থাকাটা সোহাগের দৃষ্টিতে দুর্ভাগ্যজনক। এটা যেন চিড় ধরিয়ে দিচ্ছে তাঁর আত্মবিশ্বাসেও, ‘এসব স্কোয়াডে সুযোগ পাব, এমন আশা নিয়েই থাকি। না থাকলে খুব খারাপ লাগে। মনে হয়, আমার কথা হয়তো নির্বাচকদের মনে নেই, আমি অনেক দূরে সরে গেছি, বুঝি এক শ জনেরও পেছনে চলে গেলাম!’
সেই দিনগুলোকে কি তাহলে স্বপ্ন মনে হয় সোহাগের! আন্তর্জাতিক ক্রিকেটে কী সাড়া জাগিয়েই না তাঁর আবির্ভাব! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টেই ৬ উইকেট, দুই ইনিংস মিলিয়ে ৯টি। ৪ উইকেট ছিল অভিষেক ওয়ানডেতেও। ২০১৩ সালের অক্টোবরে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করে তো বিশ্ব রেকর্ডই করে ফেললেন।
অথচ এই সোহাগই গত বছরের ফেব্রুয়ারির পর থেকে আর টেস্ট দলে নেই। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর খেলেননি ওয়ানডেও। মাঝে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও সেটা শুধরে কার্ডিফ থেকে নিয়ে এসেছেন ছাড়পত্র। গত জাতীয় লিগের শেষ দিকের ম্যাচগুলোতে বল করেছেন নতুন অ্যাকশনে। তারপরও ৬ ম্যাচে পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ২৮ উইকেট।
সোহাগের দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ায় সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে আরও কিছু বিষয়ের ভূমিকাও আছে বলে শোনা যায়। অনুশীলনে কষ্ট করতে চান না, ফিটনেস নিয়ে উদাসীন, কখনো কখনো কোচের কথারও অবাধ্য হন। যদিও সোহাগ উড়িয়ে দিলেন সব অভিযোগই, ‘খেলা তো আমার পেশা। এটা নিয়ে আমি ইয়ার্কি-ফাজলামি করব কেন? এসব কথা ঠিক নয়। একজন মানুষের সামর্থ্য কতটুকু জানি না, তবে আমি আমার সামর্থ্যের এক শ ভাগ দিয়েই সবকিছু করার চেষ্টা করি।’
জাতীয় দলে আবার সুযোগ পেলে আবারও সেটাই করবেন—নতুন অপেক্ষার শুরুতে এই প্রতিশ্রুতিই দিচ্ছেন সোহাগ।

আল আমিন
আল আমিন

আল আমিন
‘নীরব নিষেধাজ্ঞা’র শিকার?
ওয়েস্ট ইন্ডিজ সফরে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল। চেন্নাইয়ের পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে পাস করলেন। সেই ‘জয়’ নিয়ে গেলেন বিশ্বকাপে। কিন্তু এবার জড়ালেন ‘নৈশবিহার’ বিতর্কে। শৃঙ্খলাভঙ্গের অপবাদ মাথায় নিয়ে ফিরে আসতে হলো দেশে। এরপর থেকেই চলছে জাতীয় দলে ফেরার সংগ্রাম, যে সংগ্রাম শেষ হচ্ছে না আসন্ন ভারত সিরিজেও।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে দর্শক হয়ে থেকেছেন। গত পরশু ঘোষিত ভারত সিরিজের ২৩ সদস্যের প্রাথমিক দলেও নেই পেসার আল আমিন হোসেন! বিশ্বকাপের আগেও যাঁকে নিয়ে উচ্ছ্বাস ছিল প্রধান নির্বাচক ফারুক আহমেদের কণ্ঠে, তাঁর ভাষায় যিনি কিনা আগের এক বছরে বাংলাদেশের সবচেয়ে ‘সেনসেশনাল বোলার’, সেই আল আমিন মাঝে কী এমন খারাপ খেললেন যে তাঁকে প্রাথমিক দলেও রাখা গেল না!
শাস্তি মাথায় নিয়ে দেশে ফিরে আসায় বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওয়ানডে দুটিতেই বেশ ভালো করেছেন। সর্বশেষ দুটি ম্যাচ খেলেছেন বিসিএলে। শেষ ম্যাচের দুই ইনিংসে উইকেটশূন্য থাকলেও দক্ষিণাঞ্চলের হয়ে এর আগের ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন।
আল আমিনের বাদ পড়ার কারণ হিসেবে সাম্প্রতিক পারফরম্যান্সের অজুহাত দিলে সেটা ধোপে টিকবে না আরও একটা কারণে—২৩ জনের দলে যে শফিউল ইসলামও আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ চার ওয়ানডেতেই তাঁর কোনো উইকেট নেই। খেলেননি বিসিএলের কোনো ম্যাচও। গত বছরের নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে অবশ্য ৪ উইকেট পেয়েছিলেন। শফিউলের ক্ষেত্রে যদি সেটাই সাম্প্রতিক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হতে পারে, আল আমিনের ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স কেন নয়?
নির্বাচকেরা সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বললেও আল আমিনের ২৩ জনের দলে না থাকার আসল কারণ কি তাহলে অন্য কিছু? খোঁজখবর নিয়ে সে রকমই আভাস পাওয়া গেছে। বিশ্বকাপের ঘটনার পর কোচ চন্ডিকা হাথুরুসিংহের আশঙ্কা, আল আমিন থাকলে সেটি হবে দলের জন্য বাড়তি একটা ‘ঝামেলা’। বিশ্বকাপে আইসিসির দুর্নীতি দমন বিভাগ আকসু জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে। ব্রিসবেনে একা হোটেল থেকে বেরিয়ে গিয়ে অনেক রাতে হোটেলে ফেরার ঘটনাও আকসুর লোকজনই জানিয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। আল আমিনকে দেশে ফেরত পাঠানোর সময় তাঁর বিরুদ্ধে আকসুর সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছিল। এখনো তা-ই বলা হচ্ছে। তবে একটি সূত্র জানিয়েছে, এমন একটা ধারণা আছে যে, একবার যেহেতু তাঁর ওপর আকসুর চোখ পড়েছে, দলে এলে নিশ্চয়ই তাঁকে চোখে চোখে রাখা হবে। সেটার প্রভাব পড়তে পারে পুরো দলের ওপরই।
তাহলে কি আল আমিন ‘নীরব নিষেধাজ্ঞা’র কবলে?