উল্টে-পাল্টে যাচ্ছে ভারতীয় বোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানো হচ্ছে, এর প্রথম প্রমাণ পাওয়া যায় ২০১৩ সালে। এ ছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডে নানা অনিয়ম ও বিশৃঙ্খলা তো চলছিলই। এসব মাথায় রেখেই গঠিত হয়েছিল লোধা কমিশন। সাবেক প্রধান বিচারপতি আর এম লোধাকে নিয়ে তিন সদস্যের এই কমিশন সমস্যা থেকে সংকট উত্তরণে কিছু সুপারিশ দিয়েছিল। কিন্তু এর বিরুদ্ধে আপিল করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট লোধা কমিশনের সুপারিশ মেনে চলারই নির্দেশ দিয়েছেন বিসিসিআইকে। কমিশনের সুপারিশ মেনে পরিবর্তনগুলো কার্যকর করার জন্য ছয় মাস সময় দিয়েছেন সর্বোচ্চ আদালত। এতে খোলনলচেই পাল্টে যেতে পারে ভারতীয় ক্রিকেটের।
গত জানুয়ারিতে চমকে দেওয়ার মতো অনেক পরামর্শ দিয়েছিল লোধা কমিশন। আন্তর্জাতিক ক্রিকেটের ওভার বিরতিতে যেন বিজ্ঞাপন দেখানো না হয়, সে সুপারিশও ছিল। ক্রিকেটে বাজি ধরাকে বৈধতা দেওয়ার পরামর্শও ছিল সে রিপোর্টে, ছিল বিসিসিআইয়ের ক্ষমতা খর্ব করার পরামর্শও।
বিসিসিআই স্বাভাবিকভাবেই পরামর্শগুলো মেনে নিতে পারেনি। সর্বোচ্চ আদালতে আপিল করা হয়েছিল এই আশাতেই যে লোধা কমিশনের এই সুপারিশ বাতিল হয়ে যাবে। কিন্তু আজ সর্বোচ্চ আদালত লোধা কমিশনের অধিকাংশ সুপারিশের পক্ষেই অবস্থান ঘোষণা করলেন।

লোধা কমিশনের উল্লেখযোগ্য সুপারিশ :
* মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা বিসিসিআইয়ের সদস্য হতে পারবেন না।
* প্রধান নিরীক্ষকের (সিএজি) মনোনীত একজন প্রতিনিধি থাকবেন বিসিসিআইয়ে। বিসিসিআইয়ে সত্তরোর্ধ্ব কোনো কর্মকর্তা থাকতে পারবেন না।
* রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোট একটি। মহারাষ্ট্র এবং গুজরাটের মতো রাজ্য যাদের একাধিক ক্রিকেট সংস্থা আছে, তারা পর্যায়ক্রমে ভোটাধিকার পাবে।
* বোর্ডে খেলোয়াড়দের একটি সংগঠন থাকা উচিত।
* প্রশাসনে এক ব্যক্তি একটির বেশি পদে থাকতে পারবেন না।
* বোর্ডের কার্যকলাপ ও এর তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে। এটি অবশ্য হবে আইনসভার সিদ্ধান্ত সাপেক্ষে।
* ভারতে ক্রিকেট নিয়ে বাজি ধরাকে বৈধতা দেওয়া হোক। এটিও হবে আইনসভার সিদ্ধান্তে।