উল্টো লুৎফরের 'দুঃখপ্রকাশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃখ প্রকাশ করলেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান। ফাইল ছবি
দুঃখ প্রকাশ করলেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান। ফাইল ছবি

প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়ানোর পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়ে আসছেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান। বিশেষ করে ৪ ডিসেম্বর তাঁর কিছু মন্তব্যের পর দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয় উত্তেজনা। এখন পুরো বিষয়টির অবসান চেয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের মন্তব্যের জন্য ‘দুঃখ প্রকাশ’ করেছেন লুৎফর।
লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার বলেন, ‘চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগে আমার দল মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের বৈষম্যের শিকার হওয়ায় গত ৪ ডিসেম্বর বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমির বিপক্ষে গুরত্বপূর্ণ ম্যাচ শেষে তাৎক্ষণিক উত্তেজনায় আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশকিছু মন্তব্য ও প্রতিক্রিয়া জানিয়েছি। আমার সেই মন্তব্য ও প্রতিক্রিয়ায় ক্রিকেট অঙ্গনের কেউ যদি দুঃখ ও কষ্ট পেয়ে থাকেন, তবে সেদিনের সেই আবেগপ্রবণ মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করছি, আমার এই দুঃখ প্রকাশের মধ্য দিয়ে ক্রিকেটাঙ্গনে চলতি সব ধরনের উত্তেজনা ও ব্যক্তিকেন্দ্রিক বিদ্বেষের অবসান ঘটবে।’
গত ২৯ নভেম্বর লুৎফর মাঠ, আম্পায়ারসহ বহু অভিযোগ-সংবলিত একটি চিঠি পাঠান বোর্ড সভাপতিকে। এরপর প্রাইম ব্যাংকের কাছে হারের পর রীতিমতো ফুঁসে ওঠেন তিনি। বোর্ডের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের কর্ণধার হুমকি দেন ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার। ঘটনা প্রবাহিত হয় ভিন্ন দিকে। তাঁর বিরুদ্ধে উত্তাল হয় বিসিবি প্রাঙ্গণ। গতকাল তাঁর বিরুদ্ধে দেওয়া হয় আক্রমণাত্মক ও অশালীন স্লোগান। স্টেডিয়াম প্রাঙ্গণ ছেয়ে যায় প্রকাশ–অযোগ্য নানা ব্যানারে।
লুৎফর বিজ্ঞপ্তিতে জানালেন, ‘৪ ডিসেম্বর আমার সেই মন্তব্যে পর দেশের ক্রিকেটাঙ্গনে সম্প্রতি বেশকিছু বিবৃতি-পাল্টা বিবৃতি দেয়ার ঘটনা ঘটেছে, যা উভয় পক্ষের জন্যই সম্মানহানিকর। এসব মোটেও ক্রিকেটীয় চেতনার সঙ্গে মানানসই নয়। আশা করব, সেদিনের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশের পর এখন সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার অবসান হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আরও আশা করব, ঘরোয়া ক্রিকেটে সব দলের প্রতি একই নিয়ম বহাল থাকবে।’ এছাড়া বোর্ড সভাপতিকে আহ্বান করেন উদ্ভূত পরিস্থিতে ইতিবাচক ভূমিকা রাখতে, ‘নাজমুল হাসান বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক। আমার ক্রিকেট চেতনা তিনি অনুধাবন করতে পারবেন। আশা করি, আমার এই লিখিত বিবৃতির মধ্য দিয়ে সাম্প্রতিক সমস্যার সমাধানে তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেন।’