উমর তাঁকে খারাপ খেলতে বলেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমর জুলকারনাইনকে ইচ্ছা করেই খারাপ খেলতে বলেছিলেন। ছবি: টুইটার
উমর জুলকারনাইনকে ইচ্ছা করেই খারাপ খেলতে বলেছিলেন। ছবি: টুইটার

জুলকারনাইন হায়দারকে মনে আছে? পাকিস্তানের সেই উইকেটকিপার ব্যাটসম্যান, যিনি ২০১০ সালের নভেম্বরে পাকিস্তান ক্রিকেট দল ছেড়ে দুবাই থেকে পালিয়েছিলেন জীবনের ভয়ে। লন্ডনে গিয়ে চেয়েছিলেন রাজনৈতিক আশ্রয়।

জুলকারনাইন অভিযোগ করেছিলেন, ইচ্ছা করে ম্যাচ হারার জন্য প্রচণ্ড চাপের মুখে আছেন তিনি। হুমকি–চাপ সহ্য করতে না পেরেই তিনি পাকিস্তান দল ত্যাগ করেছেন। পাকিস্তানের এই উইকেটরক্ষক–ব্যাটসম্যান অবশ্য সে সময় বিচার পাননি। উল্টো পাকিস্তান সরকার ক্ষুব্ধ হয়েছিল তাঁর ওপর। পাকিস্তান ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের দাবি ছিল জুলকারনাইন মানসিকভাবে কিছুটা অসুস্থ।
ব্যাপারটা অনেকেই হয়তো ভুলে গেছেন। কিন্তু উমর আকমল–ইস্যুতে আবারও মুখ খুললেন জুলকারনাইন। তিনি জানিয়েছেন, ইচ্ছা করে খারাপ না খেলায় তাঁকে রীতিমতো হুমকিই দিয়েছিলেন সদ্য নিষিদ্ধ উমর আকমল, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে উমর ইচ্ছা করে খারাপ খেলতে বলেছিল আমাকে। আমি প্রত্যাখ্যান করলে সে আমাকে হুমকি দেয়।'
২০১০ সালের ২ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সে ম্যাচে পাকিস্তান হেরে যায় ২ রানে। পানি পানের বিরতির সময় মাঠে এসে উমর খারাপ খেলার জন্য বলেন বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার, 'সিরিজের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেটি। আমি ব্যাটিংয়ে ছিলাম। উমর আকমল আমাদের জন্য পানির বোতল নিয়ে মাঠে ঢুকল। তখনই সে আমাদের বাজে খেলার কথা বলে। আমি তখন তাঁকে বলি, তোমার যে কাজ সেটি করে চলে যাও। আমি ম্যাচ শেষে সেটি টিম ম্যানেজমেন্টকেও জানাই।'
খারাপ না খেলার জন্য প্রচুর হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন জুলকারনাইন, 'আমি হুমকি পেতে পেতে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। চাপ নিতে পারছিলাম না। তাই দল ছেড়ে লন্ডনে চলে যাই।'